​গোপালগঞ্জে আন্তর্জাতিক তথ্য অধিকার দিবস পালিত

Uncategorized খুলনা গ্রাম বাংলার খবর জাতীয় প্রশাসনিক সংবাদ বিশেষ প্রতিবেদন সারাদেশ

​মোঃ সাইফুর রশিদ চৌধুরী  :  ডিজিটাল যুগে সঠিক ও নির্ভরযোগ্য তথ্য নিশ্চিত করা এবং অপতথ্য প্রতিরোধে তথ্য অধিকারের গুরুত্ব তুলে ধরে গোপালগঞ্জে আন্তর্জাতিক তথ্য অধিকার দিবস ২০২৬ পালিত হয়েছে।


বিজ্ঞাপন

​সোমবার (২৮ সেপ্টেম্বর) সকালে আন্তর্জাতিক তথ্য অধিকার দিবস উপলক্ষে গোপালগঞ্জ জেলা প্রশাসনের আয়োজনে জেলা প্রশাসকের কার্যালয়ের ‘স্বচ্ছতা’ সম্মেলন কক্ষে এক আলোচনা সভার আয়োজন করা হয়।

​এবারের দিবসের প্রতিপাদ্য ছিল— “ডিজিটাল যুগে সঠিক তথ্য নিশ্চিতকরণ: অপতথ্য রোধে তথ্য অধিকারের ভূমিকা”। আন্তর্জাতিকভাবে প্রতিপাদ্যটির ইংরেজি রূপ— “Upholding Information Integrity in the Digital Age: The Role of Access to Information in Addressing Information Disorder.”

​আলোচনা সভায় সভাপতিত্ব করেন গোপালগঞ্জের জেলা প্রশাসক ও জেলা ম্যাজিস্ট্রেট মোঃ আরিফ-উজ-জামান।


বিজ্ঞাপন

​সভাপতির বক্তব্যে গোপালগঞ্জ জেলা প্রশাসক বলেন, “বর্তমান ডিজিটাল প্রযুক্তি নির্ভর সময়ে তথ্য মানুষের দৈনন্দিন জীবন, প্রশাসন, শিক্ষা, স্বাস্থ্য, অর্থনীতি ও সামাজিক যোগাযোগের গুরুত্বপূর্ণ অংশ।


বিজ্ঞাপন

সামাজিক যোগাযোগ মাধ্যম ও অনলাইন প্ল্যাটফর্মের কারণে মুহূর্তের মধ্যে একটি তথ্য বিপুল সংখ্যক মানুষের কাছে পৌঁছে যাচ্ছে। তবে একই সঙ্গে ভুল তথ্য, বিভ্রান্তিকর তথ্য ও উদ্দেশ্যপ্রণোদিত অপতথ্য দ্রুত ছড়িয়ে পড়ছে।”

​তিনি আরও বলেন, “এ পরিস্থিতিতে নাগরিকদের কাছে সঠিক, নির্ভরযোগ্য ও যাচাইযোগ্য তথ্য পৌঁছে দিতে হবে। তথ্য অধিকারে নাগরিকরা বিভিন্ন তথ্যের সত্যতা যাচাই করে এবং গুজব ও বিভ্রান্তিকর তথ্যের প্রভাব থেকে নিজেদের রক্ষা করতে পারবে।”

​এ সময় গোপালগঞ্জ জেলা তথ্য কর্মকর্তা বেনজীর আহমেদ বলেন, “একজন নাগরিক চাইলে সংশ্লিষ্ট কর্তৃপক্ষ তথ্য দিতে বাধ্য। সংবিধানের ৭ অনুচ্ছেদ অনুযায়ী দেশের সকল তথ্যের মালিক নাগরিক।”

​তিনি আরও উল্লেখ করেন, তথ্য অধিকার নাগরিকের ক্ষমতায়নের পাশাপাশি সরকারি কর্মকাণ্ডে স্বচ্ছতা ও জবাবদিহি নিশ্চিত করার অন্যতম গুরুত্বপূর্ণ মাধ্যম। সরকারি সিদ্ধান্ত, উন্নয়ন কার্যক্রম, জনসেবা এবং বিভিন্ন প্রশাসনিক কার্যক্রম সম্পর্কে তথ্য সহজলভ্য হলে জনগণের অংশগ্রহণ বাড়ে এবং প্রতিষ্ঠানগুলোর প্রতি আস্থা শক্তিশালী হয়।

​আলোচনা সভায় বক্তারা সরকারি তথ্যপ্রাপ্তির প্রক্রিয়াকে আরও সহজ, কার্যকর ও বান্ধব করার ওপর জোর দেন। একই সঙ্গে তথ্য প্রকাশ ও ব্যবহারের ক্ষেত্রে দায়িত্বশীলতা নিশ্চিত করা এবং নির্ভরযোগ্য তথ্যের অবাধ প্রবাহের মাধ্যমে অপতথ্য ও গুজব প্রতিরোধে ভূমিকা রাখার আহ্বান জানান।

​গোপালগঞ্জ জেলা প্রশাসনের আয়োজনে অনুষ্ঠিত এ আলোচনা সভায় তথ্য অধিকার আইন বাস্তবায়ন, ডিজিটাল যুগে তথ্যের নির্ভরযোগ্যতা, অপতথ্য ও বিভ্রান্তিকর তথ্য প্রতিরোধ এবং নাগরিকদের তথ্যপ্রাপ্তির অধিকার নিশ্চিত করার বিভিন্ন দিক নিয়ে বিস্তারিত আলোচনা করা হয়।

👁️ 416 News Views

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *