
এম সালমান জমদ্দার, (ব্রাহ্মণবাড়িয়া) : ব্রাহ্মণবাড়িয়া জেলার নবীনগর উপজেলার বরিকান্দি ইউনিয়নের থোল্লাকান্দি গ্রামে চলন্ত সিএনজি থেকে গুলিবর্ষণের ঘটনায় ইমন মিয়া (২৩) নামে এক যুবক গুরুতর আহত হয়েছেন। সোমবার (১৬ ফেব্রুয়ারি) সন্ধ্যা আনুমানিক সাড়ে সাত টার দিকে বাদ্যপাড়া এলাকায় এ ঘটনা ঘটে।

আহত ইমন মিয়া, হোসেন মিয়ার ছেলে। স্থানীয় সূত্রে জানা গেছে, ইমন সড়কের পাশে দাঁড়িয়ে থাকাকালীন একটি সিএনজি তার কাছাকাছি এসে গতি কমায়। মুহূর্তের মধ্যে সিএনজি থেকে মুখোশধারী দুর্বৃত্তরা পরপর তিন রাউন্ড গুলি ছুড়ে দ্রুত এলাকা ত্যাগ করে।
গুলিবিদ্ধ অবস্থায় স্থানীয়রা তাকে উদ্ধার করে প্রথমে প্রাথমিক চিকিৎসা দেন। পরে অবস্থার অবনতি হলে উন্নত চিকিৎসার জন্য ঢাকায় পাঠানো হয়।

প্রত্যক্ষদর্শীরা জানান, হামলাটি ছিল পূর্বপরিকল্পিত ও লক্ষ্যভেদী। চলন্ত সিএনজি ব্যবহার করে এ ধরনের কৌশলী হামলা এলাকায় নতুন করে আতঙ্ক সৃষ্টি করেছে।

উল্লেখ্য, কয়েক মাস আগে একই এলাকায় একটি হত্যাকাণ্ডের ঘটনা ঘটে। স্থানীয়ভাবে ‘মনেক ডাকাত’ নামে পরিচিত এক ব্যক্তির ছেলে শিপন মিয়া প্রতিদ্বন্দ্বী একটি গ্রুপের হাতে নিহত হন। এলাকাবাসীর ধারণা, সেই ঘটনার জের ধরেই সহিংসতার নতুন অধ্যায় শুরু হতে পারে। গুলিবিদ্ধ ইমন মিয়া নিহত শিপনের ঘনিষ্ঠ বন্ধু বলে জানা গেছে।
এ বিষয়ে নবীনগর থানার অফিসার ইনচার্জ রফিকুল ইসলাম বলেন, “খবর পেয়ে পুলিশ দ্রুত ঘটনাস্থলে পৌঁছেছে। জড়িতদের শনাক্ত ও গ্রেপ্তারের জন্য অভিযান পরিচালনা করা হচ্ছে।”
ঘটনার পর থোল্লাকান্দি ও আশপাশের এলাকায় চরম উদ্বেগ বিরাজ করছে। স্থানীয়রা জানান, সন্ধ্যার পর অনেকেই প্রয়োজন ছাড়া ঘর থেকে বের হচ্ছেন না। এলাকাবাসীর দাবি, শুধু তাৎক্ষণিক অভিযান নয়—স্থায়ী শান্তি প্রতিষ্ঠায় প্রশাসনের দৃশ্যমান ও কার্যকর পদক্ষেপ প্রয়োজন।
