মোঃ সাইফুর রশিদ চৌধুরী : কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগের ডাকা দুই দিনের (২৯-৩০ নভেম্বর রবি সোমবার) লকডাউন কর্মসূচির প্রথম দিনে গোপালগঞ্জে সর্বাত্মক লকডাউন পালিত হয়েছে। এ সময় শহরের গুরুত্বপূর্ণ সড়কগুলো কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগ ও এর অঙ্গসংগঠনের নেতাকর্মীদের মিছিলে মুখরিত হয়ে ওঠে।

সকাল ৯টা থেকে জেলার বিভিন্ন গ্রাম, ইউনিয়ন ও পৌরসভার ওয়ার্ড থেকে নেতাকর্মীরা মিছিল নিয়ে শহরের গুরুত্বপূর্ণ স্থানগুলোতে অবস্থান নেন।
একপর্যায়ে জেলা প্রশাসকের কার্যালয় এবং বাসভবনের সামনে মিছিলকারীদের সাথে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সদস্যদের বাকবিতণ্ডতার ঘটনা ঘটে। তবে সেখানে বড় কোনো অপ্রীতিকর ঘটনা ঘটেনি।
এদিকে গোপালগঞ্জ শহরের প্রবেশমুখ ও গুরুত্বপূর্ণ পয়েন্ট—ঘোনাপাড়া মোড়, বেদগ্রাম, পুলিশ লাইন, হরিদাসপুর ব্রিজ, বিজয়পাশা, চন্দ্রদিঘলিয়া এবং মান্দারতলায় বিক্ষুব্ধ নেতাকর্মীরা সড়কে টায়ার জ্বালিয়ে ও গাছ ফেলে যানবাহন চলাচল বন্ধ করে দেন। ফলে সড়কে দু-একটি মোটরসাইকেল ছাড়া দূরপাল্লার বাসসহ অন্য কোনো যানবাহন চলতে দেখা যায়নি।


শহরের সকল দোকানপাট, কাঁচাবাজার ও ওষুধের দোকানসহ সব ধরনের ব্যবসা প্রতিষ্ঠান বন্ধ রয়েছে। পাশাপাশি টুঙ্গীপাড়া, মুকসুদপুর, কাশিয়ানী ও কোটালীপাড়া উপজেলাতেও সর্বাত্মক লকডাউন পালিত হয়েছে।

বিজ্ঞাপন
এসব উপজেলায় দোকানপাট, ব্যবসা প্রতিষ্ঠান ও শিক্ষাপ্রতিষ্ঠান বন্ধ ছিল। তবে শিক্ষাপ্রতিষ্ঠানে চলমান পরীক্ষাগুলো লকডাউনের আওতার বাইরে রাখা হয়েছে এবং পরীক্ষার্থীদের যাতায়াতে সহায়তা করতে দেখা গেছে।
শহরের পাশাপাশি জেলার বিভিন্ন উপজেলাতেও নেতাকর্মীরা বিক্ষোভ মিছিল ও সমাবেশ করেন। মিছিলগুলোতে উল্লেখযোগ্য সংখ্যক নারী কর্মীর উপস্থিতি লক্ষ্য করা গেছে। এ প্রতিবেদন লেখা পর্যন্ত জেলা শহর বা কোনো উপজেলা থেকে বড় ধরনের কোনো অপ্রীতিকর ঘটনার খবর পাওয়া যায়নি।
