
মোঃ মাজেদুল ইসলাম মামুন,(লালমনিরহাট) : লালমনিরহাট জেলা আদালত চত্বরে এখনো চিফ জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট আদালতের পৃথক ভবন নির্মাণ না হওয়ায় দুর্ভোগ পোহাতে হচ্ছে বিচারক, আইনজীবী ও বিচারপ্রার্থীদের।

আদালতের বারান্দায় বিচারিক কার্যক্রম পরিচালনা, পর্যাপ্ত বসার জায়গার অভাব এবং উপযুক্ত পরিবেশ না থাকায় ক্ষোভ প্রকাশ করেছেন সংশ্লিষ্টরা।
লালমনিরহাট জেলা আইনজীবী সমিতির সদস্য অ্যাডভোকেট ময়েজুল ইসলাম ময়েজ সামাজিক যোগাযোগমাধ্যমে দেওয়া এক পোস্টে আদালতের এ দুরবস্থার চিত্র তুলে ধরেন।
তিনি উল্লেখ করেন, পৃথক ভবন না থাকায় আইনজীবী ও বিচারপ্রার্থীদের পাশাপাশি বিচারকদেরও বিভিন্ন সমস্যার মুখোমুখি হতে হচ্ছে।

বিচারিক কার্যক্রম পরিচালনার জন্য প্রয়োজনীয় পরিবেশ এবং পর্যাপ্ত বসার ব্যবস্থা না থাকায় ভোগান্তি আরও বাড়ছে।

বিজ্ঞাপন
ওই পোস্টে জেলার সংশ্লিষ্ট নেতৃত্ব ও দায়িত্বশীল ব্যক্তিদের কার্যকর উদ্যোগের অভাব নিয়েও হতাশা প্রকাশ করেন তিনি।
তাঁর মতে, বিচারপ্রার্থীদের দুর্ভোগ কমাতে এবং আদালতের স্বাভাবিক কার্যক্রমের পরিবেশ নিশ্চিত করতে এ সমস্যা সমাধানে যথাযথ পদক্ষেপ নেওয়া জরুরি।
