
ব্লোমিং ক্লাশ রুম এর জন্য তৈরি করা বইয়ের মোড়ক উন্মোচন করছেন অতিথিরা।

মো হাবিবুর রহমান, (ব্রাহ্মণবাড়িয়া) : সহজভাবে পড়তে ও ইংরেজি ভীতি দূর করতে ব্রাহ্মণবাড়িয়ার আখাউড়ার প্রাথমিক বিদ্যালয়ে ৫৪টি ব্লোমিং ক্লাশ রুম চালুর উদ্যোগ নেওয়া হয়েছে। সোমবার পৌর এলাকার রাধানগর সরকারি প্রাথমিক বিদ্যালয়ে একটি ক্লাশ রুমের উদ্বোধন করা হয়। পর্যায়ক্রমে বাকি বিদ্যালয়গুলোতে ক্লাশরুম চালু করা হবে।
আয়োজকরা জানান, যেভাবে শিখেছি বাংলা, সেভাবেই শিখবো ইংরেজি’ এই শ্লোাগানকে সামনে রেখে এ উদ্যোগ নেওয়া হয়েছে। প্রাথমিকভাবে সোমবার উপজেলার ৩৫ জন শিক্ষককে রাধানগর সরকারি প্রাথমিক বিদ্যালয়ে ক্লাশরুম সম্পর্কে প্রশিক্ষণ দেওয়া হয়। পরে ব্লোমিং ক্লাশরুম বিষয়ে মোড়ক উন্মোচন অনুষ্ঠান ও অবহিতকরণ কর্মশালার আয়োজন করা হয়।

কর্মশালায় বিভিন্ন বিদ্যালয়ের ৩৫ জন শিক্ষক অংশ নেন। আরো দু’দিন প্রায় ১০০ শিক্ষককে নিয়ে কর্মশালা হবে। সোমবারের কর্মশারায় ক্লাশরুমের সহায়ক হিসেবে এর উদ্যোক্তা উপজেলা সহকারি প্রাথমিক শিক্ষা কর্মকর্তা আবুল হাসনাত মোহাম্মদ জহিরুল ইসলাম ভূঞার লেখা বইয়ের পাশাপাশি শিক্ষা উপকরণ দেওয়া হয়।

সোমবার দুপুরে রাধানগর সরকারি প্রাথমিক বিদ্যালয়ে ব্লোমিং ক্লাশরুমের উদ্বোধন করেন উপজেলা নির্বাহী অফিসার তাপসী রাবেয়া।
উপজেলা প্রাথমিক শিক্ষা কর্মকর্তা ড. মোহাম্মদ দৌলত হোসেন ভূঁইয়ার সভাপতিত্বে এতে বিশেষ অতিথি ছিলেন অবসরপ্রাপ্ত শিক্ষা কর্মকর্তা শাহ্ মো. ইলিয়াস উদ্দিন, জেলা বিএনপি’র সাংগঠনিক সম্পাদক আবুল মুনসুর মিশন।
প্রধান শিক্ষক মৌসুমী আক্তারের সঞ্চালনায় এতে সার্বিক বিষয়ে অবগত করেন উদ্যোক্তা সহকারি প্রাথমিক শিক্ষা কর্মকর্তা আবুল হাসনাত মোহাম্মদ জহিরুল ইসলাম ভূঞা।
নিজের উদ্যোগ সম্পর্কে সহকারি উপজেলা প্রাথমিক শিক্ষা কর্মকর্তা জহিরুল ইসলাম জানান, শিক্ষার্থীদের মধ্যে ইংরেজি ভীতি রয়েছে। সেই ভীতি দূর করতে এবং সহজ উপায়ে ইংরেজি শিখতে একটি প্রক্রিয়া তৈরি করেছি। শিক্ষকদেরকে এ বিষয়ে প্রশিক্ষণ দেওয়া হচ্ছে। শিক্ষকরা এর যথাযথ ব্যবহার করতে পারলে প্রথম থেকে পঞ্চম শ্রেণি পর্যন্ত শিক্ষার্থীরা ইংরেজিতে স্বাভাবিকের চেয়ে অনেক বেশি দক্ষ হয়ে উঠবে।
উপজেলা প্রাথমিক শিক্ষা কর্মকর্তা ড. মোহাম্মদ দৌলত হোসেন ভূঁইয়া এ উদ্যোগের প্রশংসা করেন। তিনি বলেন, ‘বই লেখা থেকে শুরু করে এর সব প্রক্রিয়ার বিষয়ে আমি সহকারি শিক্ষা কর্মকর্তাকে উৎসাহ দিয়েছি। ্এ উদ্যোগের ফলে শিক্ষার্খীরা অনেক উপকৃত হবে।
জেলা বিএনপি’র সাংগঠনিক সম্পাদক আবুল মুনসুর মিশন বলেন, ‘আমার মনে হয় এ ধরণের পদ্ধতি সারা দেশে ছড়িয়ে দেওয়া উচিত। বিষয়টি যেন প্রধানমন্ত্রী কিংবা সংশ্লিষ্ট দপ্তরের দৃষ্টি আকর্ষণ করে সেজন্য আমার পক্ষ থেকে সর্বোচ্চ চেষ্টা করবো।’
উপজেলা নির্বাহী অফিসার (ইউএনও) তাপসী রাবেয়া বলেন, ‘সব শিক্ষার্থীর মধ্যেই ইংরেজি ভীতি কাজ করে। কিন্তু ব্লোমিং ক্লাশরুমের মাধ্যমে যেভাবে সেখানো হবে সেটা হবে সঠিক ও সহজ উপায়। এ বিষয়ে উপজেলা প্রশাসনের পক্ষ থেকে সব ধরণের সহযোগীতা করা হয়েছে।
