
বরিশাল প্রতিনিধি : বরিশালের মেহেন্দিগঞ্জ উপজেলার শ্রীপুর ইউনিয়নে ভোররাতে দুই ব্যবসায়ীর দোকানের তালা ভেঙে চুরির ঘটনা ঘটেছে। গতকাল ভোর আনুমানিক সাড়ে ৪টার দিকে শ্রীপুর ইউনিয়নের বাসিন্দা মোঃ মোসলেম হাওলাদার ও আক্তার হোসেনের দোকানে চুরির ঘটনা ঘটে।

স্থানীয় সূত্রে জানা যায়, ভোরে নামাজ পড়তে যাওয়ার সময় শ্রীপুর ইউনিয়নের বাসিন্দা কাজী রশিদ দোকানের তালা ভাঙা অবস্থায় দেখতে পান এবং একজনকে দোকানের আশপাশে দেখতে পান। কাজী রশিদ তাকে দেখে ফেললে ওই ব্যক্তি দ্রুত ঘটনাস্থল থেকে পালিয়ে যায়।
পরে ঘটনার বিষয়ে কাজী রশিদের সঙ্গে যোগাযোগ করা হলে তিনি জানান, চোরকে দেখতে পেলেও অন্ধকারের কারণে তার মুখ স্পষ্টভাবে দেখা সম্ভব হয়নি। ফলে তাৎক্ষণিকভাবে চোরের পরিচয় শনাক্ত করা যায়নি।

এদিকে, স্থানীয়দের মধ্যে এ ঘটনায় উদ্বেগ দেখা দিয়েছে। তাদের ধারণা, এলাকায় সক্রিয় কোনো মাদকাসক্ত চক্র অর্থের সংকটে এ ধরনের চুরির সঙ্গে জড়িত থাকতে পারে। তবে চুরির সঙ্গে মাদকাসক্ত কোনো ব্যক্তি বা চক্রের সম্পৃক্ততার বিষয়টি এখনো নিশ্চিত নয়।

স্থানীয়রা বলছেন, ভোররাতে দোকানের তালা ভেঙে চুরির ঘটনায় ব্যবসায়ীদের মধ্যে আতঙ্ক তৈরি হয়েছে। তারা দ্রুত ঘটনার তদন্ত, চোর শনাক্ত এবং এলাকায় রাতের নিরাপত্তা ব্যবস্থা জোরদারের দাবি জানিয়েছেন।
চুরির ঘটনায় কী পরিমাণ অর্থ বা মালামাল চুরি হয়েছে, তা তাৎক্ষণিকভাবে জানা যায়নি। এ ঘটনায় থানায় এখনো কোন লিখিত অভিযোগ দায়ের করা হয়নি।
