
মোঃ রিমন আহমেমদ, (নওগাঁ)৷ : নওগাঁর পোরশায় মাদকবিরোধী বিশেষ অভিযানে ৫০০ লিটার চোলাই মদ তৈরির উপকরণ (ওয়াশ/জাওয়া) ও ১০ লিটার চোলাই মদ উদ্ধার করে আইনানুগভাবে ধ্বংস করেছে পুলিশ। এ ঘটনায় একজনকে গ্রেপ্তার করা হয়েছে। অপর একজন পলাতক রয়েছেন বলে জানিয়েছে পুলিশ।

নওগাঁ জেলার পুলিশ সুপার মোহাম্মদ তারিকুল ইসলামের নির্দেশনায় মাদকের বিরুদ্ধে চলমান বিশেষ অভিযানের অংশ হিসেবে বৃহস্পতিবার (১০ সেপ্টেম্বর ২০২৬) সন্ধ্যায় পোরশা থানাধীন তেঁতুলিয়া ইউনিয়নের মাক্তাপুর ক্ষুদ্র নৃতাত্ত্বিক জনগোষ্ঠীর পাড়ায় এ অভিযান পরিচালনা করা হয়।
পোরশা থানার অফিসার ইনচার্জের নেতৃত্বে পুলিশের একটি দল অভিযান পরিচালনা করে। এ সময় সনতেশ রায় (৩৫) ও নিতাই হরিজনের (৩৫) নিজ নিজ বসতবাড়িতে তল্লাশি চালানো হয়।

তল্লাশিকালে ছোট-বড় চারটি প্লাস্টিকের জারকিনে মোট ৫০০ লিটার চোলাই মদ তৈরির উপকরণ (ওয়াশ/জাওয়া) এবং ১০ লিটার চোলাই মদ উদ্ধার করা হয়। পরে উপস্থিত সাক্ষীদের সামনে আইনানুগ প্রক্রিয়ায় উদ্ধার করা মাদক ও মদ তৈরির উপকরণ ধ্বংস করা হয়।

এ ঘটনায় সনতেশ রায় (৩৫), পিতা—মুকুল রায়, সাং—মাক্তাপুর আদিবাসী পাড়া, থানা—পোরশা, জেলা—নওগাঁকে গ্রেপ্তার করা হয়েছে। অপর ব্যক্তি নিতাই হরিজন (৩৫), পিতা—রাম হরিজন, একই এলাকার বাসিন্দা, পলাতক রয়েছেন বলে জানিয়েছে পুলিশ।
পুলিশ জানায়, এ ঘটনায় গ্রেপ্তার ব্যক্তি ও পলাতক আসামির বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে নিয়মিত মামলা প্রক্রিয়াধীন।
মাদকের বিরুদ্ধে চলমান অভিযান অব্যাহত থাকবে জানিয়ে পুলিশ মাদক নির্মূলে জনসাধারণের সহযোগিতা কামনা করেছে।
