
বাগেরহাট প্রতিনিধি : কৈশোরকালীন শারীরিক ও মানসিক পরিবর্তন, ব্যক্তিগত স্বাস্থ্যবিধি এবং যৌন ও প্রজনন স্বাস্থ্য অধিকার বিষয়ে শিক্ষার্থীদের সঠিক ধারণা দিতে বাগেরহাটে সচেতনতামূলক সভা অনুষ্ঠিত হয়েছে।

সোমবার (১৬ নভেম্বর) সকাল ১০টা থেকে দুপুর ১টা পর্যন্ত বাগেরহাট বহুমুখী কলেজিয়েট স্কুলে ইয়ুথ শেয়ার-নেট প্রকল্পের উদ্যোগে এ সভা অনুষ্ঠিত হয়। এতে বিদ্যালয়ের শিক্ষার্থী, শিক্ষক ও যুব নেটওয়ার্কের প্রতিনিধিরা অংশ নেন।
অ্যামপ্লিফাইচেঞ্জের অর্থায়নে, রেডঅরেঞ্জ গ্রুপের সহযোগিতায় এবং দলিতের বাস্তবায়নে পরিচালিত ইয়ুথ শেয়ার-নেট প্রকল্পের আওতায় ‘বর্তমান নেটওয়ার্ক সদস্যদের সফলতার গল্প তুলে ধরতে বিদ্যালয় পরিদর্শন’ শীর্ষক এ কর্মসূচির আয়োজন করা হয়।
অনুষ্ঠানে স্বাগত বক্তব্য দেন প্রকল্প ব্যবস্থাপক শাকিরুন আক্তার। প্রধান অতিথি হিসেবে বক্তব্য দেন বিদ্যালয়ের প্রধান শিক্ষক আঃ রশিদ শেখ এবং বিশেষ অতিথি হিসেবে বক্তব্য দেন নারী কণ্ঠের সভাপতি জান্নাতুল ফেরদৌসী তিশা। এ ছাড়া আলোচনায় অংশ নেন প্রকল্পের অর্থ কর্মকর্তা প্রতাপ কুমার দাশ।

সভায় কৈশোরকালীন শারীরিক ও মানসিক পরিবর্তন, যৌন ও প্রজনন স্বাস্থ্য অধিকার, ব্যক্তিগত স্বাস্থ্যবিধি, বাল্যবিবাহ ও যৌতুক প্রতিরোধ এবং যুবসমাজের সম্ভাবনা ও সামাজিক ভূমিকা নিয়ে আলোচনা করা হয়। বিশেষভাবে দলিত ও প্রান্তিক জনগোষ্ঠীর তরুণ-তরুণীদের স্বাস্থ্য ও অধিকার বিষয়ে সচেতনতা বৃদ্ধি এবং সমাজে ইতিবাচক পরিবর্তনে যুবসমাজের ভূমিকার ওপর গুরুত্ব দেওয়া হয়।

বিজ্ঞাপন
আলোচনায় শিক্ষার্থীরা নিজেদের মতামত প্রকাশ, অভিজ্ঞতা বিনিময় এবং স্বাস্থ্য ও অধিকারবিষয়ক বিভিন্ন বিষয়ে প্রশ্ন করার সুযোগ পায়। অংশগ্রহণমূলক আলোচনা ও মতবিনিময়ের মাধ্যমে শিক্ষার্থীদের সঠিক তথ্য জানার আগ্রহ, আত্মবিশ্বাস এবং ব্যক্তিগত স্বাস্থ্য ও নিরাপত্তা সম্পর্কে সচেতনতা তৈরির ওপর গুরুত্বারোপ করা হয়।
বক্তারা বলেন, কৈশোর জীবনের একটি গুরুত্বপূর্ণ সময়। এ সময়ে শারীরিক ও মানসিক পরিবর্তন সম্পর্কে সঠিক ধারণা থাকা জরুরি। যৌন ও প্রজনন স্বাস্থ্য অধিকার বিষয়ে নির্ভরযোগ্য তথ্যের অভাবে অনেক সময় কিশোর-কিশোরীরা ভুল ধারণা ও স্বাস্থ্যঝুঁকির মধ্যে পড়ে। তাই পরিবার, শিক্ষাপ্রতিষ্ঠান ও সমাজের সম্মিলিত উদ্যোগে তাদের সঠিক তথ্য জানার সুযোগ তৈরি করতে হবে।
আয়োজকরা জানান, বিদ্যালয়ভিত্তিক এ ধরনের উদ্যোগ শিক্ষার্থীদের মধ্যে ইতিবাচক মনোভাব গড়ে তোলার পাশাপাশি বাল্যবিবাহ, যৌতুকসহ বিভিন্ন সামাজিক সমস্যা প্রতিরোধে সহায়ক হবে।
একই সঙ্গে যুব নেটওয়ার্কের সদস্যদের অভিজ্ঞতা ও সফলতার গল্প তুলে ধরে শিক্ষার্থীদের নেতৃত্ব বিকাশ এবং সামাজিক কর্মকাণ্ডে অংশগ্রহণে উৎসাহিত করাও এ কর্মসূচির অন্যতম লক্ষ্য।
উল্লেখ্য, ইয়ুথ শেয়ার-নেট প্রকল্পের মাধ্যমে খুলনা বিভাগের খুলনা, সাতক্ষীরা, যশোর, নড়াইল ও বাগেরহাট জেলায় স্থানীয় পর্যায়ে যুব নেটওয়ার্ক গঠন, যৌন ও প্রজনন স্বাস্থ্য অধিকার বিষয়ে তরুণদের সচেতনতা বৃদ্ধি এবং যুব নেতৃত্ব বিকাশে কাজ করা হচ্ছে।
