
সরিষাবাড়ী (জামালপুর) প্রতিনিধি : বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপি)-এর ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে জামালপুরের সরিষাবাড়ীতে বর্ণাঢ্য র্যালি ও বৃক্ষরোপণ কর্মসূচি অনুষ্ঠিত হয়েছে। উপজেলা বিএনপি, অঙ্গ ও সহযোগী সংগঠনের উদ্যোগে আয়োজিত এ কর্মসূচিতে উপজেলার বিভিন্ন ইউনিয়ন ও পৌরসভার বিভিন্ন ওয়ার্ড থেকে বিপুলসংখ্যক নেতাকর্মী ও সমর্থক অংশগ্রহণ করেন।

মঙ্গলবার (১ সেপ্টেম্বর) সকালে দলীয় কার্যালয়ে জাতীয় পতাকা ও দলীয় পতাকা উত্তোলনের মধ্য দিয়ে প্রতিষ্ঠাবার্ষিকীর কর্মসূচি শুরু হয়। পরে সকাল ১১টায় আরামনগর বাজারস্থ বিএনপি কার্যালয়ের সামনে থেকে একটি বর্ণাঢ্য র্যালি বের করা হয়।
র্যালিটি আরামনগর বাজারের প্রধান সড়ক প্রদক্ষিণ করে মুক্তিযোদ্ধা সংসদ ও স্টেশন এলাকা হয়ে পুনরায় আরামনগর বাজারে দলীয় কার্যালয়ের সামনে এসে শেষ হয়। র্যালিতে বিভিন্ন ইউনিয়ন ও পৌরসভার ওয়ার্ড থেকে আগত নেতাকর্মী-সমর্থকদের উপস্থিতিতে পুরো এলাকা উৎসবমুখর ও বর্ণিল হয়ে ওঠে।

র্যালিতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জামালপুর-৪ (সরিষাবাড়ী) আসনের জাতীয় সংসদ সদস্য ও জামালপুর জেলা বিএনপির সভাপতি মো. ফরিদুল কবীর তালুকদার।

এ সময় উপস্থিত ছিলেন উপজেলা বিএনপির সভাপতি আলহাজ্ব উদ্দিন আহমেদ, পৌর বিএনপির সভাপতি ও সাবেক মেয়র এ কে এম ফয়জুল কবীর তালুকদার, উপজেলা বিএনপির সিনিয়র যুগ্ম সাধারণ সম্পাদক গোলাম রব্বানীলেকু, পৌর বিএনপির সাধারণ সম্পাদক মো. জহুরুল ইসলাম পিন্টু, উপজেলা বিএনপির সাংগঠনিক সম্পাদক লাবীভ উদ্দিন তালুকদারসহ উপজেলা, পৌরসভা, ইউনিয়ন ও ওয়ার্ড পর্যায়ের বিএনপি এবং অঙ্গ ও সহযোগী সংগঠনের নেতাকর্মীরা।
বর্ণাঢ্য র্যালি শেষে প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে বৃক্ষরোপণ কর্মসূচির উদ্বোধন করেন জামালপুর জেলা বিএনপির সভাপতি ও জামালপুর-৪ আসনের সংসদ সদস্য মো. ফরিদুল কবীর তালুকদার। তিনি পৌরসভার ধানাটা, বাউসীর পঞ্চপীর, সাতপোয়ার চরসরিষাবাড়ী, পোগলদীঘার মোনারপাড়া রাস্তার পাশে বৃক্ষরোপণ করেন।
এ সময় বক্তারা বিএনপির প্রতিষ্ঠাবার্ষিকীর তাৎপর্য তুলে ধরে দলের সাংগঠনিক কার্যক্রমকে আরও গতিশীল করার আহ্বান জানান।
পাশাপাশি পরিবেশের ভারসাম্য রক্ষায় বৃক্ষরোপণের গুরুত্ব তুলে ধরে সর্বস্তরের নেতাকর্মীকে নিজ নিজ এলাকায় বৃক্ষরোপণ কর্মসূচি বাস্তবায়নের আহ্বান জানানো হয়।
