
এ.কে পলাশ (কুমিল্লা) : কুমিল্লায় মাদকবিরোধী বিশেষ অভিযানে ১ হাজার ২২৪ পিস ইয়াবা ও ৩০ কেজি গাঁজা উদ্ধার করেছে জেলা পুলিশ। এ সময় মাদক ব্যবসায়ী ও মাদকসেবীসহ ১০০ জনকে গ্রেপ্তার করা হয়েছে।

পুলিশ জানায়, শনিবার (১২ সেপ্টেম্বর) গত ২৪ ঘণ্টায় জেলার সব থানা ও গোয়েন্দা (ডিবি) পুলিশের উদ্যোগে বিভিন্ন এলাকায় একযোগে ৫০টি মাদকবিরোধী বিশেষ অভিযান পরিচালনা করা হয়। এসব অভিযানে ২১ জন মাদক ব্যবসায়ী ও ৭৯ জন মাদকসেবীকে গ্রেপ্তার করা হয়।
গ্রেপ্তার ব্যক্তিদের বিরুদ্ধে নিয়মিত মামলা, মোবাইল কোর্ট এবং বিচারিক আদালতের সংক্ষিপ্ত বিচার (সামারি ট্রায়াল) প্রক্রিয়ায় বিভিন্ন মেয়াদে কারাদণ্ড ও অর্থদণ্ড দেওয়া হয়েছে।

জেলা পুলিশ জানায়, মাদক ব্যবসায়ী, সরবরাহকারী ও সেবনকারীদের বিরুদ্ধে জিরো টলারেন্স নীতিতে অভিযান অব্যাহত রয়েছে। মাদকের বিস্তার রোধে ভবিষ্যতেও এ ধরনের অভিযান আরও জোরদার করা হবে।

কুমিল্লার পুলিশ সুপার মো. আনিসুজ্জামান, পিপিএমের দিকনির্দেশনায় এসব অভিযান পরিচালিত হয়। মাদক নির্মূলে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর পাশাপাশি সমাজের সর্বস্তরের মানুষের সচেতনতা ও সহযোগিতা প্রয়োজন বলে জানিয়েছে জেলা পুলিশ
