
মোঃ হাবিবুর রহমান, (ব্রাহ্মণবাড়িয়া) : জুলাই গণ-অভ্যুত্থানে সংঘটিত গণহত্যার বিচার এবং জুলাই সনদ দ্রুত বাস্তবায়নের দাবিতে ব্রাহ্মণবাড়িয়ার আখাউড়া ও কসবা উপজেলায় শনিবার পৃথকভাবে বিক্ষোভ মিছিল ও সমাবেশ করেছে বাংলাদেশ জামায়াতে ইসলামী। এসব কর্মসূচি থেকে দেশে ন্যায়বিচার, গণতন্ত্র এবং জনগণের অধিকার প্রতিষ্ঠায় ঐক্যবদ্ধভাবে কাজ করার আহ্বান জানানো হয়।

আখাউড়ায় উপজেলা জামায়াতে ইসলামীর উদ্যোগে আয়োজিত বিক্ষোভ মিছিলটি উপজেলার বিভিন্ন গুরুত্বপূর্ণ সড়ক প্রদক্ষিণ শেষে সংক্ষিপ্ত সমাবেশে মিলিত হয়।
সমাবেশে বক্তব্য রাখেন উপজেলা জামায়াতের আমির ইকবাল হোসেন ভুঁইয়া, উপজেলা সেক্রেটারি মাওলানা মো. বোরহান উদ্দিন খান, সহকারী সেক্রেটারি মাওলানা মো. সানাউল্লাহ প্রমুখ।

অন্যদিকে কসবা উপজেলা ও কসবা পৌরসভা জামায়াতে ইসলামীর যৌথ উদ্যোগে একটি বিশাল বিক্ষোভ মিছিল অনুষ্ঠিত হয়।

মিছিলটি কসবা সদর হাসপাতালের সামনে থেকে শুরু হয়ে শহরের বিভিন্ন গুরুত্বপূর্ণ সড়ক প্রদক্ষিণ করে কসবা তোফাজ্জল আলী কলেজ গেট এলাকায় গিয়ে শেষ হয়।
কসবার সমাবেশে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা জামায়াতের আমির ফরিদ উদ্দিন আহমেদ।
এছাড়া বক্তব্য রাখেন কসবা পৌর জামায়াতের আমির হারুন অর রশিদ, উপজেলা নায়েবে আমির পীরজাদা মাওলানা শিউলি নোমানী, উপজেলা সেক্রেটারি মাওলানা হাফেজ মোহাম্মদ নুরুল আমিন, পৌর সেক্রেটারি মাওলানা মো. গোলাম সারোয়ারসহ উপজেলা, পৌরসভা, ইউনিয়ন ও ওয়ার্ড পর্যায়ের দায়িত্বশীল নেতৃবৃন্দ।
