
বিশেষ প্রতিনিধি (চট্টগ্রাম) : চট্টগ্রাম, আসন্ন জাতীয় সংসদ ও গণভোট নির্বাচনকে সামনে রেখে আইন-শৃঙ্খলা পরিস্থিতি বজায় রাখার লক্ষ্যে দায়িত্বপ্রাপ্ত কর্মকর্তাদের সঙ্গে বিভিন্ন সামাজিক ও পেশাজীবী সংগঠনের মতবিনিময় অব্যাহত রয়েছে। এরই ধারাবাহিকতায় বাংলাদেশ আনসার ও গ্রাম প্রতিরক্ষা বাহিনী-এর উপ-পরিচালক রায়হান ফকিরের সঙ্গে সৌজন্য সাক্ষাৎ করেছেন এসএসসি ’৯১ চট্টগ্রাম বিভাগের নেতৃবৃন্দ।

বিকেলে নগরীর ফয়েস লেক এলাকায় অবস্থিত আনসার ও ভিডিপির রেস্ট হাউজে এ সাক্ষাৎ অনুষ্ঠিত হয়। আসন্ন নির্বাচনে চট্টগ্রাম জেলার সার্বিক আইন-শৃঙ্খলা রক্ষায় আনসার ও ভিডিপির ভূমিকা, মাঠপর্যায়ের প্রস্তুতি এবং নাগরিক সচেতনতা বৃদ্ধির বিভিন্ন দিক নিয়ে এ সময় আলোচনা হয়।
সাক্ষাৎকালে উপস্থিত ছিলেন এসএসসি ’৯১ চট্টগ্রাম বিভাগের ক্রিয়েটর, এডমিন ও সমন্বয়কারী মোঃ আনিসুল চৌধুরী, উপদেষ্টা আলহাজ্ব এজাজ আহম্মেদ চৌধুরী, সাধারণ পরিষদের সভাপতি মোঃ নূর উদ্দিন জাহেদ, মানবিক পরিষদের সভাপতি তৈয়ব তাহের, এডমিন এস এম আহসানুল কবির চৌধুরী টিটু, কাজী মাসুদ পারভেজসহ সংগঠনের অন্যান্য নেতৃবৃন্দ।

আলোচনায় বক্তারা বলেন, একটি অবাধ, সুষ্ঠু ও শান্তিপূর্ণ নির্বাচন আয়োজনের ক্ষেত্রে আইন-শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর পেশাদারিত্ব ও নিরপেক্ষতা অত্যন্ত গুরুত্বপূর্ণ। বিশেষ করে নির্বাচনের দিন কেন্দ্রভিত্তিক নিরাপত্তা, ভোটারদের নির্বিঘ্নে ভোটদান নিশ্চিত করা এবং যেকোনো অনাকাঙ্ক্ষিত পরিস্থিতি মোকাবিলায় আনসার ও ভিডিপির ভূমিকা তাৎপর্যপূর্ণ।

উপ-পরিচালক রায়হান ফকির নির্বাচনী দায়িত্ব পালনে বাহিনীর প্রস্তুতির বিষয়ে সংক্ষিপ্ত ধারণা তুলে ধরেন এবং সবার সহযোগিতা কামনা করেন। তিনি বলেন, নির্বাচনকে ঘিরে জনসচেতনতা ও পারস্পরিক সহযোগিতা নিশ্চিত করা গেলে আইন-শৃঙ্খলা পরিস্থিতি আরও সুদৃঢ় থাকবে।
মতবিনিময় সভায় উপস্থিত নেতৃবৃন্দ একমত পোষণ করে বলেন, “সবার আগে বাংলাদেশ”—এই চেতনায় নিজ নিজ অবস্থান থেকে দায়িত্বশীল ভূমিকা পালন করতে হবে। একটি স্থিতিশীল, গণতান্ত্রিক ও উন্নয়নমুখী বাংলাদেশ গঠনে নাগরিকদের সচেতনতা,সামাজিক সম্প্রীতি ও আইনের প্রতি শ্রদ্ধাবোধ অপরিহার্য। সৌজন্য সাক্ষাৎ শেষে পারস্পরিক শুভেচ্ছা বিনিময়ের মাধ্যমে অনুষ্ঠান সমাপ্ত হয়।
