
সাঁথিয়া (পাবনা) প্রতিনিধি : পাবনার সাঁথিয়া পৌরসভাধীন আফতাবনগর জামে মসজিদে এমপির ইমামতি নিয়ে সংঘর্ষের ঘটনায় সকালে উপজেলা বিএনপির সংবাদ সম্মেলনের প্রতিবাদে বিকেলে উপজেলা জামায়াতের উদ্যোগে বিক্ষোভ মিছিল ও প্রতিবাদ সমাবেশ অনুষ্ঠিত হয়েছে।

মঙ্গলবার (২৮জুলাই) বিকেলে সাঁথিয়া উপজেলা জামায়াতে ইসলামীর আমির মাওলানা মোখলেসুর রহমানের নেতৃত্বে একটি বিক্ষোভ মিছিল বের করেন। মিছিলটি পৌর এলাকার বিভিন্ন সড়ক প্রদক্ষিণ করে সাঁথিয়ার গুরুত্বপূর্ণ স্থান তিনমাথা মোড়ে গিয়ে শেষ হয়। পরে সেখানে সংক্ষিপ্ত প্রতিবাদ সমাবেশ অনুষ্ঠিত হয়।
সমাবেশে বক্তারা অভিযোগ করেন, আফতাবনগর জামে মসজিদে ইমামতির বিষয়কে কেন্দ্র করে সৃষ্ট অনাকাঙ্ক্ষিত ঘটনার পর বিএনপির পক্ষ থেকে যে সংবাদ সম্মেলন করা হয়েছে, তা সম্পূর্ণ ভিত্তিহীন ও উদ্দেশ্যপ্রণোদিত। তারা দাবি করেন, প্রকৃত ঘটনাকে ভিন্নখাতে প্রবাহিত করে জামায়াতের ভাবমূর্তি ক্ষুণ্ন করার অপচেষ্টা চলছে।

বক্তারা আরও বলেন, মসজিদের মতো পবিত্র স্থানে সংঘটিত ঘটনাকে রাজনৈতিকভাবে ব্যবহার করা কোনোভাবেই গ্রহণযোগ্য নয়। তারা সংশ্লিষ্ট ঘটনার সুষ্ঠু তদন্তের মাধ্যমে প্রকৃত দোষীদের চিহ্নিত করে আইনগত ব্যবস্থা গ্রহণের জোড় দাবি জানান।

সংক্ষিপ্ত সমাবেশে বক্তব্য রাখেন, উপজেলা জামায়াতের সেক্রেটারি সহকারী অধ্যাপক আনিসুর রহমান,মহিলা কলেজের সাবেক অধ্যক্ষ জামায়াত নেতা আব্দুল মালেক, পৌর আমীর মাও: আব্দুল গফুর, শ্রমিক কল্যান ফেডারেশনের সভাপতি মোস্তফা কামাল মানিক,উপজেলা জামায়াতের সুরা সদস্য মেহেদী হাসান, জুলাই যোদ্ধা মোহতাসিমবিল্লাহ সাদ প্রমুখ।
এ সময় উপজেলা জামায়াত ও সহযোগী সংগঠনের বিভিন্ন পর্যায়ের নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।
উল্লেখ্য, সম্প্রতি আফতাবনগর জামে মসজিদে ইমামতি নিয়ে দুই পক্ষের মধ্যে হাতাহাতির ঘটনা ঘটে। এ ঘটনার পর স্থানীয় রাজনীতিতে উত্তেজনা বিরাজ করছে।
