
মো হাবিবুর রহমান (ব্রাহ্মণবাড়িয়া) : মহান মুক্তিযুদ্ধের বীর সেনানী, ব্রাহ্মণবাড়িয়া পৌরসভার ১নং ওয়ার্ডের বাসিন্দা বীরমুক্তিযোদ্ধা মো ইব্রাহীম আর নেই।

বার্ধক্যজনিত কারণে দীর্ঘদিন অসুস্থ থাকার পর গত বুধবার ২২ জুলাই ২৬ইং বিকাল ৪ ঘটিকার সময় পৌরসভার পশ্চিম মেড্ডা নিজ বাসভবনে শেষ নিঃশ্বাস ত্যাগ করেন (ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন)।
মৃত্যুকালে তার বয়স হয়েছিল ৮২ বছর। গতকাল বৃহস্পতিবার সকাল ১০টায় শেরপুর কেন্দ্রীয় করবস্থান সংলগ্ন ঈদগাহ মাঠে তার জানাজা অনুষ্ঠিত হয়।

জানাজা শেষে রাষ্ট্রীয় মর্যাদায় শেরপুর কেন্দ্রীয় করবস্থানে দাফন করা হয় এবং ব্রাহ্মণবাড়িয়া জেলা প্রশাসনের পক্ষ থেকে সহকারী কমিশনার ভূমি জনাব নাছরিনের নেতৃত্বে তাকে গার্ড অব অনার দেওয়া হয়।

এ সময় জেলা প্রশাসন, স্থানীয় জনপ্রতিনিধি, বীর মুক্তিযোদ্ধা, রাজনৈতিক ও সামাজিক সংগঠনের নেতৃবৃন্দ, আত্মীয়-স্বজনসহ বিভিন্ন শ্রেণি-পেশার বিপুলসংখ্যক মানুষ উপস্থিত থেকে তাঁকে শেষ শ্রদ্ধা জানান। মো ইব্রাহীম মহান মুক্তিযুদ্ধে অংশ নিয়ে দেশের স্বাধীনতা অর্জনে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখেন।
স্বাধীনতার পর তিনি একজন সৎ, আদর্শবান ও সমাজহিতৈষী ব্যক্তি হিসেবে জীবন যাপন করে যান। ব্যক্তিজীবনে তিনি ছিলেন বিনয়ী, সদালাপী ও মানবিক গুণাবলির অধিকারী।
মৃতুু্যর সময় তিনি ২ ছেলে ও ২ মেয়ে সহ অসংখ্য গুণগ্রাহী রেখে যান। বীরমুক্তিযোদ্ধা মো ইব্রাহীমের গ্রামের বাড়ি ব্রাহ্মণবাড়িয়া জেলার সরাইল উপজেলার পাকশিমুল ইউনিয়নের তেলিয়াকান্দি গ্রামে।
