# ওজনযন্ত্রের ভেরিফিকেশন সনদ না থাকা # লাইসেন্স ও মোড়কজাত সনদ ছাড়া কসমেটিকস বিক্রি এবং মূল্য তালিকা না রাখার দায়ে বিভিন্ন প্রতিষ্ঠানকে জরিমানা #

লালমনিরহাট প্রতিনিধি : ভোক্তা অধিকার সুরক্ষা, পণ্যের গুণগতমান নিশ্চিতকরণ এবং ওজন ও পরিমাপে কারচুপি প্রতিরোধে লালমনিরহাটে অভিযান চালিয়েছে বাংলাদেশ স্ট্যান্ডার্ডস অ্যান্ড টেস্টিং ইনস্টিটিউশন (বিএসটিআই)। বিএসটিআই বিভাগীয় কার্যালয়, রংপুর ও জেলা প্রশাসন, লালমনিরহাটের যৌথ উদ্যোগে পরিচালিত দুটি ভ্রাম্যমাণ আদালতের অভিযানে সাতটি মামলায় মোট ৩২ হাজার টাকা জরিমানা আদায় করা হয়েছে।
বুধবার (২৫ নভেম্বর ২০২৬) লালমনিরহাট সদর উপজেলার বিভিন্ন বাজার ও ব্যবসাপ্রতিষ্ঠানে এ অভিযান পরিচালিত হয়। ওজন ও পরিমাপের মানদণ্ড আইন, ২০১৮, বিএসটিআই আইন, ২০১৮ এবং ভোক্তা অধিকার সংরক্ষণ আইন, ২০০৯-এর আওতায় এসব জরিমানা করা হয়।
অভিযান সূত্রে জানা যায়, পুরান বাজারের তানজিমা প্রগতি এন্টারপ্রাইজ, মেসার্স নরসিংদী এন্টারপ্রাইজ এবং মেসার্স আওলাদ এন্ড ব্রাদার্সে ব্যবহৃত ওজনযন্ত্রের ভেরিফিকেশন সনদ না থাকায় প্রতিটি প্রতিষ্ঠানকে ৫ হাজার টাকা করে জরিমানা করা হয়। ওজন ও পরিমাপ মানদণ্ড আইন, ২০১৮-এর ৩২(১)/৪৮ ধারায় প্রতিষ্ঠান তিনটির বিরুদ্ধে এ অর্থদণ্ড দেওয়া হয়।

অন্যদিকে, রেল বাজারের মেসার্স মীম স্টোরে বিএসটিআইয়ের ছাড়পত্র বা লাইসেন্স ছাড়াই বিদেশি কসমেটিকস বিক্রির অপরাধে বিএসটিআই আইন, ২০১৮-এর ৩০ ধারায় ১০ হাজার টাকা জরিমানা করা হয়। একই বাজারের মেসার্স মাসুম স্টোরে বিএসটিআইয়ের মোড়কজাত সনদ ছাড়া কসমেটিকস বিক্রির দায়ে ওজন ও পরিমাপ মানদণ্ড আইন, ২০১৮-এর ২৪(১)/৪১ ধারায় ৫ হাজার টাকা জরিমানা করা হয়।

বিজ্ঞাপন
এ ছাড়া বিডিআর গেটে অবস্থিত ফলের দোকানগুলোতে ব্যবহৃত ওজনযন্ত্র যাচাই করে সেগুলো সঠিক পাওয়া যায়। তবে দোকানগুলোতে মূল্য তালিকা না থাকায় ভোক্তা অধিকার সংরক্ষণ আইন, ২০০৯ অনুযায়ী দুটি দোকানকে ১ হাজার টাকা করে মোট ২ হাজার টাকা জরিমানা করা হয়।
দুটি ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করেন লালমনিরহাট জেলা প্রশাসনের সহকারী কমিশনার ও বিজ্ঞ নির্বাহী ম্যাজিস্ট্রেট রাকিবুল ইসলাম এবং মো. মামুনুর রশিদ।
অভিযানে প্রসিকিউটর হিসেবে উপস্থিত ছিলেন বিএসটিআই বিভাগীয় কার্যালয়, রংপুরের ফিল্ড অফিসার (সিএম) খন্দকার মো. জামিনুর রহমান এবং পরিদর্শক (মেট্রোলজি) প্রকৌশলী তাদমিরা শারমিন।
সংশ্লিষ্ট কর্তৃপক্ষ জানিয়েছে, ভোক্তাদের স্বার্থ রক্ষা, সঠিক ওজন ও পরিমাপ নিশ্চিত করা এবং মানহীন বা বিধিবহির্ভূত পণ্যের বাজারজাতকরণ প্রতিরোধে এ ধরনের অভিযান অব্যাহত থাকবে।
জনস্বার্থে বিএসটিআই, রংপুরের পক্ষ থেকে বাজার মনিটরিং ও ভ্রাম্যমাণ আদালতের অভিযান নিয়মিতভাবে পরিচালনার উদ্যোগ নেওয়া হয়েছে।
