
মেহেদী হাসান সাঘাটা, (গাইবান্ধা) : গাইবান্ধার সাঘাটা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে চিকিৎসক সংকট ও প্রয়োজনীয় বিশেষজ্ঞ চিকিৎসকের অভাবে ব্যাহত হচ্ছে চিকিৎসাসেবা। বিশেষ করে অ্যানেস্থেসিয়া বিশেষজ্ঞ চিকিৎসক না থাকায় দীর্ঘদিন ধরে বন্ধ রয়েছে সিজারিয়ানসহ বিভিন্ন ধরনের মেজর অপারেশন। ফলে জরুরি অস্ত্রোপচারের প্রয়োজন হলে রোগীদের যেতে হচ্ছে গাইবান্ধা সদর হাসপাতাল কিংবা বগুড়ার শহীদ জিয়াউর রহমান মেডিকেল কলেজ হাসপাতালে। এতে চরাঞ্চল ও নদীভাঙনকবলিত এলাকার সাধারণ মানুষকে পোহাতে হচ্ছে বাড়তি দুর্ভোগ।

হাসপাতাল কর্তৃপক্ষের দেওয়া তথ্য অনুযায়ী, বর্তমানে স্বাস্থ্য কমপ্লেক্সে উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা (ইউএইচএফপিও) একজন, সার্জারি কনসালটেন্ট একজন এবং সহকারী সার্জন/মেডিকেল অফিসার আটজন কর্মরত রয়েছেন। তবে একজন চিকিৎসক জুলাই শহীদ স্মৃতি ফাউন্ডেশনে সংযুক্তিতে রয়েছেন। এছাড়া পদায়ন থাকলেও ডেন্টাল সার্জন একজন বিনা বেতনে ছুটিতে আছেন।
অন্যদিকে, কনসালটেন্ট (গাইনি), কনসালটেন্ট (মেডিসিন), কনসালটেন্ট (অ্যানেস্থেসিয়া) এবং মেডিকেল অফিসার/সহকারী সার্জনের চারটি পদসহ মোট সাতটি চিকিৎসক পদ শূন্য রয়েছে।
হাসপাতালে গাইনি ও প্রসূতি রোগ বিশেষজ্ঞ না থাকায় নারী ও গর্ভবতী মায়েদের চিকিৎসাসেবা নিয়েও উদ্বেগ রয়েছে। কর্তৃপক্ষ জানিয়েছে, পদোন্নতিজনিত কারণে গাইনি কনসালটেন্ট সম্প্রতি বদলি হয়েছেন। বর্তমানে ANC কর্নারে দায়িত্বপ্রাপ্ত অভিজ্ঞ ও প্রশিক্ষিত সিনিয়র নার্সরা গর্ভবতী মায়েদের নিয়মিত চেকআপের সময় প্রাথমিক পরামর্শ দেন। পাশাপাশি আউটডোরে দায়িত্বপ্রাপ্ত মেডিকেল অফিসাররা প্রয়োজনীয় চিকিৎসা দিয়ে থাকেন।

বন্ধ মেজর অপারেশন, চালু রয়েছে মাইনর অপারেশন : স্বাস্থ্য কমপ্লেক্সের অপারেশন থিয়েটার পুরোপুরি বন্ধ নয়। তবে অ্যানেস্থেসিয়া বিশেষজ্ঞ চিকিৎসক না থাকায় বর্তমানে সিজারিয়ান সেকশন, অ্যাপেন্ডিক্স ও হার্নিয়াসহ বিভিন্ন ধরনের মেজর অপারেশন বন্ধ রয়েছে। সার্জারি বিশেষজ্ঞ চিকিৎসক থাকলেও অ্যানেস্থেসিয়া বিশেষজ্ঞের অভাবে এসব অস্ত্রোপচার করা সম্ভব হচ্ছে না। তবে মাইনর অপারেশন কার্যক্রম চালু রয়েছে বলে জানিয়েছে হাসপাতাল কর্তৃপক্ষ।

বিজ্ঞাপন
জরুরি অস্ত্রোপচারের প্রয়োজন হলে রোগীদের গাইবান্ধা সদর হাসপাতাল অথবা বগুড়ার শহীদ জিয়াউর রহমান মেডিকেল কলেজ হাসপাতালে রেফার করা হয়। এ ক্ষেত্রে সরকারি অ্যাম্বুলেন্স তাৎক্ষণিকভাবে পাওয়া গেলে সেটি ব্যবহার করা হয়। অ্যাম্বুলেন্স অন্য কাজে ব্যস্ত থাকলে রোগীদের নিজস্ব ব্যবস্থাপনায় বেসরকারি যানবাহনে নিয়ে যাওয়ার পরামর্শ দেওয়া হয়।
রোগীর চাপ বেশি, চিকিৎসক মাত্র ২-৩ জন : হাসপাতাল কর্তৃপক্ষের তথ্য অনুযায়ী, সাঘাটা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের বহির্বিভাগে প্রতিদিন গড়ে ৩৫০ থেকে ৪০০ জন রোগী চিকিৎসা নিতে আসেন। ক্ষেত্রবিশেষে এই সংখ্যা আরও বেড়ে যায়। অথচ প্রতিদিন বহির্বিভাগে দায়িত্ব পালন করেন মাত্র দুই থেকে তিনজন চিকিৎসক।
কর্তৃপক্ষ জানিয়েছে, ২৪ ঘণ্টা হাসপাতালের কার্যক্রম সচল রাখতে রোস্টার অনুযায়ী চিকিৎসকদের দায়িত্ব পালন করতে হয়। ফলে সীমিত চিকিৎসক দিয়ে বিপুলসংখ্যক রোগীর সেবা দেওয়া অত্যন্ত কঠিন ও চ্যালেঞ্জিং হয়ে পড়েছে। চিকিৎসক সংকটের কারণে রোগীদের দীর্ঘসময় অপেক্ষা করতে হয় এবং প্রত্যেক রোগীকে পর্যাপ্ত সময় দেওয়া সম্ভব হয় না।
এ ছাড়া বর্তমানে সার্জারি সংশ্লিষ্ট রোগীদের বাইরে অন্যান্য রোগীদের জন্য বিশেষজ্ঞ চিকিৎসাসেবা দেওয়া সম্ভব হচ্ছে না। শিশু, নারী ও পুরুষ রোগীদের জন্য পৃথক কক্ষে দায়িত্বপ্রাপ্ত মেডিকেল অফিসাররা চিকিৎসাসেবা দেন। বিশেষজ্ঞ চিকিৎসার প্রয়োজন হলে রোগীদের গাইবান্ধা সদর হাসপাতালে পাঠানো হয়। রোগীর চাপের তুলনায় চিকিৎসক, ওষুধ ও প্রয়োজনীয় পরীক্ষা-নিরীক্ষার ব্যবস্থাও অপ্রতুল বলে জানিয়েছে কর্তৃপক্ষ।
চিঠি দিয়েও মেলেনি সমাধান, নেই নির্দিষ্ট সময়সীমা : হাসপাতাল কর্তৃপক্ষ জানিয়েছে, প্রয়োজনীয় বিশেষজ্ঞ চিকিৎসক পদায়নের জন্য ঊর্ধ্বতন কর্তৃপক্ষের কাছে চিঠি দেওয়া হয়েছে। পাশাপাশি মাসিক সভায় গাইবান্ধার সিভিল সার্জনকেও বিষয়টি অবহিত করা হয়েছে। পুনরায় চিঠি দিয়ে চিকিৎসক সংকটের বিষয়টি জানানো হবে।
তবে কবে নাগাদ গাইনি, মেডিসিন ও অ্যানেস্থেসিয়া বিশেষজ্ঞ চিকিৎসক নিয়োগ বা পদায়ন করা হবে এবং কবে থেকে মেজর অপারেশন পুনরায় চালু করা সম্ভব হবে, সে বিষয়ে কোনো নির্দিষ্ট সময়সীমা জানাতে পারেনি হাসপাতাল কর্তৃপক্ষ।
উল্লেখ্য, চরাঞ্চল ও নদীভাঙনকবলিত সাঘাটা উপজেলায় প্রায় তিন লাখ মানুষের বসবাস। এত বিশাল জনগোষ্ঠীর চিকিৎসাসেবার অন্যতম প্রধান ভরসা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সটি। কিন্তু প্রয়োজনীয় বিশেষজ্ঞ চিকিৎসক ও জনবল সংকটের কারণে প্রত্যাশিত চিকিৎসাসেবা নিশ্চিত করা কঠিন হয়ে পড়েছে।
স্থানীয়দের প্রত্যাশা, সংশ্লিষ্ট ঊর্ধ্বতন কর্তৃপক্ষ দ্রুত প্রয়োজনীয় চিকিৎসক পদায়ন, জনবল বৃদ্ধি এবং আধুনিক চিকিৎসাসেবার ব্যবস্থা গ্রহণ করবে। বিশেষ করে গাইনি ও অ্যানেস্থেসিয়া বিশেষজ্ঞ নিয়োগের মাধ্যমে নারী ও প্রসূতি রোগীদের চিকিৎসাসেবা নিশ্চিত করার পাশাপাশি মেজর অপারেশন পুনরায় চালু করা হবে—এমনটাই প্রত্যাশা সাঘাটাবাসীর।
