
রওশন বাবু, (লালমনিরহাট) : জাতীয় সংসদ ভবন পরিদর্শন করেছেন লালমনিরহাটের পাটগ্রাম ও হাতীবান্ধা উপজেলার বিভিন্ন শিক্ষাপ্রতিষ্ঠান থেকে ২০২৬ সালের এইচএসসি পরীক্ষায় জিপিএ-৫ অর্জনকারী ৪১ জন শিক্ষার্থী। এ সময় তাঁদের সঙ্গে ছিলেন ছয়জন শিক্ষক ও অভিভাবক।

এ ছাড়া দ্য আগা খান একাডেমির দশম ও একাদশ শ্রেণির ২৭ জন শিক্ষার্থী ও ছয়জন শিক্ষক এবং ব্র্যাক বিশ্ববিদ্যালয়ের আইন বিভাগের ৪১ জন শিক্ষার্থী ও দুইজন শিক্ষক এ পরিদর্শনে অংশ নেন।
সংসদ অধিবেশনের বিরতিকালে পরিদর্শনে আসা শিক্ষার্থীরা প্রধানমন্ত্রী তারেক রহমানের সঙ্গে সৌজন্য সাক্ষাৎ করেন।
এ সময় শিক্ষার্থীদের সঙ্গে মতবিনিময়কালে প্রধানমন্ত্রী আশা প্রকাশ করেন, নতুন প্রজন্ম রাজনীতি ও রাষ্ট্র পরিচালনার বিষয়ে আরও আগ্রহী হয়ে উঠবে। তবে রাজনীতিতে সম্পৃক্ত হওয়ার আগে নিজেদের যোগ্য, দক্ষ ও দায়িত্বশীল নাগরিক হিসেবে গড়ে তোলার ওপর গুরুত্বারোপ করেন তিনি।

শিক্ষার্থীদের উদ্দেশে প্রধানমন্ত্রী তিনটি বিষয়ে বিশেষ পরামর্শ দেন। এর মধ্যে প্রথমত, পরিচ্ছন্নতা বজায় রাখার ওপর গুরুত্ব দিয়ে তিনি নিজেদের শহর, বাড়ি ও আশপাশের পরিবেশ পরিষ্কার-পরিচ্ছন্ন রাখার আহ্বান জানান। যেখানে-সেখানে ময়লা-আবর্জনা না ফেলে নির্দিষ্ট স্থানে ফেলার পরামর্শ দেন।

বিজ্ঞাপন
দ্বিতীয়ত, বৃক্ষরোপণের বিষয়ে গুরুত্বারোপ করে বর্ষাকালে নিজের কিংবা পরিবারের পক্ষ থেকে গাছ লাগানোর পরামর্শ দেন প্রধানমন্ত্রী।
প্রধানমন্ত্রীর সঙ্গে এমন সৌজন্য সাক্ষাৎ ও জাতীয় সংসদ ভবন পরিদর্শনের সুযোগ পেয়ে শিক্ষার্থীরা আনন্দিত ও উচ্ছ্বসিত বলে জানা গেছে।
