
সরিষাবাড়ী (জামালপুর) প্রতিনিধি : জামালপুরের সরিষাবাড়ীতে ধর্ষণের বিচার চেয়ে সংবাদ সম্মেলন করেছে ভুক্তভোগী পরিবার। দুপুরে উপজেলার ভাটারা ইউনিয়নের ধোপাদহ গ্রামের নিজ বাড়ীতে এ সংবাদ সম্মেলন অনুষ্ঠিত হয়।

সংবাদ সম্মেলনে লিখিত বক্তব্যে ভুক্তভোগীর চাচা সুমন শেখ বলেন, গত ২১ শে মে বৃহস্পতিবার সন্ধ্যা ৭ টার দিকে আমার ভাতিজীকে নাহিদ ও তাদের সঙ্গীরা জোরপূর্বক ভাবে ভাটারা বাজারের উত্তরপার্শ্বে বিলপাড় নামক স্থানে নির্জন ঘরে নিয়ে যায়। পরে নাহিদ আমার ভাতিজীকে জোরপূর্বকভাবে, ভয়ভীতি দেখিয়ে ধর্ষণ করে। পরে তার ইচ্ছার বিরুদ্ধে ভয়ভীতি দেখিয়ে নিকাহ নামায় স্বাক্ষর নেয়। স্বাক্ষর নেওয়ার পর নাহিদ শিমলা বাজার ইস্পাহানী আবাসিক এলাকাতে ভাড়াকৃত বাসার একটি কক্ষে আটকে রাখে।
পরে নাহিদ আমার ভাতিজীকে তার ইচ্ছার বিরুদ্ধে টানা ২ দিন একাধিকবার ধর্ষণ করে। উক্ত বিষয়ে কাউকে না বলার জন্য ভয়ভীতি দেখিয়ে আমাদের বাড়ীর পাশে ফেলে যায়। বিষয়টি জানার পর মেয়ের মা রোখসানা বাদী হয়ে ২৫ মে সরিষাবাড়ী থানায় একটি ধর্ষণ মামলা দায়ের করেন।

মামলা দায়ের করার পর থেকে নাহিদসহ তাদের লোকজন আমাদেরকে বিভিন্নভাবে মামলা উঠিয়ে নেওয়ার জন্য চাপ সৃষ্টি করাসহ প্রতিনিয়ত প্রাণনাশের হুমকি-ধামকি দিচ্ছে। আমার ভীতিজীকে ধর্ষণকারী নাহিদসহ সকল আসামীদের আইনের আওতায় এনে দৃষ্টান্তমুলক শাস্তির জন্য প্রশাসনের প্রতি জোর দাবী জানাচ্ছি।

