
নুরনবী সোহেল : জাতীয় সাংবাদিক সংস্থার কক্সবাজার জেলা কমিটির সম্মেলন আগামী শুক্রবার (২৭ নভেম্বর ২০২৬) কক্সবাজার জেলা পরিষদ অডিটরিয়ামে অনুষ্ঠিত হতে যাচ্ছে। এই সম্মেলনকে ঘিরে জেলার সাংবাদিক মহলে ব্যাপক উৎসাহ-উদ্দীপনা বিরাজ করছে।

সম্মেলনে প্রধান অতিথি ও বিশেষ অতিথি হিসেবে উপস্থিত থাকবেন সংস্থার কেন্দ্রীয় নির্বাহী পরিষদের সভাপতি মোঃ আলমগীর গনি এবং মহাসচিব মুহাম্মদ মনজুর হোসেন। এ ছাড়া কেন্দ্রীয় নির্বাহী পরিষদের সহ-সভাপতি লায়ন মোঃ আতিকুর রহমান আজাদসহ কেন্দ্রীয় পর্যায়ের অন্যান্য নেতৃবৃন্দ সম্মেলনে অংশ নেবেন।
সংস্থার দপ্তর সম্পাদক রাব্বি মোল্লা এক সংবাদ বিজ্ঞপ্তিতে কেন্দ্রীয় নেতৃবৃন্দের সফরসূচি নিশ্চিত করেছেন। বিজ্ঞপ্তিতে জানানো হয়, সম্মেলনে যোগদানের লক্ষ্যে আজ বুধবার (২৫ নভেম্বর) রাত ১১টায় কক্সবাজারের উদ্দেশ্যে যাত্রা করবেন সংস্থার মহাসচিব মুহাম্মদ মনজুর হোসেন।
তাঁর সফরসঙ্গী হিসেবে থাকবেন কেন্দ্রীয় নির্বাহী পরিষদের যুগ্ম মহাসচিব মোঃ জাফরুল্লাহ এবং প্রচার ও প্রকাশনা সচিব এম হোসাইন আহমদ।

অন্যদিকে, কেন্দ্রীয় সভাপতি মোঃ আলমগীর গনি আগামী শুক্রবার (২৭ নভেম্বর) সকালে বিমানযোগে কক্সবাজারের উদ্দেশ্যে রওনা হবেন।

বিজ্ঞাপন
সম্মেলনে যোগদান শেষে তিনি স্থানীয় নেতৃবৃন্দ ও গণমাধ্যমকর্মীদের সঙ্গে মতবিনিময় করবেন।
আয়োজকরা জানান, এই সম্মেলনের মাধ্যমে সাংবাদিকদের পেশাগত মানোন্নয়ন, ঐক্য, অধিকার প্রতিষ্ঠা ও মর্যাদা রক্ষার বিষয়ে গুরুত্বপূর্ণ আলোচনা হবে।
পাশাপাশি সংগঠনকে তৃণমূল পর্যায়ে আরও গতিশীল ও শক্তিশালী করতে কেন্দ্রীয় নেতৃবৃন্দ দিকনির্দেশনা প্রদান করবেন। কেন্দ্রীয় নেতাদের এই সফর কক্সবাজারের সাংবাদিক সমাজের মধ্যে পারস্পরিক সম্প্রীতি ও সাংগঠনিক বন্ধনকে আরও সুদৃঢ় করবে বলে আশা করা হচ্ছে।
কক্সবাজারের সম্মেলন শেষে কেন্দ্রীয় নেতৃবৃন্দ সাংগঠনিক সফরের অংশ হিসেবে আরও দুটি কর্মসূচিতে যোগ দেবেন। এর মধ্যে আগামী শনিবার (২৮ নভেম্বর) বান্দরবান জেলা কমিটির উদ্যোগে আয়োজিত সংবর্ধনা অনুষ্ঠানে এবং রোববার (২৯ নভেম্বর) বন্দরনগরী চট্টগ্রাম জেলা কমিটির বিশেষ সভায় অংশ নেবেন তাঁরা।
সম্মেলনটি সাফল্যমণ্ডিত করতে কক্সবাজারের সকল সাংবাদিক, সংগঠনের নেতৃবৃন্দ, সদস্য ও শুভানুধ্যায়ীদের যথাসময়ে উপস্থিত থাকার জন্য জেলা কমিটির পক্ষ থেকে আন্তরিক আমন্ত্রণ জানানো হয়েছে।
