
নিজস্ব প্রতিবেদক : রাজধানী ঢাকায় সাম্প্রতিক ককটেল বিস্ফোরণ এবং বাসে অগ্নিসংযোগের মূল অর্থায়ন ও তদারকির দায়িত্বে রয়েছেন গাজীপুরের সাবেক মেয়র সন্ত্রাসী জাহাঙ্গীর আলম।

এই নাশকতা মিশন পরিচালনার জন্য ঢাকাকে কয়েকটি জোনে ভাগ করে ব্যক্তিবিশেষে আলাদা দায়িত্ব বণ্টন করে দেওয়া হয়েছে। তথ্যমতে, উত্তরা থেকে কাওলা পর্যন্ত এলাকায় নাশকতা চালাচ্ছেন কাওলার সন্ত্রাসী কাউন্সিলর আনিসুর রহমান নাঈম।
ঢাকা দক্ষিণ এবং ঢাকা বিশ্ববিদ্যালয় (ঢাবি) সংলগ্ন এলাকার দায়িত্বে রয়েছেন ঢাকা দক্ষিণ নিষিদ্ধ ছাত্রলীগের দপ্তর সম্পাদক সন্ত্রাসী সাকিব আল হাসান রাজিব।
এতদিন ভারতে থাকলেও বর্তমানে এদের প্রায় সবাই দেশে ফিরেছেন এবং সন্ত্রাসী রাজিব যাত্রাবাড়ীতে অবস্থান করছেন। অন্যদিকে, মিরপুর-১০ থেকে কচুক্ষেত এলাকার নাশকতা পরিচালনা করছেন রূপনগর থানা নিষিদ্ধ ছাত্রলীগের শীর্ষ নেতা সন্ত্রাসী মিঠু।

এ ছাড়া বেসরকারি বিশ্ববিদ্যালয়গুলোর সামনে ককটেল বিস্ফোরণের মূল হোতা ছিলেন সন্ত্রাসী জাহাঙ্গীরের ঘনিষ্ঠ হিসেবে পরিচিত বেসরকারি বিশ্ববিদ্যালয় নিষিদ্ধ ছাত্রলীগের সন্ত্রাসী নকিব আশরাফ চৌধুরী, যিনি বর্তমানে নাম পরিবর্তন ও ভুয়া আধার কার্ড তৈরি করে ভারতের বেঙ্গালুরুর হোয়াইটফিল্ড-হোসকোট রোডের ‘অ্যাসেটজ মার্ক ফেজ-১’-এর একটি অ্যাপার্টমেন্টে আত্মগোপন করে আছেন।

বিজ্ঞাপন
আরও জানা গেছে, বাসে অগ্নিসংযোগের জন্য ব্যবহৃত বিশেষ ‘গান পাউডার’ চুয়াডাঙ্গার দর্শনা সীমান্ত দিয়ে দেশে ঢুকছে। যাত্রাবাড়ীতে অবস্থানরত নিষিদ্ধ ছাত্রলীগ নেতা সন্ত্রাসী রাজিব নিজস্ব লোক মারফত মাদারীপুর থেকে এই বিস্ফোরক রিসিভ করে রাজধানীর বিভিন্ন স্থানে সরবরাহ করছেন।
