লালমনিরহাটে পাচারের সময় ৪৫ বস্তা ডিএপি সার জব্দ, ব্যবসায়ীর ৭ দিনের কারাদণ্ড

Uncategorized অপরাধ আইন ও আদালত গ্রাম বাংলার খবর জাতীয় প্রশাসনিক সংবাদ বিশেষ প্রতিবেদন সারাদেশ

রওশন বাবু,  (লালমনিরহাট)  :  লালমনিরহাটে সরকারি ভর্তুকিযুক্ত সার অবৈধভাবে অন্যত্র পাচারের চেষ্টার দায়ে এরশাদ আলী নামের এক কীটনাশক ও সার ব্যবসায়ীকে ৭ দিনের বিনাশ্রম কারাদণ্ড দিয়েছেন ভ্রাম্যমাণ আদালত। একই সঙ্গে জব্দ করা সার স্থানীয় কৃষকদের মাঝে ন্যায্যমূল্যে বিতরণ করা হয়েছে।


বিজ্ঞাপন

সোমবার (১৬ নভেম্বর) সকালে সদর উপজেলার হারাটি ইউনিয়নের মহেন্দ্রনগর বাজার এলাকায় এ অভিযান পরিচালনা করা হয়।

স্থানীয় সূত্র ও প্রশাসন জানায়, সোমবার ভোরে পাচারের উদ্দেশ্যে তিনটি ইজিবাইকে করে ৪৫ বস্তা ডিএপি সার অন্যত্রে সরিয়ে নেওয়া হচ্ছিল। এ সময় স্থানীয় লোকজনের সন্দেহ হলে তারা তাৎক্ষণিকভাবে তৎপর হয়ে সারবোঝাই ইজিবাইক তিনটি আটক করেন এবং পুলিশকে খবর দেন।

খবর পেয়ে সদর উপজেলা নির্বাহী অফিসার ও ভ্রাম্যমাণ আদালতের নির্বাহী ম্যাজিস্ট্রেট মনোনীতা দাস দ্রুত ঘটনাস্থলে ছুটে যান। সেখানে তিনটি ইজিবাইকসহ মোট ৪৫ বস্তা ডিএপি সার জব্দ করা হয়। পরে সার পাচারের সঙ্গে সরাসরি জড়িত থাকার অপরাধে তাৎক্ষণিকভাবে ভ্রাম্যমাণ আদালত বসিয়ে অভিযুক্ত ব্যবসায়ী এরশাদ আলীকে ৭ দিনের বিনাশ্রম কারাদণ্ড প্রদান করা হয়।


বিজ্ঞাপন

এ বিষয়ে ভ্রাম্যমাণ আদালতের বিচারক ও উপজেলা নির্বাহী অফিসার মনোনীতা দাস জানান, স্থানীয়দের সতর্কতার খবর পেয়ে দ্রুত ঘটনাস্থলে গিয়ে ইজিবাইকসহ ৪৫ বস্তা ডিএপি সার জব্দ করা হয়েছে এবং দোষী ব্যবসায়ীকে সাজা দেওয়া হয়েছে। এছাড়া জব্দকৃত সার পরবর্তীতে হারাটি ইউনিয়নের স্থানীয় কৃষকদের মাঝে ন্যায্যমূল্যে বিতরণ করা হয়েছে।


বিজ্ঞাপন

প্রশাসনের এমন সময়োপযোগী ও কঠোর পদক্ষেপে সন্তোষ প্রকাশ করেছেন স্থানীয় কৃষকরা। সেই সঙ্গে সিন্ডিকেটের দৌরাত্ম্য ও এ ধরনের অনিয়মের বিরুদ্ধে প্রশাসনের নজরদারি আরও বাড়ানোর জোর দাবি জানিয়েছেন তারা।

👁️ 26 News Views

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *