
মোঃ সাইফুর রশিদ চৌধুরী : গোপালগঞ্জে বিপুল পরিমাণ ইয়াবাসহ বৃষ্টি মন্ডল (১৯) নামের এক তরুণী মাদক ব্যবসায়ীকে গ্রেফতার করেছে জেলা গোয়েন্দা পুলিশ (ডিবি)। ৩১ মে রবিবার রাতে সদর উপজেলার ভেন্নাবাড়ি গ্রাম থেকে তাকে হাতেনাতে আটক করা হয়। আটক বৃষ্টি ওই গ্রামের অশোক মন্ডলের মেয়ে।

ডিবি পুলিশ জানায়, গোপন সংবাদের ভিত্তিতে রবিবার রাতে উত্তর ভেন্নাবাড়ি গ্রামের গোপালগঞ্জ-টেকেরহাট আঞ্চলিক মহাসড়কের পাশে একটি বন্ধ কাঁচামালের দোকানের সামনে অভিযান চালানো হয়। এ সময় তল্লাশি চালিয়ে বৃষ্টি মন্ডলের কাছ থেকে ৪ হাজার ৫০০ পিস ইয়াবা উদ্ধার করা হয়।
গোপালগঞ্জ জেলা গোয়েন্দা পুলিশের উপ-পরিদর্শক (এসআই) সঞ্জয় মালো ঘটনার সত্যতা নিশ্চিত করে জানান, প্রাথমিক জিজ্ঞাসাবাদে গ্রেফতারকৃত বৃষ্টি মন্ডল স্বীকার করেছে যে, সে ও তার আপন বোন সীমা মন্ডল দীর্ঘ দিন ধরে এই চক্রের সাথে জড়িত।

তারা কক্সবাজারের টেকনাফ সীমান্ত থেকে কম দামে ইয়াবার চালান সংগ্রহ করে গোপালগঞ্জের বিভিন্ন এলাকায় পাইকারি মূল্যে বিক্রি করে আসছিল।

ডিবি পুলিশ আরও জানায়, এই মাদক সিন্ডিকেটের সাথে জড়িত অন্যান্যদের গ্রেফতারে অভিযান অব্যাহত রয়েছে। আটক বৃষ্টি মন্ডলের বিরুদ্ধে গোপালগঞ্জ সদর থানায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে একটি মামলা দায়েরের প্রক্রিয়া চলছে।
