
আরমান হোসেন রাজু, (রংপুর) : কুড়িগ্রামের ফুলবাড়ী সীমান্তে অভিযান চালিয়ে বিপুল পরিমাণ চোরাই ভারতীয় স্বর্ণকাতান শাড়ি জব্দ করেছে বর্ডার গার্ড বাংলাদেশ (১৫-বিজিবি)।

শুক্রবার (১১ সেপ্টেম্বর ) রাত আনুমানিক ১টার দিকে গোপন সংবাদের ভিত্তিতে লালমনিরহাট ব্যাটালিয়ন (১৫ বিজিবি)-এর অধীনস্থ অনন্তপুর বিওপির একটি টহলদল এ সফল অভিযান পরিচালনা করে।
বিজিবি সূত্রে জানা যায়, ফুলবাড়ী থানাধীন বালাবাড়ী সীমান্ত এলাকা দিয়ে বিপুল পরিমাণ চোরাচালানি পণ্য বাংলাদেশে আনা হচ্ছে—এমন খবরের ভিত্তিতে অনন্তপুর বিওপির টহলদল দ্রুত সেখানে অবস্থান নেয়।

বিজিবির উপস্থিতি টের পেয়ে চোরাকারবারিরা মালামাল ফেলে চম্পট দেয়। পরবর্তীতে টহলদল উক্ত স্থানে তল্লাশি চালিয়ে পরিত্যক্ত অবস্থায় ৭৬টি মূল্যবান ভারতীয় স্বর্ণকাতান শাড়ি উদ্ধার করতে সক্ষম হয়।

উদ্ধারকৃত—৭৬টি স্বর্ণকাতান শাড়ির আনুমানিক বাজার/সিজার মূল্য প্রায় ৭ লাখ ৬০ হাজার টাকা বলে নিশ্চিত করেছে বিজিবি কর্তৃপক্ষ। উদ্ধারকৃত শাড়িগুলো ব্যাটালিয়ন সদরদপ্তরে জমা করার প্রক্রিয়া চলছে।
এই সফল অভিযানের বিষয়টি নিশ্চিত করে লালমনিরহাট ব্যাটালিয়নের (১৫ বিজিবি) কমান্ডিং অফিসার লেফটেন্যান্ট কর্নেল মেহেদী ইমাম, পিএসসি বলেন, “দেশের সার্বভৌমত্ব ও সীমান্ত নিরাপত্তা রক্ষা করার পাশাপাশি চোরাচালান প্রতিরোধে বিজিবি সর্বদা অঙ্গীকারবদ্ধ। সীমান্তে যেকোনো ধরণের অবৈধ কর্মকাণ্ড প্রতিরোধে বিজিবির এই কঠোর ও জিরো টলারেন্স নীতি অব্যাহত থাকবে।”
সীমান্ত এলাকায় আইনশৃঙ্খলা রক্ষা ও চোরাচালান বন্ধে স্থানীয় জনগণকে তথ্য দিয়ে সহযোগিতা করার আহ্বান জানিয়েছে বিজিবি।
