
মোঃ মোয়াজ্জেম হোসেন চৌধুরী (মৌলভীবাজার) : সড়কে শৃঙ্খলা প্রতিষ্ঠা এবং সড়ক পরিবহন আইন, ২০১৮-এর যথাযথ বাস্তবায়ন নিশ্চিত করতে মৌলভীবাজার শহরে অভিযান পরিচালনা করেছে জেলা প্রশাসন।

রোববার (১৩ সেপ্টেম্বর) নগরীর ওয়াবদা রোড ও বনশ্রী রোড এলাকায় পৃথকভাবে পরিচালিত অভিযানে আইন লঙ্ঘনের দায়ে ৭টি মামলা দায়ের করে মোট ৬ হাজার ৫০০ টাকা জরিমানা আদায় করা হয়েছে।
জেলা প্রশাসনের তিনজন এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেটের নেতৃত্বে পরিচালিত অভিযানে যানবাহনের বিভিন্ন অনিয়ম ও সড়ক পরিবহন আইন লঙ্ঘনের বিষয়গুলো তদারকি করা হয়।

অভিযানে এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট মোঃ জাহিদুল ইসলাম নগরীর ওয়াবদা রোড এলাকায় সড়ক পরিবহন আইন, ২০১৮-এর ৬৬ ধারা অনুযায়ী ১টি মামলা দায়ের করে ১ হাজার টাকা জরিমানা আদায় করেন।

একই এলাকায় এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট মোঃ মোকশেদ উল্লাহ সড়ক পরিবহন আইন, ২০১৮-এর ৬৬ ও ৯২(১) ধারা অনুযায়ী ১টি মামলা দায়ের করে ৫০০ টাকা জরিমানা আদায় করেন।
অন্যদিকে, নগরীর বনশ্রী রোড এলাকায় এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট মোঃ মাহফুজুল হক অমি-এর নেতৃত্বে পরিচালিত অভিযানে সড়ক পরিবহন আইন, ২০১৮-এর ৯২(১) ধারা অনুযায়ী ৫টি মামলা দায়ের করা হয়। এসব মামলায় সর্বমোট ৫ হাজার টাকা জরিমানা আদায় করা হয়েছে।
জেলা প্রশাসন জানিয়েছে, মৌলভীবাজার নগরীতে সড়ক পরিবহন আইন যথাযথভাবে প্রতিপালন, যানবাহন চলাচলে শৃঙ্খলা বজায় রাখা এবং আইন লঙ্ঘনকারীদের বিরুদ্ধে কার্যকর ব্যবস্থা গ্রহণের লক্ষ্যে এ ধরনের অভিযান ও ভ্রাম্যমাণ আদালতের কার্যক্রম অব্যাহত থাকবে।
