বিচারকের আসনে কাস্টমস কমিশনার নাহিদা ফরিদী! সম্পাদককে ৭ দিনের আলটিমেটাম, সাংবাদিকদের ‘চাঁদাবাজ-ব্ল্যাকমেইলার’ আখ্যা দেওয়ার অভিযোগ

Uncategorized অপরাধ আইন ও আদালত জাতীয় ঢাকা প্রশাসনিক সংবাদ বিশেষ প্রতিবেদন রাজধানী

কাস্টমস কমিশনার নাহিদা ফরিদী।


বিজ্ঞাপন

নিজস্ব প্রতিবেদক  :  কাস্টমসের রাজস্ব আদায়, বন্ড ব্যবস্থাপনা ও প্রশাসনিক দায়িত্ব পালনের পরিবর্তে এবার যেন বিচারকের ভূমিকায় অবতীর্ণ হয়েছেন কাস্টমস বন্ড কমিশনারেট, ঢাকা (উত্তর)-এর কমিশনার ড. নাহিদা ফরিদী! একটি জাতীয় দৈনিকের সম্পাদক ও প্রকাশককে প্রকাশিত সংবাদের সপক্ষে সাত কার্যদিবসের মধ্যে প্রমাণ ও দলিলাদি দাখিলের নির্দেশ দিয়েছেন তিনি। নির্ধারিত সময়ে প্রমাণ দিতে ব্যর্থ হলে সংবাদটিকে ‘সর্বৈব মিথ্যা ও ব্যক্তিগত হয়রানিমূলক’ গণ্য করে আইনানুগ ব্যবস্থা নেওয়ার হুঁশিয়ারিও দিয়েছেন। সরকারি ক্ষমতা ব্যবহার করে গণমাধ্যমকে এভাবে জবাবদিহির মুখোমুখি করার এখতিয়ার নিয়ে উঠেছে গুরুতর প্রশ্ন।

শুধু তাই নয়, এনবিআরের কর্মকর্তাদের হোয়াটসঅ্যাপ গ্রুপে ১০ জন পেশাদার সাংবাদিকের মোবাইল নম্বরসহ তাঁদের ‘চাঁদাবাজ ও ব্ল্যাকমেইলার সাংবাদিক’ হিসেবে তালিকাভুক্ত করে প্রচার করার অভিযোগও উঠেছে তাঁর বিরুদ্ধে। সর্বশেষ এক প্রবীণ সাংবাদিককে নিজ কার্যালয়ে অপদস্থ করা এবং সেই ঘটনার ভিডিও ধারণ করে দাপ্তরিক হোয়াটসঅ্যাপ গ্রুপে ছড়িয়ে দেওয়ার অভিযোগও সামনে এসেছে। এসব ঘটনায় সরকারি কর্মকর্তার আচরণ, প্রশাসনিক ক্ষমতার সীমা, গণমাধ্যমের স্বাধীনতা এবং সাংবাদিকদের ব্যক্তিগত মর্যাদা ও নিরাপত্তা নিয়ে সাংবাদিক সমাজে ব্যাপক প্রতিক্রিয়া সৃষ্টি হয়েছে। বিষয়টি খতিয়ে দেখে প্রয়োজনীয় আইনানুগ ও প্রশাসনিক ব্যবস্থা গ্রহণের জন্য অর্থমন্ত্রী, অর্থ প্রতিমন্ত্রী, অর্থ মন্ত্রণালয়ের সচিব এবং জাতীয় রাজস্ব বোর্ডের (এনবিআর) চেয়ারম্যানের জরুরি হস্তক্ষেপ কামনা করেছেন সংশ্লিষ্ট সাংবাদিকরা।

সম্পাদককে সাত দিনের সময়সীমা, না মানলে সংবাদকে মিথ্যা ঘোষণার হুঁশিয়ারি  : সংশ্লিষ্ট নথিপত্র পর্যালোচনায় জানা যায়, গত ১৩ অক্টোবর ২০২৬ তারিখে ‘অগ্রযাত্রা প্রতিদিন’-এর অনলাইন সংস্করণে কাস্টমস বন্ড কমিশনারেট, ঢাকা (উত্তর)-এ কর্মরত সহকারী রাজস্ব কর্মকর্তা চৌধুরী গোলাম হাসনাইনকে নিয়ে একটি অনুসন্ধানী প্রতিবেদন প্রকাশিত হয়। প্রকাশিত প্রতিবেদনের বিষয়ে চৌধুরী গোলাম হাসনাইন গত ১৭ নভেম্বর ২০২৬ তারিখে কমিশনার ড. নাহিদা ফরিদীর কাছে লিখিত আবেদন করেন। আবেদনে তিনি প্রকাশিত সংবাদকে মিথ্যা ও ভিত্তিহীন দাবি করে নিজের সামাজিক মর্যাদা ক্ষুণ্ণ এবং নিরাপত্তাহীনতার কথা উল্লেখ করেন।


বিজ্ঞাপন

একই সঙ্গে বিষয়টি তদন্ত করে তাঁর নিজের অথবা সংবাদ প্রকাশকারীর বিরুদ্ধে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণের অনুরোধ জানান। এই আবেদনের পরিপ্রেক্ষিতে গত ১৭ নভেম্বর ২০২৬ তারিখে ‘অগ্রযাত্রা প্রতিদিন’-এর সম্পাদক ও প্রকাশক মেহেদী হাসান বরাবর একটি দাপ্তরিক চিঠি পাঠান কমিশনার ড. নাহিদা ফরিদী। চিঠির স্মারক নম্বর-০৮.০১.২৬৯৪.০০১.২৪.০০২.২৪/৮৮৮৬।
চিঠিতে সম্পাদককে আগামী সাত কার্যদিবসের মধ্যে ডাকযোগে অথবা সশরীরে দপ্তরে উপস্থিত হয়ে প্রকাশিত সংবাদের সপক্ষে যাবতীয় প্রমাণ ও দলিলাদি দাখিল করতে বলা হয়।


বিজ্ঞাপন

একই সঙ্গে নির্ধারিত সময়ের মধ্যে প্রমাণ দাখিল করতে ব্যর্থ হলে সংবাদটিকে ‘সর্বৈব মিথ্যা এবং ব্যক্তিগত হয়রানিমূলক সংবাদ বলে গণ্য হবে এবং সে মোতাবেক আইনানুগ ব্যবস্থা গৃহীত হবে’ বলে উল্লেখ করা হয়। এখানেই দেখা দিয়েছে বড় প্রশ্ন—একজন রাজস্ব কর্মকর্তার ব্যক্তিগত অভিযোগের ভিত্তিতে একজন কাস্টমস কমিশনার কীভাবে একটি সংবাদকে আগাম মিথ্যা বা হয়রানিমূলক হিসেবে গণ্য করার ঘোষণা দিতে পারেন? সংবাদটির সত্যতা যাচাইয়ের আগে এমন ভাষায় হুঁশিয়ারি দেওয়া কি প্রশাসনিক ক্ষমতার সীমা অতিক্রমের শামিল নয় ?

কাস্টমস কমিশনার নাহিদা ফরিদী কর্তৃক হোয়াটসঅ্যাপে শেয়ার করা সেই তালিকা।

প্রেস কাউন্সিলের এখতিয়ার, কমিশনারের চিঠিতে বিচারিক সুর  ! প্রশাসনিক ও গণমাধ্যম সংশ্লিষ্ট আইনজ্ঞদের মতে, কাস্টমস কমিশনারের দায়িত্ব ও ক্ষমতার সঙ্গে গণমাধ্যমে প্রকাশিত সংবাদকে সত্য বা মিথ্যা ঘোষণা করার বিষয়টি এক নয়। কাস্টমস কমিশনারেটের মূল দায়িত্ব রাজস্ব আহরণ, বন্ড ব্যবস্থাপনা, সংশ্লিষ্ট আইন ও বিধিবিধান বাস্তবায়ন এবং নিজ দপ্তরের প্রশাসনিক কার্যক্রম তদারকি করা।

কোনো গণমাধ্যমের প্রকাশিত প্রতিবেদনের সত্যতা নির্ধারণ, সম্পাদককে তলব করা কিংবা নির্দিষ্ট সময়ের মধ্যে প্রমাণ দাখিলে বাধ্য করার ক্ষমতা তাঁর রয়েছে কি না, তা নিয়ে গুরুতর আইনি প্রশ্ন উঠেছে। দেশে গণমাধ্যম-সংশ্লিষ্ট অভিযোগ নিষ্পত্তির জন্য বাংলাদেশ প্রেস কাউন্সিল রয়েছে, যা এ ধরনের বিষয়ে আইনানুগ প্রক্রিয়ায় ভূমিকা পালন করে। অথচ অভিযোগের বিষয়ে প্রেস কাউন্সিলের কাছে যাওয়ার পরিবর্তে কমিশনার নিজেই সম্পাদককে সময়সীমা বেঁধে দিয়ে সংবাদকে মিথ্যা হিসেবে গণ্য করার হুঁশিয়ারি দিয়েছেন। আরও কৌতূহলোদ্দীপক বিষয় হলো, কমিশনার ড. নাহিদা ফরিদী তাঁর চিঠির অনুলিপি বাংলাদেশ প্রেস কাউন্সিলের চেয়ারম্যানসহ জাতীয় রাজস্ব বোর্ডের ঊর্ধ্বতন কর্মকর্তাদের কাছেও পাঠিয়েছেন।

চিঠিতে ‘সরকারি রাজস্ব সুরক্ষার স্বার্থে’ বিষয়টিকে জরুরি হিসেবে উল্লেখ করা হয়েছে। কিন্তু একজন কর্মকর্তার ব্যক্তিগত মানহানির অভিযোগের সঙ্গে সরকারি রাজস্ব সুরক্ষার জরুরি সম্পর্ক কী, সে প্রশ্নও উঠেছে। গণমাধ্যমকর্মীদের মতে, সরকারি দপ্তরে সাংবাদিককে তলব করে সংবাদ প্রকাশের প্রমাণ চাওয়ার এমন উদ্যোগ স্বাধীন সাংবাদিকতার পরিবেশকে প্রশ্নবিদ্ধ করতে পারে। কোনো সংবাদে আপত্তি থাকলে সংশ্লিষ্ট কর্তৃপক্ষের বক্তব্য, প্রতিবাদলিপি বা প্রচলিত আইনি প্রতিকার গ্রহণের সুযোগ রয়েছে। কিন্তু প্রশাসনিক পদমর্যাদা ব্যবহার করে সংবাদমাধ্যমের ওপর চাপ সৃষ্টি করা গ্রহণযোগ্য হতে পারে না।

১০ সাংবাদিককে ‘চাঁদাবাজ-ব্ল্যাকমেইলার’ আখ্যা দিয়ে হোয়াটসঅ্যাপে তালিকা শেয়ার  ! নাহিদা ফরিদীকে ঘিরে বিতর্কের এখানেই শেষ নয়। সম্প্রতি এনবিআর কর্মকর্তাদের একটি হোয়াটসঅ্যাপ গ্রুপে কোনো তথ্য-প্রমাণ উপস্থাপন ছাড়াই ১০ জন পেশাদার সাংবাদিকের নাম ও মোবাইল নম্বরসহ একটি তালিকা প্রকাশের অভিযোগ উঠেছে।

তালিকাটির শিরোনাম দেওয়া হয়—‘চাঁদাবাজ ও ব্ল্যাকমেইলার সাংবাদিক’। অভিযোগ অনুযায়ী, ড. নাহিদা ফরিদী নিজেই তালিকাটি গ্রুপে শেয়ার করেন। তবে তালিকাভুক্ত সাংবাদিকদের বিরুদ্ধে এমন গুরুতর অভিযোগের পক্ষে কোনো সুনির্দিষ্ট তথ্য, প্রমাণ কিংবা তদন্তের ফলাফল উপস্থাপন করা হয়নি বলে সংশ্লিষ্টদের দাবি।

তালিকায় নাম থাকা একটি দৈনিক পত্রিকার সম্পাদক বিষয়টি জানতে ড. নাহিদা ফরিদীকে ফোন করলেও তিনি কল রিসিভ করেননি। পরে তাঁর প্রটোকল অফিসার পরিচয়ে একজন ওই সম্পাদকের প্রশ্নের জবাবে বলেন, ‘ঐ তালিকা একজন কমিশনার ম্যাডামকে দিয়েছেন, ম্যাডাম কেবল গ্রুপে শেয়ার করেছেন। এটা একটা মিসটেক হয়েছে।’

অর্থাৎ, তালিকাটি অন্য একজন কমিশনারের কাছ থেকে পাওয়া এবং যাচাই-বাছাই ছাড়াই শেয়ার করার কারণে ভুল হয়েছে—এমন ব্যাখ্যাই দেওয়া হয়েছে বলে অভিযোগকারী সম্পাদক জানিয়েছেন।

কিন্তু প্রশ্ন হচ্ছে, একজন দায়িত্বশীল সরকারি কর্মকর্তা কীভাবে যাচাই না করে ১০ জন পেশাদার সাংবাদিককে ‘চাঁদাবাজ’ ও ‘ব্ল্যাকমেইলার’ হিসেবে চিহ্নিত করে এমন একটি তালিকা দাপ্তরিক কর্মকর্তাদের গ্রুপে প্রচার করতে পারেন? তালিকাভুক্ত সাংবাদিকদের সঙ্গে নাহিদা ফরিদীর কোনো পরিচয় ছিল না, তাঁদের সঙ্গে কোনো দিন দেখা বা কথাও হয়নি বলে সংশ্লিষ্ট সূত্রের দাবি। তাহলে তাঁদের বিরুদ্ধে এমন গুরুতর অভিযোগের ভিত্তি কী ?

সাংবাদিকদের মতে, কোনো ব্যক্তির বিরুদ্ধে অপরাধের অভিযোগ থাকলে তা তদন্ত ও আইনানুগ প্রক্রিয়ার মাধ্যমে নিষ্পত্তি হওয়া উচিত। কিন্তু প্রমাণ ছাড়াই সাংবাদিকদের অপরাধী হিসেবে চিহ্নিত করে সরকারি কর্মকর্তাদের মধ্যে প্রচার করা তাঁদের ব্যক্তিগত ও পেশাগত মর্যাদার জন্য গুরুতর হুমকি। এ ধরনের কর্মকাণ্ডের আইনগত দায় নির্ধারণের দাবিও উঠেছে।

প্রবীণ সাংবাদিককে অপদস্থ, পেছন থেকে ভিডিও ধারণের অভিযোগ  স্টাফ অফিসার সাদ্দামের বিরুদ্ধে  : এদিকে উত্তর কাস্টমস বন্ড কমিশনারেটের কার্যালয়ে সম্প্রতি এক প্রবীণ সাংবাদিককে অপমান ও অপদস্থ করার অভিযোগ উঠেছে কমিশনার ড. নাহিদা ফরিদীর বিরুদ্ধে। অভিযোগ রয়েছে, নিজ অফিসকক্ষে ওই সাংবাদিকের সঙ্গে অসম্মানজনক আচরণ করা হয়।

এ সময় পেছন থেকে পুরো ঘটনার ভিডিও ধারণ করেন তাঁর ক্ষমতাধর স্টাফ অফিসার হিসেবে পরিচিত সাদ্দাম হোসেন, যিনি দপ্তরে ‘বিকল্প কমিশনার’ হিসেবেও পরিচিত বলে অভিযোগ রয়েছে। পরবর্তী সময়ে ওই ভিডিওটি অফিসিয়াল হোয়াটসঅ্যাপ গ্রুপে শেয়ার করা হয় বলেও অভিযোগ উঠেছে।

একজন প্রবীণ সাংবাদিকের সঙ্গে সরকারি কার্যালয়ে এমন আচরণ এবং ঘটনার ভিডিও ধারণ করে তা দাপ্তরিক গ্রুপে প্রচারের উদ্দেশ্য কী ছিল, তা নিয়েও প্রশ্ন দেখা দিয়েছে। ভিডিওটি কেন ধারণ করা হয়েছিল, কার নির্দেশে তা শেয়ার করা হয়েছে এবং এর মাধ্যমে সংশ্লিষ্ট সাংবাদিককে হেয় করার কোনো উদ্দেশ্য ছিল কি না—এসব বিষয় নিরপেক্ষ তদন্তের দাবি জানিয়েছেন সাংবাদিকরা।

প্রশাসনিক ক্ষমতা, ব্যক্তিগত আক্রোশ নাকি গণমাধ্যমকে চাপে রাখার কৌশল  ? একটির পর একটি ঘটনায় ড. নাহিদা ফরিদীর ভূমিকা নিয়ে এখন প্রশাসন ও সাংবাদিক মহলে আলোচনা তৈরি হয়েছে। একদিকে সংবাদ প্রকাশের প্রমাণ চেয়ে সম্পাদককে সাত কার্যদিবসের সময়সীমা দিয়ে আইনানুগ ব্যবস্থার হুঁশিয়ারি, অন্যদিকে সাংবাদিকদের ‘চাঁদাবাজ ও ব্ল্যাকমেইলার’ হিসেবে তালিকাভুক্ত করে প্রচার এবং প্রবীণ সাংবাদিককে অপদস্থ করার অভিযোগ—সব মিলিয়ে তাঁর প্রশাসনিক আচরণ নিয়ে গুরুতর প্রশ্ন উঠেছে।

সাংবাদিক সমাজের বক্তব্য, সরকারি কর্মকর্তাদের বিরুদ্ধে দুর্নীতি, অনিয়ম কিংবা ক্ষমতার অপব্যবহারের অভিযোগ প্রকাশ করা গণমাধ্যমের দায়িত্ব। কোনো প্রতিবেদন ভুল হলে সংশ্লিষ্ট কর্তৃপক্ষ তথ্য-প্রমাণসহ প্রতিবাদ জানাতে পারে। কিন্তু সাংবাদিকদের বিরুদ্ধে প্রমাণহীন অভিযোগ ছড়িয়ে দেওয়া কিংবা সরকারি দপ্তরের ক্ষমতা ব্যবহার করে সংবাদমাধ্যমকে ভীতসন্ত্রস্ত করার চেষ্টা কোনোভাবেই কাম্য নয়।

অর্থমন্ত্রী, অর্থ প্রতিমন্ত্রী ও সচিবের জরুরি হস্তক্ষেপ দাবি : এ পরিস্থিতিতে অর্থমন্ত্রী, অর্থ প্রতিমন্ত্রী, অর্থ মন্ত্রণালয়ের সচিব এবং এনবিআর চেয়ারম্যানের প্রতি জরুরি হস্তক্ষেপের আহ্বান জানিয়েছেন সাংবাদিক সমাজের প্রতিনিধিরা। তাঁদের দাবি, ড. নাহিদা ফরিদীর স্বাক্ষরিত সম্পাদক বরাবর পাঠানো চিঠির আইনগত ভিত্তি ও এখতিয়ার যাচাই করতে হবে।

একই সঙ্গে ১০ সাংবাদিককে ‘চাঁদাবাজ ও ব্ল্যাকমেইলার’ আখ্যা দিয়ে প্রচারিত তালিকার উৎস, সত্যতা, প্রচারের উদ্দেশ্য এবং সংশ্লিষ্ট কর্মকর্তাদের ভূমিকা তদন্ত করতে হবে। প্রবীণ সাংবাদিককে অপদস্থ করার ঘটনা এবং ভিডিও ধারণ ও প্রচারের বিষয়টিও নিরপেক্ষ তদন্তের আওতায় আনার দাবি জানানো হয়েছে। অভিযোগ প্রমাণিত হলে সংশ্লিষ্টদের বিরুদ্ধে বিভাগীয় ও প্রচলিত আইন অনুযায়ী ব্যবস্থা গ্রহণের আহ্বান জানিয়েছেন তাঁরা।

সাংবাদিকদের প্রশ্ন—যে সরকারি কর্মকর্তা নিজেই সংবাদমাধ্যমের বিরুদ্ধে বিচারকের মতো অবস্থান নিয়ে রায় দেওয়ার ভাষায় চিঠি দিতে পারেন, প্রমাণ ছাড়াই সাংবাদিকদের অপরাধী হিসেবে চিহ্নিত করতে পারেন বলে অভিযোগ উঠেছে, তাঁর প্রশাসনিক ক্ষমতার ব্যবহার ও আচরণ তদারকির দায়িত্ব কার ?

রাজস্ব প্রশাসনের গুরুত্বপূর্ণ একটি দপ্তরে দায়িত্ব পালনকারী একজন কমিশনারের বিরুদ্ধে ওঠা এসব অভিযোগের নিরপেক্ষ তদন্ত এখন সময়ের দাবি। অভিযোগগুলোর সত্যতা যাচাই করে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া না হলে সরকারি প্রশাসনের জবাবদিহি, গণমাধ্যমের স্বাধীনতা এবং সাংবাদিকদের নিরাপত্তা নিয়ে জনমনে আরও গুরুতর প্রশ্ন তৈরি হতে পারে।

👁️ 32 News Views

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *