
আঃ হামিদ, মধুপুর, (টাঙ্গাইল) : জাতীয় কবি কাজী নজরুল ইসলামের সাহিত্য, সংগীত ও অসাম্প্রদায়িক চেতনা নতুন প্রজন্মের মধ্যে ছড়িয়ে দেওয়ার লক্ষ্যে টাঙ্গাইলের মধুপুরে নজরুল বর্ষ উপলক্ষে সাংস্কৃতিক প্রতিযোগিতার উদ্বোধন করা হয়েছে।

সোমবার (৩১ আগস্ট) সকাল ১০টায় মধুপুর উপজেলা পরিষদের হলরুমে উপজেলা প্রশাসনের আয়োজনে প্রাথমিক, কারিগরি ও মাধ্যমিক বিদ্যালয়ের শিক্ষার্থীদের নিয়ে এ প্রতিযোগিতার উদ্বোধনী অনুষ্ঠান অনুষ্ঠিত হয়। অনুষ্ঠানে সভাপতিত্ব করেন মধুপুর উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মো. সাইফুল ইসলাম।
এ সময় উপস্থিত ছিলেন উপজেলা বিএনপির সভাপতি জাকির হোসেন সরকার, মধুপুর থানার অফিসার ইনচার্জ (ওসি) এ কে এম ফজলুল হক, সহকারী কমিশনার (ভূমি) নঈম উদ্দিন, পৌর বিএনপির সভাপতি খুররম ইউসুফজাই প্রিন্স, পৌর বিএনপির সাধারণ সম্পাদক খন্দকার আব্দুল মোতালিব, পৌর বিএনপির সাবেক সাধারণ সম্পাদক আব্দুল লতিফ পান্নাসহ শিক্ষক, শিক্ষার্থী ও সংশ্লিষ্ট ব্যক্তিরা। অনুষ্ঠান সঞ্চালনা করেন উপজেলা একাডেমিক সুপারভাইজার মহিউদ্দিন আহামদ। প্রতিযোগিতায় উপজেলার বিভিন্ন প্রাথমিক, কারিগরি ও মাধ্যমিক বিদ্যালয়ের শিক্ষার্থীরা অংশ নেয়।

নজরুলের কবিতা, গান ও সাহিত্য-সংস্কৃতির বিভিন্ন বিষয়কে কেন্দ্র করে আয়োজিত এ প্রতিযোগিতায় শিক্ষার্থীদের সৃজনশীলতা বিকাশের পাশাপাশি জাতীয় কবির সাম্য, মানবতা, অসাম্প্রদায়িকতা ও মানবিক মূল্যবোধের দর্শনের সঙ্গে নতুন প্রজন্মকে পরিচিত করার ওপর গুরুত্ব দেওয়া হয়।

অনুষ্ঠানে বক্তারা বলেন, কাজী নজরুল ইসলাম শুধু বিদ্রোহের কবি নন; তিনি সাম্য, মানবতা, প্রেম ও অসাম্প্রদায়িকতারও কবি। তাঁর সাহিত্য ও দর্শন নতুন প্রজন্মের মধ্যে ছড়িয়ে দিতে সাংস্কৃতিক প্রতিযোগিতা ও চর্চার বিকল্প নেই।
এ ধরনের আয়োজন শিক্ষার্থীদের মেধা ও সৃজনশীলতা বিকাশের পাশাপাশি সমাজে মানবিক ও অসাম্প্রদায়িক মূল্যবোধ প্রতিষ্ঠায় ভূমিকা রাখবে। উপজেলা প্রশাসনের আয়োজনে অনুষ্ঠিত এ প্রতিযোগিতাকে ঘিরে শিক্ষার্থী, শিক্ষক ও অভিভাবকদের মধ্যে ব্যাপক উৎসাহ-উদ্দীপনা দেখা যায়।
