
মোঃ সাইফুর রশিদ চৌধুরী : সরকারের নির্বাচনী ইশতেহার বাস্তবায়নের অংশ হিসেবে দেশব্যাপী শুরু হওয়া “৫ বছরে ২৫ কোটি বৃক্ষরোপণ” কর্মসূচির ছোঁয়া লেগেছে গোপালগঞ্জেও। গতকাল শনিবার (১৩ জুন) গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের মাননীয় প্রধানমন্ত্রী তারেক রহমান, এমপি কক্সবাজার জেলার ডুলাহাজারা সাফারি পার্কে কেন্দ্রীয়ভাবে এই মেগা কর্মসূচির শুভ উদ্বোধন করেন।

এর ধারাবাহিকতায় গোপালগঞ্জ জেলার প্রতিটি উপজেলা, ইউনিয়ন ও ওয়ার্ডের বিভিন্ন স্থানে একযোগে বৃক্ষরোপণ কর্মসূচির উদ্বোধন করা হয়।
গোপালগঞ্জ জেলা পর্যায়ের মূল কর্মসূচিতে উপস্থিত ছিলেন গোপালগঞ্জ-২ আসনের মাননীয় সংসদ সদস্য কে এম বাবর, জেলা প্রশাসক ও জেলা ম্যাজিস্ট্রেট আরিফ-উজ-জামান, পুলিশ সুপার হাবীবুল্লাহ এবং জেলা পরিষদের প্রশাসক শরীফ রফিকউজ্জামান।

এছাড়াও অনুষ্ঠানে জেলা প্রশাসনের অন্যান্য কর্মকর্তাবৃন্দ, সংশ্লিষ্ট বিভিন্ন সরকারি-বেসরকারি দপ্তরের প্রধানগণ এবং প্রিন্ট ও ইলেকট্রনিক মিডিয়ার সাংবাদিকবৃন্দ উপস্থিত ছিলেন।

জেলা পর্যায়ের উদ্বোধনী অনুষ্ঠানে বক্তারা বলেন, শুধু বৃক্ষরোপণ করলেই চলবে না, আগামী ৫ বছরে ২৫ কোটি বৃক্ষরোপণ কর্মসূচির সফল বাস্তবায়নের পাশাপাশি রোপিত প্রতিটি বৃক্ষের যথাযথ রক্ষণাবেক্ষণ, সংরক্ষণ ও পরিচর্যা নিশ্চিত করতে হবে। সরকারের পরিবেশ সংরক্ষণ ও জলবায়ু সহনশীল উন্নয়ন লক্ষ্যমাত্রা অর্জনে সমাজের সকলকে সমন্বিতভাবে কাজ করার আহ্বান জানান অতিথিরা।
অনুষ্ঠানে আরও উল্লেখ করা হয়, এই বিশাল কর্মসূচির মূল লক্ষ্য হচ্ছে দেশের বনজ সম্পদ বৃদ্ধি করা, পরিবেশের ভারসাম্য রক্ষা, জীববৈচিত্র্য সংরক্ষণ এবং একটি টেকসই ও সবুজ বাংলাদেশ বিনির্মাণ করা। এই লক্ষ্য পূরণে সংশ্লিষ্ট সকল দপ্তর, সামাজিক সংগঠন এবং সর্বস্তরের জনগণের সক্রিয় অংশগ্রহণ ও আন্তরিক সহযোগিতার ওপর বিশেষভাবে গুরুত্বারোপ করা হয়।
উপজেলা ও ইউনিয়ন পর্যায় থেকে পাওয়া খবরে জানা গেছে, আজ দুপুরের পর থেকেই জেলার প্রত্যন্ত অঞ্চলের বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠান, ধর্মীয় উপাসনালয় এবং রাস্তার পাশে চারা রোপণের মাধ্যমে সর্বস্তরের মানুষ এই সবুজ বিপ্লবের অংশীদার হতে শুরু করেছেন।
