
আরমান হোসেন রাজু, (নওগাঁ) : নওগাঁর মহাদেবপুরে দোকান বন্ধ করে বাড়ি ফেরার পথে দুর্বৃত্তদের ধারালো অস্ত্রের আঘাতে অলিফ চন্দ্র দত্ত (৫০) নামের এক স্বর্ণ ব্যবসায়ী নিহত হয়েছেন। এ সময় তার কাছে থাকা প্রায় ৬ ভরি স্বর্ণালঙ্কার ও নগদ ৭ লাখ টাকা ছিনতাই করা হয়েছে বলে অভিযোগ উঠেছে।

গতকাল সোমবার (৭ সেপ্টেম্বর) রাত সাড়ে ৮টার দিকে মহাদেবপুর উপজেলার দুলালপাড়া এলাকায় নিজ বাড়ির সামনে এ মর্মান্তিক ঘটনা ঘটে। নিহত অলিফ চন্দ্র দত্ত ওই গ্রামের মৃত সুনীল চন্দ্র দত্তের ছেলে। তিনি মহাদেবপুর বাজারে ‘দত্ত জুয়েলার্স’ নামের একটি ব্যবসা প্রতিষ্ঠান পরিচালনা করতেন।
স্থানীয় ও পুলিশ সূত্রে জানা গেছে, প্রতিদিনের মতো সোমবার রাতে মহাদেবপুর বাজারের দোকান বন্ধ করে নিজ বাড়ি দুলালপাড়ায় ফিরছিলেন অলিফ।

রাত সাড়ে ৮টার দিকে বাড়ির কাছাকাছি পৌঁছামাত্রই আগে থেকে ওত পেতে থাকা দুর্বৃত্তরা পেছন থেকে তার মাথায় ধারালো অস্ত্র দিয়ে সজোরে আঘাত করে। এতে তিনি মাটিতে লুটিয়ে পড়লে দুর্বৃত্তরা তার সঙ্গে থাকা ব্যাগভর্তি স্বর্ণ ও নগদ টাকা ছিনিয়ে নিয়ে দ্রুত পালিয়ে যায়।

পরবর্তীতে পরিবারের সদস্য ও স্থানীয়রা তাকে গুরুতর আহত অবস্থায় উদ্ধার করে প্রথমে মহাদেবপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যান।
তবে তার শারীরিক অবস্থার মারাত্মক অবনতি হলে আশঙ্কাজনক অবস্থায় তাকে রাজশাহী মেডিকেল কলেজ (রামেক) হাসপাতালে স্থানান্তর করা হয়। সেখানে চিকিৎসাধীন অবস্থায় গভীর রাতে তার মৃত্যু হয়।
ঘটনার সত্যতা নিশ্চিত করে মহাদেবপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) ওমর ফারুক জানান, হত্যাকাণ্ডের প্রকৃত রহস্য উদ্ঘাটন এবং জড়িতদের দ্রুত শনাক্ত করে গ্রেপ্তারে পুলিশ জোর তৎপরতা চালাচ্ছে।
ঘটনাটি কেবল ছিনতাইয়ের উদ্দেশ্যে সংঘটিত হয়েছে, নাকি এর পেছনে কোনো পূর্বশত্রুতা রয়েছে—তাও খতিয়ে দেখা হচ্ছে। এ ঘটনায় মহাদেবপুর থানায় একটি হত্যা মামলা দায়েরের প্রক্রিয়া চলমান রয়েছে।
