# স্বনামে-বেনামে ঠিকাদারি প্রকল্পের অর্থ আত্মসাৎ # কমিশন বাণিজ্য ও জ্ঞাত আয়বহির্ভূত সম্পদের অভিযোগ # রাজনৈতিক পরিচয় ও প্রভাবশালী সিন্ডিকেটের ছত্রচ্ছায়ায় বারবার ঢাকায় পদায়ন # মন্ত্রী, প্রতিমন্ত্রী ও সচিবের জরুরি হস্তক্ষেপ কামনা #
নিজস্ব প্রতিবেদক : গণপূর্ত অধিদপ্তরের ইলেকট্রো-মেকানিক্যাল (ই/এম) শাখার উপবিভাগীয় প্রকৌশলী মো. শামসুল আরেফীনের বিরুদ্ধে ক্ষমতার অপব্যবহার, স্বনামে-বেনামে ঠিকাদারি ব্যবসা পরিচালনা, সরকারি উন্নয়ন প্রকল্পের অর্থ আত্মসাৎ, বিল ছাড়ে কমিশন আদায় এবং জ্ঞাত আয়বহির্ভূত সম্পদ অর্জনের একাধিক গুরুতর অভিযোগ উঠেছে।

অভিযোগ রয়েছে, রাজনৈতিক পরিচয়, দাপ্তরিক প্রভাব এবং একটি প্রভাবশালী ঠিকাদারি সিন্ডিকেটের সহযোগিতায় দীর্ঘদিন ধরে ঢাকায় নিজের অবস্থান ধরে রেখেছেন তিনি।
এমনকি রাজনৈতিক পটপরিবর্তনের পরও বদলি ও পুনঃপদায়নের ক্ষেত্রে প্রভাব খাটিয়ে একই কর্মস্থলে ফিরে আসার অভিযোগ রয়েছে তাঁর বিরুদ্ধে।
সবচেয়ে উদ্বেগজনক বিষয় হলো, তাঁর বিরুদ্ধে জ্ঞাত আয়বহির্ভূত সম্পদ অর্জন, বেনামে ঠিকাদারি ব্যবসা পরিচালনা এবং সরকারি প্রকল্পের অর্থ আত্মসাতের অভিযোগে দুর্নীতি দমন কমিশন (দুদক) প্রাথমিক অনুসন্ধান শুরু করেছে বলেও সংশ্লিষ্ট সূত্রে জানা গেছে।

অভিযোগগুলোর সত্যতা যাচাইয়ে সংশ্লিষ্ট নথিপত্র ও আর্থিক লেনদেন : পর্যালোচনার প্রয়োজনীয়তা দেখা দিয়েছে। বর্তমানে গণপূর্ত অধিদপ্তরের ই/এম বিভাগ-৪-এর অধীনে ই/এম উপবিভাগ-৮-এর দায়িত্বে রয়েছেন এই প্রকৌশলী। তাঁর পদায়ন, বদলি, ঠিকাদারি কার্যক্রম এবং বিভিন্ন প্রকল্পে কথিত প্রভাব বিস্তারের বিষয়টি নিয়ে অধিদপ্তরের কর্মকর্তা-কর্মচারী ও ঠিকাদারদের মধ্যে দীর্ঘদিন ধরেই আলোচনা-সমালোচনা চলছে।

বিজ্ঞাপন
এ পরিস্থিতিতে গণপূর্ত অধিদপ্তরের প্রশাসনিক শৃঙ্খলা, সরকারি অর্থের সুরক্ষা এবং দুর্নীতির অভিযোগের নিরপেক্ষ তদন্ত নিশ্চিত করতে গৃহায়ণ ও গণপূর্ত মন্ত্রণালয়ের মন্ত্রী, প্রতিমন্ত্রী ও সচিবের জরুরি দৃষ্টি আকর্ষণ করেছেন সংশ্লিষ্ট ব্যক্তিরা।
ই/এম বিভাগ-৬: প্রকল্প নিয়ন্ত্রণ থেকে সিন্ডিকেট গঠনের অভিযোগ : অনুসন্ধানসংশ্লিষ্ট সূত্রের দাবি, আওয়ামী লীগ সরকারের আমলে গণপূর্ত ই/এম বিভাগ-৬-এ কর্মরত থাকাকালে শামসুল আরেফীনের প্রভাব বিস্তারের বিষয়টি সবচেয়ে বেশি আলোচনায় আসে।
অভিযোগ অনুযায়ী, তৎকালীন নির্বাহী প্রকৌশলী পবিত্র কুমারের সঙ্গে ঘনিষ্ঠতার সুযোগ নিয়ে বাংলাদেশ টেলিভিশন (বিটিভি), মালিবাগ সরকারি অফিসার্স কোয়ার্টার এবং মুগদা মেডিকেল কলেজ হাসপাতালসহ ওই বিভাগের বিভিন্ন উন্নয়ন প্রকল্পে প্রভাব বিস্তার করেন তিনি।
ভুক্তভোগী কয়েকজন ঠিকাদারের অভিযোগ, প্রকল্পের প্রাক্কলন বা এস্টিমেট তৈরি, কাজের তদারকি থেকে শুরু করে চূড়ান্ত বিল অনুমোদনের প্রক্রিয়া পর্যন্ত তাঁর একক আধিপত্য ছিল। তাঁদের দাবি, তাঁর সম্মতি ও সহযোগিতা ছাড়া ঠিকাদারি কাজের বিভিন্ন ধাপে অগ্রসর হওয়া কঠিন হয়ে পড়ত।
আরও অভিযোগ রয়েছে, নিজেকে সাবেক ছাত্রলীগ নেতা হিসেবে পরিচয় দিয়ে ঠিকাদারদের ওপর প্রভাব খাটাতেন তিনি। ঊর্ধ্বতন কর্মকর্তাদের সঙ্গে যোগসাজশে ছাত্রলীগ, যুবলীগ ও আওয়ামী লীগ-সমর্থিত ঠিকাদারদের নিয়ে একটি প্রভাবশালী সিন্ডিকেট গড়ে তোলার অভিযোগও করেছেন সংশ্লিষ্ট ব্যক্তিরা। এই সিন্ডিকেটের মাধ্যমে বেনামে ঠিকাদারি পরিচালনা এবং বিভিন্ন প্রকল্পের বরাদ্দ থেকে কয়েক কোটি টাকা আত্মসাতের অভিযোগ উঠেছে। এসব অভিযোগের সত্যতা যাচাইয়ে সংশ্লিষ্ট প্রকল্পের কার্যাদেশ, প্রাক্কলন, পরিমাপ বই, বিল-ভাউচার এবং ঠিকাদারি প্রতিষ্ঠানের মালিকানা ও আর্থিক লেনদেন খতিয়ে দেখা প্রয়োজন।
পদায়ন-বদলিতে অর্ধকোটি টাকার বিনিয়োগের অভিযোগ ! শামসুল আরেফীনের পদায়ন ও বদলির ইতিহাস নিয়েও গুরুতর প্রশ্ন উঠেছে। সংশ্লিষ্ট সূত্রের দাবি, আওয়ামী লীগ সরকারের শেষদিকে প্রায় অর্ধকোটি টাকা বিনিয়োগ করে ই/এম উপবিভাগ-৮-এ পদায়ন নিশ্চিত করেন তিনি। পরবর্তী সময়ে ব্যাপক অনিয়ম ও দুর্নীতির অভিযোগ ওঠার পর প্রায় দেড় বছরের মাথায় তাঁকে ই/এম উপবিভাগ-৩-এ বদলি করা হয় বলে জানা গেছে।
২০২৪ সালের ছাত্র-জনতার আন্দোলনের সময় তাঁর ভূমিকা নিয়েও অভিযোগ রয়েছে। সূত্রের দাবি, ওই সময়ে ধানমন্ডি কলেজ রোড এলাকায় ছাত্রলীগ ও যুবলীগের নেতাকর্মীদের সঙ্গে যুক্ত হয়ে আন্দোলন দমনে মাঠপর্যায়ে ভূমিকা পালন করেন তিনি। আওয়ামী লীগ সরকারকে ক্ষমতায় টিকিয়ে রাখতে লাখ লাখ টাকা ব্যয় করার অভিযোগও রয়েছে তাঁর বিরুদ্ধে ।
এ ছাড়া অধীনস্থ কর্মকর্তা-কর্মচারীদের কথিত শান্তি মিছিল, সভা ও প্রতিবাদ কর্মসূচিতে অংশ নিতে বাধ্য করার অভিযোগ করেছেন সংশ্লিষ্ট কয়েকজন।
রাজনৈতিক পটপরিবর্তনের পর তাঁর প্রভাব বিস্তারের ধরন বদলে যায় বলেও দাবি সূত্রগুলোর। অভিযোগ রয়েছে, গৃহায়ণ ও গণপূর্ত প্রতিমন্ত্রী আহম্মাদ সোহেল মনজুরের নিকটাত্মীয় পরিচয় দিয়ে সহকর্মী প্রকৌশলীদের ওপর প্রভাব বিস্তারের চেষ্টা করেন তিনি। পরবর্তী সময়ে গণপূর্তের ই/এম শাখার একটি প্রভাবশালী সিন্ডিকেটকে ব্যবস্থাপনায় নিয়ে কথিত লটারির মাধ্যমে আবারও ই/এম উপবিভাগ-৮-এ পদায়ন পাওয়ার অভিযোগ ওঠে। সেখানে ফিরে আগের মতো অনিয়ম, দুর্নীতি ও সরকারি অর্থের অপব্যবহারে জড়িয়ে পড়েছেন বলেও অভিযোগ করেছেন সংশ্লিষ্ট ব্যক্তিরা।
প্রশ্ন উঠেছে, পদায়ন ও বদলির ক্ষেত্রে প্রকৃত প্রশাসনিক প্রয়োজন বিবেচনা করা হয়েছিল, নাকি ব্যক্তিগত যোগাযোগ ও প্রভাবই ছিল মুখ্য ?
বিল ছাড়ে কমিশন বাণিজ্য : টাকা ছাড়া নড়ে না ফাইল !
ঠিকাদারদের অভিযোগ, ই/এম বিভাগ-৬-এ দায়িত্ব পালনকালে বিভিন্ন উন্নয়ন প্রকল্পের বিল ছাড়ের ক্ষেত্রে নির্দিষ্ট হারে কমিশন দাবি করতেন শামসুল আরেফীন। কাঙ্ক্ষিত অর্থ না পেলে নথিপত্রে নানা জটিলতা তৈরি করে বিল আটকে রাখা হতো বলে অভিযোগ তাঁদের।
এক ঠিকাদারের ভাষ্য, ‘কাজ পাওয়ার কথা বলে তিনি বারবার উচ্চপদস্থ কর্মকর্তাদের নাম উল্লেখ করতেন। টাকা না দিলে বিল আটকে থাকত। এ কারণে অনেকে বাধ্য হয়েই টাকা দিয়েছেন।’
অন্য এক ঠিকাদারের অভিযোগ, ‘তিনি বলতেন, উপরের লোকজন ঠিক আছে, শুধু টাকা দাও। পরে দেখা গেছে, কাজও হয়নি, আর সেই টাকাও ফেরত পাওয়া যায়নি।’
এসব অভিযোগ তদন্তের স্বার্থে সরকারি প্রকল্পের অর্থ ব্যবস্থাপনা, ঠিকাদারি কার্যক্রম এবং বিল অনুমোদন প্রক্রিয়ার স্বচ্ছতার জন্য গুরুতর উদ্বেগের বিষয়। বিশেষ করে কোনো প্রকল্পে কাজের বাস্তব অগ্রগতি, পরিমাপ এবং বিলের পরিমাণের মধ্যে অসামঞ্জস্য ছিল কি না, তা তদন্ত করে দেখা প্রয়োজন।
এ ক্ষেত্রে সংশ্লিষ্ট প্রকল্পের কার্যাদেশ, পরিমাপ বই, বিল ভাউচার, ব্যাংক লেনদেন এবং বিল অনুমোদনকারী কর্মকর্তাদের ভূমিকা যাচাই করা হলে অভিযোগের প্রকৃত চিত্র বেরিয়ে আসতে পারে।
ঢাকায় থাকতে বদলি-পদায়নের বিশেষ কৌশল ? সরকারি কর্মকর্তাদের পদায়ন ও বদলির ক্ষেত্রে প্রশাসনিক নীতিমালা অনুসরণের বিষয়টি দীর্ঘদিন ধরেই আলোচনায় রয়েছে। নির্দিষ্ট মেয়াদ শেষে কর্মকর্তাদের ঢাকার বাইরে বদলির বিধান ও প্রশাসনিক চর্চা থাকলেও শামসুল আরেফীন কর্মজীবনের অধিকাংশ সময় ঢাকায় কাটিয়েছেন বলে অভিযোগ উঠেছে।
সূত্রের দাবি, জুলাই গণঅভ্যুত্থানের পর প্রশাসনে স্বচ্ছতা ও জবাবদিহি নিশ্চিত করার উদ্যোগের অংশ হিসেবে তাঁকে কুমিল্লায় বদলি করা হয়েছিল। কিন্তু প্রায় দেড় বছরের মাথায় আবারও ঢাকায় একই অফিসে সমমানের পদে ফিরে আসেন তিনি। কী প্রক্রিয়ায় এই বদলি ও পুনঃপদায়ন হয়েছে, সংশ্লিষ্ট আদেশে কী যুক্তি দেখানো হয়েছে এবং প্রশাসনিক নীতিমালা যথাযথভাবে অনুসরণ করা হয়েছিল কি না—তা খতিয়ে দেখা জরুরি।
গণপূর্ত অধিদপ্তরের অভ্যন্তরীণ সূত্রগুলোর ধারণা, রাজনৈতিক পরিবর্তনের পরও একটি প্রভাবশালী সিন্ডিকেটের সঙ্গে যোগাযোগ বজায় রাখার মাধ্যমে নিজের অবস্থান সুরক্ষিত করেছেন তিনি। তবে এসব অভিযোগের সত্যতা নির্ধারণে বদলি ও পদায়নসংক্রান্ত আদেশ, সংশ্লিষ্ট সুপারিশ এবং অনুমোদনকারী কর্তৃপক্ষের ভূমিকা পর্যালোচনা প্রয়োজন।
নিকটাত্মীয়দের নামে ফ্ল্যাট-প্লট: সম্পদের উৎস কোথায় ? শামসুল আরেফীনের বিরুদ্ধে ওঠা অভিযোগগুলোর মধ্যে অন্যতম গুরুতর বিষয় হলো জ্ঞাত আয়ের সঙ্গে অসামঞ্জস্যপূর্ণ সম্পদ অর্জন। সংশ্লিষ্ট সূত্রের দাবি, রাজধানীসহ দেশের বিভিন্ন অভিজাত এলাকায় এবং বিকাশমান আবাসন প্রকল্পে তাঁর ও নিকটাত্মীয়দের নামে একাধিক ফ্ল্যাট ও প্লট রয়েছে। সরকারি চাকরির বেতন-ভাতার সঙ্গে এসব সম্পদের কথিত মালিকানার সামঞ্জস্য নিয়েও প্রশ্ন তুলেছেন অভিযোগকারীরা।
দুদকের সংশ্লিষ্ট সূত্রের বরাত দিয়ে জানা গেছে, স্বনামে-বেনামে ঠিকাদারি ব্যবসা পরিচালনা, সরকারি প্রকল্পের অর্থ আত্মসাৎ এবং জ্ঞাত আয়বহির্ভূত সম্পদ অর্জনের অভিযোগের ভিত্তিতে কমিশন প্রাথমিক অনুসন্ধান শুরু করেছে। এ-সংক্রান্ত বিভিন্ন নথিপত্রও তলব করা হচ্ছে বলে দাবি সূত্রগুলোর।
এখন প্রশ্ন হচ্ছে, একজন সরকারি প্রকৌশলীর বৈধ আয় ও সম্পদের হিসাবের সঙ্গে কথিত এসব সম্পত্তির সামঞ্জস্য কতটুকু ? নিকটাত্মীয়দের নামে সম্পদ থাকলে সেগুলোর প্রকৃত অর্থের জোগানদাতা কে ? কোনো ঠিকাদারি প্রতিষ্ঠান বা প্রকল্পসংশ্লিষ্ট ব্যক্তির সঙ্গে এসব সম্পদ কেনাবেচার আর্থিক যোগসূত্র রয়েছে কি না ? এসব প্রশ্নের উত্তর পেতে সম্পত্তির দলিল, আয়কর বিবরণী, ব্যাংক হিসাব, ঋণ ও বিনিয়োগের তথ্য এবং সংশ্লিষ্ট ব্যক্তিদের আর্থিক লেনদেন পরীক্ষা করা প্রয়োজন।
ঊর্ধ্বতন কর্তৃপক্ষের বক্তব্য : অভিযোগের বিষয়ে গণপূর্ত অধিদপ্তরের তত্ত্বাবধায়ক প্রকৌশলী আশরাফুল ইসলাম গণমাধ্যম কে জানান, ‘কেউ যদি ঊর্ধ্বতন কারও নাম ভাঙিয়ে ঠিকাদারের কাছ থেকে আর্থিক সুবিধা নিয়ে থাকেন, তবে তার দায় তাকেই নিতে হবে। প্রাতিষ্ঠানিকভাবে কেউ কাউকে এ ধরনের অনৈতিক কাজের সুযোগ দেয় না। অভিযোগ প্রমাণিত হলে সংশ্লিষ্ট ব্যক্তির বিরুদ্ধে কঠোর বিভাগীয় ব্যবস্থা নেওয়া হবে।’
গণপূর্ত অধিদপ্তরের প্রধান প্রকৌশলী গণমাধ্যম কে জানান, ‘গণপূর্ত অধিদপ্তর কোনো ব্যক্তিগত অনিয়ম বা দুর্নীতির দায় নেবে না। প্রাতিষ্ঠানিক স্বচ্ছতা ও জবাবদিহি বজায় রাখতে আমরা বদ্ধপরিকর। যে কোনো কর্মকর্তার বিরুদ্ধে সুনির্দিষ্ট অভিযোগ এলে প্রশাসনিক তদন্ত সাপেক্ষে কঠোর ব্যবস্থা গ্রহণ করা হয়।’
তিনি আরও বলেন, ‘মো. শামসুল আরেফীনের বিরুদ্ধে উত্থাপিত অভিযোগ এবং বদলি-সংক্রান্ত বিষয়টি খতিয়ে দেখা হচ্ছে। দুদক স্বাধীনভাবে তদন্ত শুরু করেছে। আমরা আইন প্রয়োগকারী সংস্থাকে সব ধরনের প্রয়োজনীয় তথ্য ও দাপ্তরিক সহযোগিতা প্রদান করব।’
শামসুল আরেফীনের বক্তব্য পাওয়া যায়নি : উত্থাপিত অভিযোগগুলোর বিষয়ে বক্তব্য জানতে উপবিভাগীয় প্রকৌশলী মো. শামসুল আরেফীনের মোবাইল ফোনে একাধিকবার যোগাযোগের চেষ্টা করা হয়। তবে তিনি সাড়া না দেওয়ায় তাঁর বক্তব্য পাওয়া সম্ভব হয়নি। তাঁর বক্তব্য পাওয়া গেলে তা যথাযথভাবে প্রতিবেদনে যুক্ত করা হবে।
মন্ত্রী-প্রতিমন্ত্রী ও সচিবের জরুরি হস্তক্ষেপ প্রয়োজন :
গণপূর্ত অধিদপ্তরের একজন উপবিভাগীয় প্রকৌশলীর বিরুদ্ধে ওঠা এসব অভিযোগ কেবল ব্যক্তিগত অনিয়মের বিষয় নয়; এর সঙ্গে সরকারি উন্নয়ন প্রকল্পের অর্থের নিরাপত্তা, ঠিকাদারি কার্যক্রমের স্বচ্ছতা, প্রশাসনিক পদায়ন এবং প্রতিষ্ঠানের জবাবদিহি সরাসরি জড়িত। এ অবস্থায় গৃহায়ণ ও গণপূর্ত মন্ত্রণালয়ের মন্ত্রী, প্রতিমন্ত্রী ও সচিবের কাছে কয়েকটি বিষয়ে কার্যকর পদক্ষেপ গ্রহণের দাবি জানিয়েছেন সংশ্লিষ্ট ব্যক্তিরা।
ই/এম বিভাগ-৬-এ দায়িত্ব পালনকালে বাংলাদেশ টেলিভিশন, মালিবাগ সরকারি অফিসার্স কোয়ার্টার ও মুগদা মেডিকেল কলেজ হাসপাতালসহ সংশ্লিষ্ট প্রকল্পগুলোর প্রাক্কলন, কার্যাদেশ, কাজের পরিমাপ এবং বিল অনুমোদনের নথি যাচাই করা। স্বনামে-বেনামে ঠিকাদারি ব্যবসা পরিচালনার অভিযোগের সত্যতা যাচাইয়ে সংশ্লিষ্ট ঠিকাদারি প্রতিষ্ঠানের মালিকানা, ব্যাংক হিসাব ও আর্থিক লেনদেন তদন্ত করা। প্রকল্পের বিল ছাড়ে কমিশন আদায় এবং সরকারি বরাদ্দ থেকে কয়েক কোটি টাকা আত্মসাতের অভিযোগ খতিয়ে দেখতে নিরপেক্ষ বিভাগীয় তদন্ত কমিটি গঠন করা। ঢাকায় বারবার পদায়ন, কুমিল্লায় বদলি এবং পুনরায় ই/এম উপবিভাগ-৮-এ পদায়নের ক্ষেত্রে প্রশাসনিক নীতিমালা অনুসরণ করা হয়েছিল কি না, তা যাচাই করা।
শামসুল আরেফীন ও তাঁর নিকটাত্মীয়দের নামে থাকা কথিত ফ্ল্যাট-প্লটের মালিকানা, ক্রয়মূল্য এবং অর্থের উৎস যাচাইয়ে দুদককে প্রয়োজনীয় তথ্য ও সহযোগিতা প্রদান করা। দকের অনুসন্ধান এবং প্রশাসনিক তদন্ত চলাকালে সংশ্লিষ্ট নথিপত্র ও সরকারি প্রকল্পের তথ্য সংরক্ষণ নিশ্চিত করা, যাতে কোনো প্রমাণ নষ্ট বা পরিবর্তনের সুযোগ না থাকে। এবং অভিযোগের সত্যতা পাওয়া গেলে সংশ্লিষ্ট কর্মকর্তা ও সহযোগীদের বিরুদ্ধে আইন ও বিধি অনুযায়ী দৃষ্টান্তমূলক ব্যবস্থা গ্রহণ করা।
শেষ পর্যন্ত জবাবদিহি নিশ্চিত হবে তো ? সরকারি প্রতিষ্ঠানে রাজনৈতিক পরিচয়, ব্যক্তিগত যোগাযোগ কিংবা প্রভাবশালী ঠিকাদারি সিন্ডিকেটের মাধ্যমে কেউ অনিয়মের সুযোগ পেয়ে থাকলে তা প্রশাসনিক শৃঙ্খলা ও জনস্বার্থের পরিপন্থী। গণপূর্ত অধিদপ্তরের ই/এম শাখায় শামসুল আরেফীনের বিরুদ্ধে উত্থাপিত অভিযোগগুলোর প্রতিটি বিষয় এখন যথাযথ তদন্তের দাবি রাখে।
মন্ত্রণালয়ের মন্ত্রী, প্রতিমন্ত্রী ও সচিব কি বিষয়টি গুরুত্বের সঙ্গে পর্যালোচনা করে প্রয়োজনীয় ব্যবস্থা নেবেন ? দুদকের অনুসন্ধানে কি কথিত সম্পদ, ঠিকাদারি ব্যবসা ও কমিশন বাণিজ্যের আর্থিক যোগসূত্র বেরিয়ে আসবে ? নাকি রাজনৈতিক পটপরিবর্তনের পরও প্রভাবশালী যোগাযোগের অভিযোগে ঘুরেফিরে একই বলয়ের কর্মকর্তারাই সুবিধা পেতে থাকবেন ?
এখন দেখার বিষয়, গৃহায়ণ ও গণপূর্ত মন্ত্রণালয়ের প্রশাসনিক পর্যালোচনা, গণপূর্ত অধিদপ্তরের তদন্ত এবং দুদকের অনুসন্ধানে অভিযোগগুলোর কতটা সত্যতা পাওয়া যায়। সরকারি অর্থের অপব্যবহার ও দাপ্তরিক ক্ষমতার অপপ্রয়োগের অভিযোগে শেষ পর্যন্ত জবাবদিহি নিশ্চিত হয় কি না, সেদিকেই নজর সংশ্লিষ্ট মহলের।
