ঐক্যবদ্ধ শৃঙ্খলাই বিজয়ের মূল চাবিকাঠি, আগামী নির্বাচনে চেয়ারম্যানদের বিজয়ী করতে হবে”: শার্শায় এমপি গোলাম রসুল

Uncategorized খুলনা গ্রাম বাংলার খবর বিশেষ প্রতিবেদন রাজনীতি সংগঠন সংবাদ সারাদেশ

শার্শা (যশোর) প্রতিনিধি : যশোরের শার্শা উপজেলা জামায়াতের উদ্যোগে এক ইউনিট সভাপতি সম্মেলন অনুষ্ঠিত হয়েছে। আজ শনিবার (৫ সেপ্টেম্বর) বিকাল সাড়ে ৩টায় শার্শা দারুল আমান ট্রাস্ট মিলনায়তনে এই সম্মেলনের আয়োজন করা হয়।


বিজ্ঞাপন

অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন যশোর জেলা জামায়াতের আমীর ও যশোর-৪ আসনের সংসদ সদস্য অধ্যাপক গোলাম রসুল এমপি।

প্রধান অতিথির বক্তব্যে অধ্যাপক গোলাম রসুল এমপি বলেন, “ঐক্যবদ্ধ শৃঙ্খলাই বিজয়ের মূল চাবিকাঠি। আগামী স্থানীয় নির্বাচনে আমাদের চেয়ারম্যান প্রার্থীদের বিজয়ী করে জনগণের কল্যাণে কাজে লাগাতে হবে। আর এই বিজয়ের জন্য সবচাইতে গুরুত্বপূর্ণ বিষয় হলো সংগঠনের শৃঙ্খলা রক্ষা করা। শৃঙ্খলা বজায় রেখেই আমাদের সামনে এগিয়ে যেতে হবে।”


বিজ্ঞাপন

তিনি আরও বলেন, “গত ১২ই ফেব্রুয়ারি নির্বাচনের পর সাধারণ মানুষের মনে যে গভীর আশা-আকাঙ্ক্ষা সৃষ্টি হয়েছিল, জামায়াতে ইসলামী ক্ষমতায় না আসার কারণে তাদের সেই প্রত্যাশা পূরণ হয়নি। জামায়াত সরকার গঠন করতে পারলে দেশে কোনো ধরনের দুর্নীতি, চাঁদাবাজি ও সন্ত্রাসী কর্মকাণ্ড স্থান পেত না।”


বিজ্ঞাপন

এমপি গোলাম রসুল উল্লেখ করেন, “সংগঠনের প্রতিটি কার্যক্রম তৃণমূল স্তরে বাস্তবায়নে ইউনিট সভাপতিরা সর্বদা অগ্রণী ভূমিকা পালন করে থাকেন। বিগত বছরগুলোর ন্যায় ১৫ দিন না করে এবার ১ মাসব্যাপী দাওয়াতী কার্যক্রম পরিচালনা করার সিদ্ধান্ত নেওয়া হয়েছে। আসন্ন স্থানীয় সরকার নির্বাচনে এই দাওয়াতী পক্ষ একটি গুরুত্বপূর্ণ মাইলফলক হিসেবে কাজ করবে। তাই সকলকে এ মাসব্যাপী দাওয়াতি কাজে সক্রিয়ভাবে আত্মনিয়োগ করতে হবে।”

শার্শা উপজেলা জামায়াতের নায়েবে আমীর ও আসন্ন উপজেলা চেয়ারম্যান পদপ্রার্থী ইঞ্জিনিয়ার তৈয়েবুর রহমানের সভাপতিত্বে এবং উপজেলা সেক্রেটারি জাহাঙ্গীর আলমের সঞ্চালনায় অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন যশোর জেলা জামায়াতের সহকারী সেক্রেটারি রেজাউল ইসলাম, জেলা জামায়াতের কর্মপরিষদ সদস্য মাস্টার রেজাউল করিম, শার্শা উপজেলা জামায়াতের কর্মপরিষদ সদস্য ও প্রচার সেক্রেটারি মকবুল হুসাইন।

এ ছাড়াও আরও উপস্থিত ছিলেন,  আবুল কালাম আজাদ, ফিরোজ আল মাহমুদ, অধ্যাপক এনামুল হক এবং হাসান আহমেদ স্থানীয় নেতা-কর্মীবৃন্দ।

সভাপতির বক্তব্যে ইঞ্জিনিয়ার তৈয়েবুর রহমান জাহাঙ্গীর বলেন, “দেশের সার্বভৌমত্ব রক্ষায় ইসলামের ভূমিকা অপরিসীম। ইসলামী আন্দোলনকে আরও গতিশীল ও তৃণমূল পর্যায়ে পৌঁছে দিতে বাংলাদেশ জামায়াতে ইসলামী ১ সেপ্টেম্বর থেকে ৩০ সেপ্টেম্বর পর্যন্ত দাওয়াতী পক্ষ ঘোষণা করেছে। এই নির্ধারিত সময়ের মধ্যে আমাদের সকলকে ঐক্যবদ্ধভাবে দাওয়াতী কাজ পরিচালনা করতে হবে।”

সম্মেলনে উপস্থিত অন্যান্য নেতৃবৃন্দও সংগঠনকে আরও শক্তিশালী ও গতিশীল করার লক্ষ্যে দিকনির্দেশনামূলক বক্তব্য প্রদান করেন।

👁️ 162 News Views

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *