২৬০০ পরিবারকে খাদ্য সহায়তা পরিবেশমন্ত্রীর

জীবন-যাপন সারাদেশ

নিজস্ব প্রতিবেদক : মৌলভীবাজারের নিজ নির্বাচনী এলাকায় ২ হাজার ৬০০ দরিদ্র ও অসহায় পরিবারের মাঝে ব্যক্তি উদ্যোগে খাদ্য সামগ্রী বিতরণ করেছেন পরিবেশ, বন ও জলবায়ু পরিবর্তন মন্ত্রী মো. শাহাব উদ্দিন। শনিবার মন্ত্রণালয় থেকে পাঠানো এক প্রেস বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়েছে।
বিজ্ঞপ্তিতে বলা হয়, শনিবারও তার নির্বাচনী এলাকা বড়লেখা ও জুড়ী উপজেলার অসহায় মানুষের মধ্যে চাল,ডাল, আলুসহ এ খাদ্য সামগ্রী বিতরণ করা হয়। বড়লেখা উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক মো. আনোয়ার উদ্দিন, ত্রাণ ও সমাজকল্যাণ সম্পাদক এবং মন্ত্রীর একান্ত সচিব কবিরুজ্জামান চৌধুরীসহ স্থানীয় আওয়ামী লীগ নেতৃবৃন্দ এ ত্রাণ বিতরণ কার্যক্রমের সমন্বয় করেন।
খাদ্য সামগ্রী বিতরণ উপলক্ষে অনলাইনে যুক্ত হয়ে বিত্তবানদের উদ্দেশে পরিবেশ মন্ত্রী বলেন, বৈশ্বিক মহামারি করোনা ও পবিত্র রমজান মাস একই সঙ্গে চলমান থাকায় অসহায় মানুষকে বেশি করে সাহায্য করতে হবে।
তিনি আরও বলেন, ভুক্তভোগী মানুষের পাশে দাঁড়ানোর এটাই সুযোগ। সরকারের পাশাপাশি নিজ নিজ ইউনিয়ন, ওয়ার্ড ও গ্রামের গরিব মানুষকে সাধ্যমতো সহায়তা প্রদানের জন্য মন্ত্রী স্থানীয় বিত্তশালীদের প্রতি আহ্বান জানান।
সবাইকে পবিত্র রমজানের শুভেচ্ছা জানিয়ে মন্ত্রী বলেন, করোনাভাইরাস মোকাবিলায় অতি জরুরি প্রয়োজনে বাইরে গেলেও সামাজিক দূরত্ব বজায় রেখে চলাচল করতে হবে।
ইতোপূর্বেও মন্ত্রী শাহাব উদ্দিনের ব্যক্তি উদ্যোগে মৌলভীবাজারের বড়লেখা ও জুড়ী উপজেলার তিন হাজারের বেশি অসহায় ও কর্মহীন পরিবারের মাঝে খাদ্য সামগ্রী বিতরণ করা হয়।


বিজ্ঞাপন
👁️ 112 News Views