
আরমান হোসেন রাজু, (রংপুর) : কুড়িগ্রামের ফুলবাড়ীতে ধরলা নদীর তীর থেকে অজ্ঞাত পরিচয় এক যুবকের অর্ধগলিত মরদেহ উদ্ধার করেছে থানা পুলিশ। মঙ্গলবার (৮ সেপ্টেম্বর) দুপুরে উপজেলার বড়ভিটা ইউনিয়নের ৬ নম্বর ওয়ার্ডের আইয়ুবের চর সংলগ্ন এলাকা থেকে লাশটি উদ্ধার করা হয়।

পুলিশ ও স্থানীয় সূত্রে জানা যায়, মঙ্গলবার সকাল সাড়ে ১১টার দিকে আইয়ুবের চর এলাকায় কয়েকজন রাখাল গরু চরাতে গিয়ে তীব্র দুর্গন্ধ পান। দুর্গন্ধের উৎস খুঁজতে গিয়ে তারা ধরলা নদীর তীরে এক ব্যক্তির অর্ধগলিত মরদেহ দেখতে পান। বিষয়টি দ্রুত ফুলবাড়ী থানা পুলিশকে জানানো হলে পুলিশের একটি দল দ্রুত ঘটনাস্থলে পৌঁছে মরদেহটি উদ্ধার করে।
উদ্ধারকৃত মরদেহের পরনে একটি জিন্সের প্যান্ট ও কমলা রঙের টি-শার্ট ছিল। আনুমানিক ৩৫ বছর বয়সী ওই যুবকের পরিচয় এখনো পাওয়া যায়নি।

ঘটনার সত্যতা নিশ্চিত করে ফুলবাড়ী থানার অফিসার ইনচার্জ (ওসি) মাহমুদ হাসান নাঈম জানান, খবর পাওয়া মাত্রই ঘটনাস্থলে পুলিশ পাঠানো হয়েছে।

ঘটনাস্থলে উপস্থিত ফুলবাড়ী থানার উপপরিদর্শক (এসআই) মঞ্জুরুল ইসলাম জানান, “মৃত ব্যক্তির পরিচয় শনাক্তের জোর চেষ্টা চলছে। পরিচয় মেলার পর এবং ময়নাতদন্তের প্রতিবেদন পেলে মৃত্যুর সঠিক কারণ ও বিস্তারিত তথ্য জানা যাবে।”
