বরিশাল শিক্ষা প্রকৌশলে নির্বাহী প্রকৌশলী শহিদুল ইসলামের বিরুদ্ধে ঘুষ-কমিশন, ভুয়া বিল-ভাউচার ও টেন্ডার নিয়ন্ত্রণের অভিযোগ !

Uncategorized অনিয়ম-দুর্নীতি অপরাধ আইন ও আদালত জাতীয় বরিশাল বিশেষ প্রতিবেদন সারাদেশ

# ২৪ ঠিকাদারের লিখিত অভিযোগ শিক্ষা সচিবের কাছে # দুদক চেয়ারম্যানের দ্বারস্থ স্থানীয় নাগরিক; মানববন্ধনে বাধা # হুমকি ও সরকারি রেস্ট হাউসের অপব্যবহারের অভিযোগ # শিক্ষামন্ত্রী, প্রতিমন্ত্রী ও সচিবের জরুরি হস্তক্ষেপ দাবি #


বিজ্ঞাপন

বিশেষ সংবাদদাতা :  সরকারি উন্নয়ন প্রকল্পের অর্থ ব্যয়, টেন্ডার প্রক্রিয়ার স্বচ্ছতা এবং ঠিকাদারদের পাওনা বিল পরিশোধ নিয়ে একের পর এক গুরুতর অভিযোগে প্রশ্নের মুখে পড়েছে বরিশাল শিক্ষা প্রকৌশল অধিদপ্তর। অধিদপ্তরটির নির্বাহী প্রকৌশলী মো. শহিদুল ইসলামের বিরুদ্ধে ঘুষ, কমিশন বাণিজ্য, ভুয়া বিল-ভাউচার তৈরি, টেন্ডার নিয়ন্ত্রণ, বেনামে ঠিকাদারি ব্যবসা পরিচালনা এবং প্রশাসনিক ক্ষমতার অপব্যবহারের অভিযোগ উঠেছে। এসব অভিযোগে ২৪ জন ঠিকাদার মাধ্যমিক ও উচ্চশিক্ষা বিভাগের সচিবের কাছে লিখিত আবেদন করেছেন। একই সঙ্গে দুর্নীতি দমন কমিশনের (দুদক) চেয়ারম্যানের কাছেও লিখিত অভিযোগ দিয়েছেন স্থানীয় নাগরিক সাকিল আহম্মেদ।

অভিযোগকারীদের দাবি, নির্ধারিত কমিশন না দিলে শতভাগ কাজ সম্পন্ন করার পরও ঠিকাদারদের বিল আটকে রাখা হয়। অন্যদিকে মাঠপর্যায়ে কাজের দৃশ্যমান অগ্রগতি না থাকলেও কাগজে-কলমে কাজ সম্পন্ন দেখিয়ে বিল উত্তোলনের অভিযোগ রয়েছে। এমনকি কাজের জামানত ফেরত পেতেও অতিরিক্ত অর্থ দাবি করা হয় বলে অভিযোগ করেছেন ভুক্তভোগী ঠিকাদাররা। প্রতিশোধমূলক হয়রানির আশঙ্কায় কয়েকজন ঠিকাদার ছদ্মনামে তাঁদের বক্তব্য দিয়েছেন।

অভিযোগগুলোর সত্যতা যাচাইয়ে দপ্তরের প্রকল্পভিত্তিক নথি, টেন্ডার প্রক্রিয়া, পরিমাপ বই (এমবি বুক), বিল-ভাউচার, ব্যাংক লেনদেন এবং সংশ্লিষ্ট ঠিকাদারি প্রতিষ্ঠানের মালিকানা অনুসন্ধানের দাবি উঠেছে। সংশ্লিষ্টদের প্রশ্ন, সরকারি উন্নয়নকাজের অর্থ কি প্রকৃত কাজের বিপরীতে ব্যয় হচ্ছে, নাকি একটি প্রভাবশালী চক্রের মাধ্যমে কাগুজে কাজ দেখিয়ে অর্থ উত্তোলন করা হচ্ছে?


বিজ্ঞাপন

কমিশন ছাড়া বিল নয়, জামানত ফেরতেও অতিরিক্ত অর্থ দাবির অভিযোগ  :  ঠিকাদারদের লিখিত অভিযোগে বলা হয়েছে, নির্বাহী প্রকৌশলী মো. শহিদুল ইসলামের দপ্তরে কাজের বিল পরিশোধের ক্ষেত্রে কমিশন বাণিজ্যের অভিযোগ রয়েছে। তাঁদের দাবি, নির্ধারিত কমিশন না দিলে কাজ সম্পন্ন হওয়ার পরও বিল ছাড় করা হয় না। এমনকি কাজের জামানত ফেরত পেতেও অতিরিক্ত অর্থ দাবি করা হয়।


বিজ্ঞাপন

অভিযোগকারীদের ভাষ্য অনুযায়ী, এ ধরনের অনিয়মের কারণে ঠিকাদারদের আর্থিক ক্ষতির পাশাপাশি সরকারি উন্নয়নকাজের স্বাভাবিক কার্যক্রমও বাধাগ্রস্ত হচ্ছে।

ঠিকাদারকে ফোনে গালিগালাজ ও হুমকি, থানায় জিডি : নির্বাহী প্রকৌশলীর বিরুদ্ধে ঠিকাদারকে ফোনে গালিগালাজ ও হুমকি দেওয়ার অভিযোগও রয়েছে। অভিযোগ অনুযায়ী, গত বছরের ২৯ নভেম্বর ঠিকাদার ফারুক হোসেনকে ফোনে গালিগালাজ ও হুমকি দেন শহিদুল ইসলাম।

পরদিন ৩০ নভেম্বর ফারুক হোসেন বরিশাল কোতোয়ালি মডেল থানায় একটি সাধারণ ডায়েরি (জিডি) করেন, যার নম্বর ২০৭৬। এ ছাড়া সরকারি রেস্ট হাউস ব্যক্তিগত ও অনৈতিক কাজে ব্যবহারের অভিযোগও লিখিত আবেদনে উল্লেখ করা হয়েছে। সরকারি স্থাপনা ব্যবহারের নিয়মনীতি অনুসরণ করা হয়েছে কি না, সে বিষয়েও তদন্তের দাবি জানিয়েছেন অভিযোগকারীরা।

অফিসে কর্মকর্তা-কর্মচারীদের উপস্থিতি নিয়ে প্রশ্ন : দপ্তরের কর্মকর্তা-কর্মচারীদের উপস্থিতি নিয়েও অনিয়মের অভিযোগ সামনে এসেছে। গত ১৩ সেপ্টেম্বর দুপুর ১২টার দিকে সরেজমিনে গিয়ে কার্যালয়ে মাত্র চার-পাঁচজন স্টাফকে পাওয়া যায়।

উচ্চমান সহকারী আবু রহিমের দেওয়া তথ্য অনুযায়ী, উপজেলা, জেলা ও প্রকৌশলী কার্যালয় মিলিয়ে মোট ২৫ জন কর্মকর্তা-কর্মচারী রয়েছেন। তাঁদের মধ্যে ১১ জন মাঠপর্যায়ে এবং ১৪ জন অফিসে দায়িত্ব পালন করেন।

হাজিরা খাতা পর্যালোচনায় সহকারী প্রকৌশলী মো. আক্তারুজ্জামানকে চার-পাঁচ কার্যদিবস, মো. আবির হাসানকে দুই দিন, মো. আফজাল হোসেনকে পাঁচ দিন এবং উপ-সহকারী প্রকৌশলী আশিকুর রহমান ও সাদিয়া সুলতানা জেবাকে দুই দিন করে অনুপস্থিত দেখা যায়।

এ বিষয়ে নির্বাহী প্রকৌশলী শহিদুল ইসলাম বলেন, মাঠপর্যায়ে কাজ করা কর্মকর্তাদের হাজিরা খাতায় স্বাক্ষর থাকা অতটা গুরুত্বপূর্ণ নয়। আনুষ্ঠানিক বক্তব্য চাইতে গেলে তিনি ঊর্ধ্বতন কর্তৃপক্ষের অনুমতি নিয়ে আসার কথা বলেন।

মানববন্ধনে বাধা, ব্যানার ছিনিয়ে নেওয়া ও হুমকির অভিযোগ :  গত ২২ সেপ্টেম্বর নগরীর ভাটারখাল এলাকায় শিক্ষা প্রকৌশল অধিদপ্তরের কার্যালয়ের সামনে নির্বাহী প্রকৌশলীর বিরুদ্ধে মানববন্ধন করেন ক্ষুব্ধ ঠিকাদাররা। কর্মসূচি চলাকালে স্থানীয় বিএনপি নেতা ও ঠিকাদার মোমেন সিকদার এবং তাঁর সঙ্গে থাকা গাড়িচালক ইব্রাহিম ও অফিস সহকারী তন্ময় আন্দোলনকারীদের ব্যানার ছিনিয়ে নেন এবং হুমকি দেন বলে অভিযোগ উঠেছে।
মানববন্ধনে অংশ নেওয়া বরিশাল মহানগর ছাত্রদলের সাবেক সহসভাপতি সোহেল খান অভি অভিযোগ করেন, শহিদুল ইসলাম পছন্দের ঠিকাদারদের কাজ দেন এবং কমিশন ছাড়া বিলে স্বাক্ষর করেন না। জেলা ছাত্র ফেডারেশনের সাধারণ সম্পাদক রাইদুল ইসলাম সাকিবও আন্দোলনকারীদের ভয়ভীতি প্রদর্শনের অভিযোগ করেন। তবে ব্যানার ছিনিয়ে নেওয়ার অভিযোগের বিষয়ে মোমেন সিকদার সন্তোষজনক ব্যাখ্যা দেননি বলে সংশ্লিষ্টরা জানিয়েছেন।

সরকারি দায়িত্বে থেকেও বেনামে ঠিকাদারি ব্যবসা নিয়ন্ত্রণের অভিযোগ  :  অভিযোগগুলোর মধ্যে সবচেয়ে গুরুতর হলো সরকারি প্রকৌশলীর দায়িত্ব পালনের পাশাপাশি বেনামে ঠিকাদারি ব্যবসা নিয়ন্ত্রণের অভিযোগ। অভিযোগকারীদের দাবি, নিজের পছন্দের ঠিকাদারি প্রতিষ্ঠানকে কাজ পাইয়ে দেওয়া এবং অন্য প্রতিষ্ঠানের পাওনা বিল আটকে রাখার মাধ্যমে একটি প্রভাববলয় তৈরি করা হয়েছে।

অভিযোগ অনুযায়ী, বরিশাল শিক্ষা প্রকৌশল অধিদপ্তরের জরাজীর্ণ ভবন সংস্কারের কাজে মেসার্স কবির এন্টারপ্রাইজ ৩ কোটি ২২ লাখ টাকা এবং মেসার্স খান ট্রেডিং ৭৮ লাখ টাকা ব্যয়ে মোট ৪ কোটি টাকার কাজ সম্পন্ন করে। কিন্তু পরবর্তী সময়ে প্রতিষ্ঠান দুটির বকেয়া বিল আটকে রেখে মাদার কনস্ট্রাকশন, কে পি বিল্ডার্স, পিপন কনস্ট্রাকশন, ওয়ারিসা এন্টারপ্রাইজ, মা এন্টারপ্রাইজ ও আরিফ বিল্ডার্সসহ বিভিন্ন প্রতিষ্ঠানের নামে ভুয়া বিল-ভাউচার এবং পেপার টেন্ডারের মাধ্যমে অর্থ উত্তোলনের অভিযোগ উঠেছে।

এ প্রক্রিয়ায় দপ্তরের হিসাবরক্ষক মো. শহিদুর রহমানের সংশ্লিষ্টতার অভিযোগও করেছেন অভিযোগকারীরা। তাঁদের দাবি, প্রকৃত কাজ সম্পন্ন করা ঠিকাদারদের পাওনা পরিশোধ না করে অন্য প্রতিষ্ঠানের নামে অর্থ উত্তোলনের বিষয়টি তদন্ত করা হলে আর্থিক অনিয়মের গুরুত্বপূর্ণ তথ্য বেরিয়ে আসতে পারে। এ ক্ষেত্রে সংশ্লিষ্ট প্রকল্পের কার্যাদেশ, কাজের পরিমাপ, বিল অনুমোদন, ব্যাংক হিসাব এবং অর্থ উত্তোলনের নথি যাচাই করা জরুরি।

১ কোটি ৩৭ লাখ টাকার কাজ নিয়েও প্রশ্ন, মাদার কনস্ট্রাকশনের মালিকানা বিতর্ক : গত ৭ অক্টোবর ২০২৬ বরিশাল ইঞ্জিনিয়ারিং কলেজের ১ কোটি ৩৭ লাখ টাকার একটি কাজ মেসার্স মাদার কনস্ট্রাকশনকে দেওয়ার বিষয়টি নিয়েও প্রশ্ন তুলেছেন অভিযোগকারীরা।

তাঁদের অভিযোগ, প্রতিষ্ঠানটির প্রকৃত মালিকানা নিয়ে ধোঁয়াশা রয়েছে। এর সঙ্গে সাবেক সংসদ সদস্য আমির হোসেন আমুর ঘনিষ্ঠ এবং ঝালকাঠি জেলা ছাত্রলীগের বিতর্কিত নেতা ফয়সাল হোসেন জুয়েলের সংশ্লিষ্টতার অভিযোগও করা হয়েছে। এ ছাড়া মেসার্স মোমিন সিকদার, মা এন্টারপ্রাইজ, ইউনুস অ্যান্ড ব্রাদার্স ও রাফিদ ট্রেডার্সের নামে প্রায় ৩২ কোটি টাকার কারিগরি স্কুল ও কলেজ স্থাপন প্রকল্প এবং বরিশাল কলেজিয়েট মাধ্যমিক বিদ্যালয়ের ভবন নির্মাণকাজের টেন্ডার নিয়ন্ত্রণের অভিযোগ রয়েছে।

অভিযোগকারীদের দাবি, এসব প্রতিষ্ঠানের প্রকৃত মালিকানা, টেন্ডারে অংশগ্রহণের যোগ্যতা, কার্যাদেশ প্রদানের প্রক্রিয়া এবং কাজের বাস্তব অগ্রগতি যাচাই করলে টেন্ডার নিয়ন্ত্রণের অভিযোগের সত্যতা নিরূপণ সম্ভব।

নিয়োগপ্রক্রিয়া থেকে সম্পদের অনুসন্ধান—দুদকের কাছে একাধিক দাবি : স্থানীয় নাগরিক সাকিল আহম্মেদের দুদক চেয়ারম্যানের কাছে দেওয়া লিখিত অভিযোগে নির্বাহী প্রকৌশলী শহিদুল ইসলামের নিয়োগপ্রক্রিয়া নিয়েও তদন্তের দাবি জানানো হয়েছে।

পাশাপাশি পিএসসি প্রশ্নফাঁস কাণ্ডে আলোচিত সৈয়দ আবেদ আলী জীবন চক্রের সঙ্গে তাঁর সম্ভাব্য সংশ্লিষ্টতা রয়েছে কি না, তা খতিয়ে দেখার আহ্বান জানানো হয়েছে। অভিযোগে আরও বলা হয়েছে, ঘুষ-দুর্নীতির মাধ্যমে ঢাকা ও বরিশালে নামে-বেনামে জমি, ফ্ল্যাট, গাড়ি ও বিপুল সম্পদ অর্জনের অভিযোগ রয়েছে তাঁর বিরুদ্ধে।

মানববন্ধনে হামলা ও হুমকির অভিযোগও তদন্তের আওতায় আনার দাবি জানিয়েছেন অভিযোগকারী।
অভিযোগগুলোর সত্যতা নির্ধারণে দুদকের স্বাধীন অনুসন্ধান ও প্রয়োজনীয় নথি যাচাই অত্যন্ত গুরুত্বপূর্ণ।

শিক্ষা মন্ত্রণালয়ের মন্ত্রী-প্রতিমন্ত্রী ও সচিবের জরুরি হস্তক্ষেপ দাবি :  বরিশাল শিক্ষা প্রকৌশল অধিদপ্তরকে ঘিরে ওঠা এসব অভিযোগের পরিপ্রেক্ষিতে শিক্ষা মন্ত্রণালয়ের মন্ত্রী, প্রতিমন্ত্রী এবং সংশ্লিষ্ট সচিবের জরুরি হস্তক্ষেপ কামনা করেছেন অভিযোগকারীরা। তাঁদের দাবি, প্রভাবমুক্ত তদন্তের স্বার্থে নির্বাহী প্রকৌশলী শহিদুল ইসলামের বিরুদ্ধে ওঠা অভিযোগগুলোকে গুরুত্ব দিয়ে দেখা প্রয়োজন।

তাঁরা মনে করেন, শুধু মৌখিক বক্তব্য বা দাপ্তরিক ব্যাখ্যার ওপর নির্ভর না করে প্রকল্পভিত্তিক সরেজমিন তদন্ত, টেন্ডার নথি যাচাই, এমবি বুকের সঙ্গে বাস্তব কাজের পরিমাপ মিলিয়ে দেখা, বিল-ভাউচার পরীক্ষা এবং সংশ্লিষ্ট ঠিকাদারি প্রতিষ্ঠানের প্রকৃত মালিকানা অনুসন্ধান করা উচিত।

বিশেষ করে ৪ কোটি টাকার সংস্কারকাজের বিল, ১ কোটি ৩৭ লাখ টাকার বরিশাল ইঞ্জিনিয়ারিং কলেজের কাজ এবং প্রায় ৩২ কোটি টাকার প্রকল্পগুলোর টেন্ডার ও অর্থ ছাড়ের প্রক্রিয়া নিরীক্ষার দাবি জানিয়েছেন সংশ্লিষ্টরা।

অভিযোগ অস্বীকার নির্বাহী প্রকৌশলীর : এদিকে তাঁর বিরুদ্ধে ওঠা সব অভিযোগ অস্বীকার করেছেন নির্বাহী প্রকৌশলী মো. শহিদুল ইসলাম। তিনি বলেন, অভিযোগগুলো মিথ্যা, ভিত্তিহীন ও উদ্দেশ্যপ্রণোদিত। তাঁর ভাষ্য, কিছু ঠিকাদার নিয়মবহির্ভূত সুবিধা না পেয়ে তাঁর বিরুদ্ধে অপপ্রচার চালাচ্ছেন। দপ্তরের সব প্রকল্প সরকারি বিধিমালা মেনেই স্বচ্ছতার সঙ্গে পরিচালিত হচ্ছে। নিরপেক্ষ তদন্ত হলে প্রকৃত সত্য বেরিয়ে আসবে।

প্রশ্ন এখন শিক্ষা মন্ত্রণালয়ের কাছে : একদিকে ২৪ ঠিকাদারের লিখিত অভিযোগ, অন্যদিকে দুদক চেয়ারম্যানের কাছে স্থানীয় নাগরিকের আবেদন; এর সঙ্গে যুক্ত হয়েছে মানববন্ধন, থানায় জিডি, হাজিরা খাতায় অনুপস্থিতির তথ্য এবং সরকারি প্রকল্পের বিল-ভাউচার নিয়ে গুরুতর প্রশ্ন। সব মিলিয়ে বরিশাল শিক্ষা প্রকৌশল অধিদপ্তরের কার্যক্রম ও আর্থিক ব্যবস্থাপনা নিয়ে স্বচ্ছ তদন্তের দাবি ক্রমেই জোরালো হচ্ছে।

সংশ্লিষ্টদের প্রশ্ন—যে প্রতিষ্ঠানের দায়িত্ব সরকারি শিক্ষাপ্রতিষ্ঠানের অবকাঠামো উন্নয়ন ও নির্মাণকাজ নিশ্চিত করা, সেই প্রতিষ্ঠানের প্রকল্পেই যদি ভুয়া বিল-ভাউচার, কমিশন বাণিজ্য ও টেন্ডার নিয়ন্ত্রণের অভিযোগ ওঠে, তাহলে সরকারি অর্থের নিরাপত্তা কোথায় ?

শিক্ষামন্ত্রী, প্রতিমন্ত্রী ও সচিবের কাছে এখন প্রধান দাবি—অভিযোগগুলো আমলে নিয়ে নিরপেক্ষ তদন্ত কমিটি গঠন, প্রকল্পভিত্তিক আর্থিক নিরীক্ষা এবং অনিয়মের প্রমাণ পাওয়া গেলে সংশ্লিষ্টদের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা গ্রহণ। একই সঙ্গে অভিযোগকারী ঠিকাদারদের নিরাপত্তা ও হয়রানিমুক্ত পরিবেশ নিশ্চিত করাও জরুরি। সরকারি অর্থের প্রতিটি টাকার জবাবদিহি নিশ্চিত হবে, নাকি অভিযোগগুলোও অন্য অনেক অভিযোগের মতো ফাইলবন্দি হয়ে থাকবে—এখন সেই প্রশ্নের উত্তর চান বরিশালের ঠিকাদার ও সচেতন নাগরিকরা।

👁️ 13 News Views

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *