
বিশেষ প্রতিবেদক : ঢাকা ওয়াসার বিতর্কিত তত্ত্বাবধায়ক প্রকৌশলী আব্দুল মজিদ এবার ৩ ডিসেম্বর অনুষ্ঠিতব্য ঢাকা ওয়াসা প্রকৌশলী সমিতির সভাপতির পদ দখলের মিশনে নেমেছেন।

আকণ্ঠ দুর্নীতিতে নিমজ্জিত আব্দুল মজিদের দুর্নীতির বিষয় এখন দুর্নীতি দমন কমিশনের তদন্তাধিন। এমতাবস্থায় তার প্রকৌশলী সমিতির সভাপতি হবার চেষ্টায় বিস্ময় প্রকাশ করেছেন ঢাকা ওয়াসার সাধারণ প্রকৌশলীগণ।
সূত্রমতে,স্বার্থের দ্বন্দ্ব এবং পদে থেকে স্বজনপ্রীতির মতো গুরুতর অপরাধ ধামাচাপা দিতে অভিনব পন্থা অবলম্বন করেছে ঢাকা ওয়াসা। সরকারি চাকরিবিধি অমান্য করে নিজের আওতাধীন প্রকল্পে স্ত্রীকে ঠিকাদারি কাজ পাইয়ে দেওয়ার অভিযোগে দেড় বছর আগে গঠন করা হয়েছিল তদন্ত কমিটি।
১০ কর্মদিবসের মধ্যে প্রতিবেদন জমা দেওয়ার বাধ্যবাধকতা থাকলেও দেড় বছরে জমা হয়নি কোনো প্রতিবেদন। কমিটির এ ধরনের অকার্যকর ভূমিকার নেপথ্য কারণ নিয়ে ওয়াসাসংশ্লিষ্টদের মধ্যে চরম ক্ষোভ তৈরি হয়েছে।

ঘটনা খতিয়ে দেখতে এখন ‘তদন্ত কমিটির বিষযেই তদন্ত কমিটি’ গঠনের দাবি তুলেছেন কর্মকর্তারা। অনুসন্ধানে জানা যায়, অভিযুক্ত কর্মকর্তা মো. আব্দুল মজিদ ঢাকা ওয়াসার তত্ত্বাবধায়ক প্রকৌশলী এবং জরুরি পানি সরবরাহ প্রকল্পের পরিচালক হিসেবে দায়িত্ব পালন করছেন।

বিজ্ঞাপন
ওয়াসা মডস্ সার্কেল-১ এ কর্মরত থাকা অবস্থায় তাঁর বিরুদ্ধে স্ত্রীকে ঠিকাদারি কাজ পাইয়ে দেওয়ার বিষয়টি সামনে আসে।আব্দুল মজিদের স্ত্রী তামান্না শারমিন স্থানীয় সরকার প্রকৌশল অধিদপ্তরের (এলজিইডি) প্রধান কার্যালয়ে কর্মরত একজন সরকারি কর্মকর্তা।
সরকারি চাকরিজীবী হওয়া সত্ত্বেও তিনি ‘প্রিমিয়াম কোয়ালিটি’ নামের একটি ঠিকাদারি প্রতিষ্ঠানের চেয়ারম্যান পদ গ্রহণ করেন। জয়েন্ট স্টক কোম্পানিতে নিবন্ধনের সময় সরকারি চাকরির তথ্য গোপন করে নিজেকে ব্যবসায়ী হিসেবে পরিচয় দেন তিনি।
এমনকি জয়েন্ট স্টক কোম্পানির নথিপত্রে স্ত্রীর অফিসের ঠিকানার নথিতে মজিদ নিজে সাক্ষী হিসেবে স্বাক্ষর করেন। নথিতে উভয়েরই বাসা নম্বর ১০/সি, অনামিকা কনকর্ড, ৫৮৩ রোকেয়া সরণি, শেওড়াপাড়া, মিরপুর উল্লেখ রয়েছে।
সরকারি চাকরিবিধি অনুযায়ী কোনো সরকারি কর্মকর্তা বা তাঁর ওপর নির্ভরশীল কেউ সরকারের কোনো ঠিকাদারি বা ব্যবসায়িক কর্মকাণ্ডে যুক্ত হতে পারেন না। এই অপরাধ প্রমাণিত হলে চাকরিচ্যুতির মতো কঠোর শাস্তির বিধান রয়েছে। ঘটনাটি জানাজানি ও গণমাধ্যমে প্রকাশ পাওয়ার পর তামান্না শারমিন তড়িঘড়ি করে ওই কোম্পানির মালিকানা থেকে নিজের নাম প্রত্যাহার করেন।
ঘটনা জানাজানির পর গত বছরের ১৯ মার্চ ঢাকা ওয়াসা কর্তৃপক্ষ বিষয়টি খতিয়ে দেখতে ৩ সদস্যের একটি তদন্ত কমিটি গঠন করে। এতে ঢাকা ওয়াসার নির্বাহী ম্যাজিস্ট্রেট ও সিনিয়র সহকারী সচিব রাসেদুজ্জামানকে আহ্বায়ক, উপ-বিভাগীয় প্রকৌশলী রাজিব আহমেদকে সদস্য এবং শ্রম ও কল্যাণ বিভাগের উপ-সচিব নুরুজ্জামান মিয়াজিকে সদস্য সচিব করা হয়। কমিটিকে ১০ কর্মদিবসের মধ্যে প্রতিবেদন জমার নির্দেশ দেওয়া হলেও দীর্ঘ দেড় বছরেরও অগ্রগতি হয়নি।
ঢাকা ওয়াসায় প্রভাবশালী কর্মকর্তাদের দুর্নীতির বিরুদ্ধে ব্যবস্থা নেওয়ার ক্ষেত্রে কর্তৃপক্ষের এই অদম্য অনিচ্ছা ও তদন্ত আটকে রাখার ঘটনা নতুন নয় বলে অভিযোগ উঠেছে। সংশ্লিষ্টদের মতে, সুষ্ঠু ও নিরপেক্ষ তদন্তের স্বার্থে দ্রুত এই স্থবিরতা দূর করে দোষীদের বিরুদ্ধে দৃষ্টান্তমূলক আইনি ব্যবস্থা নেওয়া জরুরি।
ঢাকা ওয়াসার সূত্রে জানাগেছে, বিগত আওয়ামীলীগ সরকারের সময়ে বিশেষ সুবিধাভোগী তত্ত্বাবধায়ক প্রকৌশলী আবুল মজিদ বর্তমান সরকারের সময়েও ওয়াসা নিয়ন্ত্রণ করছেন। বিএনপির এক নেতার আত্মীয় পরিচয় দিয়ে অনিয়ম দুর্নীতি ধামাচাপা দিয়ে বহাল তবিয়তে রয়েছেন।
উল্লেখ, ঢাকা ওয়াসা প্রকৌশলী সমিতির নির্বাচনে সহ সভাপতি পদে প্রতিযোগিতা করছেন আরেক বিতর্কিত তত্ত্বাবধায়ক প্রকৌশলী ফিরোজ আলম। আব্দুল মজিদের অনুরূপ অনিয়ম দুর্নীতির অভিযোগে ফিরোজ আলমের আমলনামা দুদকের নজরে এসেছে বলে একটি নির্ভরযোগ্য সূত্রে জানাগেছে।
