
নইন আবু নাঈম, (বাগেরহাট) : বাগেরহাটে খান জাহান আলী (রহ.)-এর মাজার সংলগ্ন দীঘিতে কুমিরের আক্রমণে নিখোঁজ সাত বছর বয়সী শিশু ফাতেমা আক্তারের মরদেহ উদ্ধার করা হয়েছে। মঙ্গলবার (২ জুন) ভোরে দীঘির মহিলা ঘাটের পাশ থেকে মাজারের খাদেম ও ফায়ার সার্ভিসের সদস্যরা মরদেহটি উদ্ধার করেন।

এর আগে সোমবার (১ জুন) রাত সাড়ে ৮টার দিকে খান জাহান আলী (রহ.)-এর মাজার সংলগ্ন দীঘির পূর্ব পাশের নারীঘাটে গোসল করতে নামলে মাজারে থাকা কুমিরটি ফাতেমা আক্তারকে টেনে নিয়ে যায়।
ঘটনাটি ঘটার সঙ্গে সঙ্গে চারদিকে চিৎকার-চেঁচামেচি শুরু হয়। স্থানীয়রা নৌকা নামিয়ে উদ্ধার অভিযান শুরু করেন। পরে ফায়ার সার্ভিস, পুলিশ ও জেলা প্রশাসনের সদস্যরা যৌথভাবে উদ্ধার তৎপরতায় অংশ নেন।

স্থানীয়রা জানান, ফাতেমা আক্তার মাজার এলাকায় ভবঘুরে হিসেবে বসবাসকারী এক মানসিক ভারসাম্যহীন নারীর মেয়ে। তবে তার পরিবারের বিষয়ে এর বেশি তথ্য জানাতে পারেনি মাজার কর্তৃপক্ষ বা পুলিশ।

প্রত্যক্ষদর্শীরা জানান, ঘটনার সময় ঘাটে অনেক মানুষ উপস্থিত ছিলেন। গোসল করতে নামার কিছুক্ষণ পরই কুমিরটি শিশুটিকে টেনে পানির নিচে নিয়ে যায়। শিশুটির চিৎকার ও উপস্থিত লোকজনের হৈচৈ সত্ত্বেও কেউ পানিতে নেমে তাকে উদ্ধারের সাহস পাননি।
ঘাটসংলগ্ন এক দোকানি বিনা ফকির জানান, উদ্ধার করা মরদেহের শরীরের কয়েকটি স্থানে কুমিরের কামড়ের চিহ্ন রয়েছে।
মাজারের প্রধান খাদেম ফকির তারিকুল ইসলাম বলেন, ভোরে শিশুটির মরদেহ উদ্ধার করা হয়েছে। বর্তমানে মরদেহটি মহিলা ঘাটে রাখা হয়েছে। জেলা প্রশাসন ও পুলিশ প্রশাসনের সঙ্গে আলোচনা করে মরদেহ দাফন এবং পরবর্তী প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করা হবে।
