
মোজাম্মেল হক, বীরগঞ্জ (দিনাজপুর) : দিনাজপুরের বীরগঞ্জ উপজেলার ঐতিহ্যবাহী ডাক্তারখানার মাঠ পরিদর্শন করেছেন দিনাজপুর জেলা পরিষদের চেয়ারম্যান অ্যাডভোকেট মোফাজ্জল হোসেন দুলাল এবং দিনাজপুর-১ আসনের সংসদ সদস্য আলহাজ্ব মোঃ মনজুরুল ইসলাম এমপি।

সোমবার (১৮ মে) দুপুরে তারা মাঠের সার্বিক অবস্থা ঘুরে দেখেন এবং স্থানীয়দের সঙ্গে বিভিন্ন বিষয় নিয়ে মতবিনিময় করেন। এ সময় মাঠের উন্নয়ন, সংরক্ষণ এবং ভবিষ্যৎ পরিকল্পনা নিয়ে আলোচনা করা হয়।
জেলা পরিষদের চেয়ারম্যান অ্যাডভোকেট মোফাজ্জল হোসেন দুলাল বলেন, “ডাক্তারখানার মাঠ বীরগঞ্জের মানুষের জন্য একটি গুরুত্বপূর্ণ ও ঐতিহ্যবাহী স্থান। এটি মানুষের বিনোদন ও স্বস্তির জায়গা হিসেবে গড়ে তোলা সম্ভব। মাননীয় সংসদ সদস্যের নেতৃত্বে জনসাধারণকে সঙ্গে নিয়ে এ বিষয়ে একটি ইতিবাচক সিদ্ধান্ত বাস্তবায়ন হবে বলে আশা করছি।”

তিনি আরও বলেন, “এখানে কিছু জটিলতা রয়েছে। তবে ইউএনও, এসিল্যান্ড এবং সংশ্লিষ্ট প্রশাসনের আন্তরিক সহযোগিতায় জায়গাটি দ্রুত উদ্ধার করে একটি সুন্দর পার্ক নির্মাণ করা হবে।”

এ সময় তিনি বীরগঞ্জে একটি ডাকবাংলো নির্মাণের প্রয়োজনীয়তার কথাও তুলে ধরেন। তিনি জানান, দিনাজপুরের ১৩টি উপজেলার মধ্যে এখনো বীরগঞ্জ ও ঘোড়াঘাট উপজেলায় ডাকবাংলো নেই। এ বিষয়ে ইতোমধ্যে ডিও লেটার প্রদান করা হয়েছে এবং দ্রুত বাস্তবায়নের আশাবাদ ব্যক্ত করেন তিনি।
তিনি বলেন, “ডাকবাংলো নির্মাণ হলে দূর-দূরান্ত থেকে আসা মানুষ, চাকরিজীবী, রাজনৈতিক ব্যক্তিবর্গসহ বিভিন্ন শ্রেণি-পেশার মানুষ উপকৃত হবেন। বীরগঞ্জবাসীর স্বার্থে জেলা পরিষদ ও উপজেলা পরিষদ সর্বাত্মক সহযোগিতা করবে।”
পরিদর্শনকালে উপস্থিত ছিলেন বীরগঞ্জ উপজেলা নির্বাহী অফিসার সুমা খাতুন, সহকারী কমিশনার (ভূমি) দীপংকর বর্মন, বীরগঞ্জ থানার অফিসার ইনচার্জ সাইফুল ইসলাম, পৌর বিএনপির সভাপতি আলহাজ্ব মো. আমিরুল বাহার, জেলা বিএনপির উপদেষ্টা মো. রেজওয়ানুল ইসলাম রিজু, পৌর বিএনপির সাধারণ সম্পাদক আমিরুল ইসলাম সেনাসহ স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গ।
