
নিজস্ব প্রতিনিধি (রংপুর) : রংপুর প্রতিনিধি: বিএসটিআইয়ের সিএম (Certification Mark) লাইসেন্স রয়েছে—এমন মিথ্যা তথ্য দিয়ে পণ্য বাজারজাত করার অভিযোগে রংপুর মহানগরীর একটি বেকারিকে ভ্রাম্যমাণ আদালতের মাধ্যমে অর্থদণ্ড করা হয়েছে।

বৃহস্পতিবার (৩০ জুলাই ২০২৬) বাংলাদেশ স্ট্যান্ডার্ডস অ্যান্ড টেস্টিং ইনস্টিটিউশন (বিএসটিআই) বিভাগীয় কার্যালয়, রংপুর এবং জেলা প্রশাসন, রংপুরের যৌথ উদ্যোগে মহানগরীর বিভিন্ন স্থানে ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করা হয়।
অভিযানকালে রংপুর লাইভ বেকারী, আমের তল, মুলাটোল, মহানগর, রংপুর নামের প্রতিষ্ঠানটি তাদের হোয়াইট ব্রেড পণ্যের অনুকূলে বিএসটিআইয়ের সিএম লাইসেন্স রয়েছে বলে মিথ্যা তথ্য প্রদান করে।

অভিযোগ প্রমাণিত হওয়ায় বিএসটিআই আইন, ২০১৮-এর ৩০/৩০ ধারা অনুযায়ী প্রতিষ্ঠানটিকে ১০ হাজার টাকা অর্থদণ্ড প্রদান করা হয়। ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করেন জেলা প্রশাসকের কার্যালয়, রংপুরের সহকারী কমিশনার ও এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট কাউছার আহমেদ।

এ অভিযানে প্রসিকিউটর হিসেবে দায়িত্ব পালন করেন বিএসটিআই বিভাগীয় কার্যালয়, রংপুরের ফিল্ড অফিসার (সিএম) মারুফা বেগম এবং পরিদর্শক (মেট্রোলজি) তাদমিরা শারমিন।
বিএসটিআই জানিয়েছে, ভোক্তাদের স্বার্থ সংরক্ষণ, মানসম্মত পণ্য নিশ্চিতকরণ এবং বাজারে বিভ্রান্তিকর তথ্যের ব্যবহার রোধে এ ধরনের ভ্রাম্যমাণ আদালতের অভিযান ভবিষ্যতেও অব্যাহত থাকবে।
