
মশিউর রহমান কাজল, (বেনাপোল) : যশোরের শার্শা উপজেলাকে একটি দুর্নীতিমুক্ত ও আদর্শ মডেল উপজেলা হিসেবে গড়ে তুলতে উপজেলা প্রশাসনের সকল কর্মকর্তার সর্বাত্মক সহযোগিতা কামনা করেছেন শার্শা উপজেলার নবনির্বাচিত সংসদ সদস্য মাওলানা আজীজুর রহমান। শার্শা উপজেলা প্রশাসনের উদ্যোগে উপজেলা পরিষদ ভবনের হলরুমে নবনির্বাচিত সংসদ সদস্যের সঙ্গে উপজেলা প্রশাসনের কর্মকর্তাবৃন্দের এক মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়।

অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন শার্শা উপজেলার নবনির্বাচিত সংসদ সদস্য মাওলানা আজীজুর রহমান। সভায় সভাপতিত্ব করেন শার্শা উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) ফজলে ওয়াহিদ।
এসময় উপস্থিত ছিলেন উপজেলা সহকারী কমিশনার (ভূমি) নিয়াজ মাখদুম, শার্শা থানার অফিসার ইনচার্জ মারুফ হোসেনসহ উপজেলার বিভিন্ন দপ্তরের কর্মকর্তা বৃন্দ।

এছাড়াও অনুষ্ঠানে উপস্থিত ছিলেন যশোর জেলা জামায়াতে ইসলামীর নায়েবে আমীর মাওলানা হাবিবুর রহমান, শার্শা উপজেলা জামায়াতের আমীর অধ্যাপক ফারুক হাসান, বেনাপোল পোর্ট থানা জামায়াতের আমীর রেজাউল ইসলাম, শার্শা উপজেলা জামায়াতের সেক্রেটারি মোঃ জাহাঙ্গীর আলম, নির্বাচনী সদস্য সচিব মাওলানা হাবিবুর রহমান, মাওলানা আহমদ আলীসহ স্থানীয় নেতাকর্মীরা।


মতবিনিময় সভায় প্রধান অতিথির বক্তব্যে এমপি মাওলানা আজীজুর রহমান বলেন, “আমি শার্শা উপজেলাকে আপনাদের সকলের সহযোগিতা নিয়ে একটি দুর্নীতিমুক্ত, ন্যায়ভিত্তিক ও আদর্শ মডেল উপজেলা হিসেবে গড়ে তুলতে চাই। এই উপজেলার প্রতিটি মানুষ—সে যে দল, মত বা ধর্মেরই হোক না কেন—আমরা সবাই মিলেমিশে তাদের কল্যাণে কাজ করবো, ইনশাআল্লাহ।” তিনি আরও বলেন, জনপ্রতিনিধি ও প্রশাসনের সমন্বিত প্রচেষ্টার মাধ্যমেই জনগণের প্রত্যাশা পূরণ সম্ভব।
এরপর উপজেলা নির্বাহী কর্মকর্তা ফজলে ওয়াহিদ উপস্থিত সকল কর্মকর্তাদের পরিচয় করিয়ে দেন এবং তারা কে কোন সেক্টরে দায়িত্ব পালন করছেন ও তাদের কাজের পরিধি সম্পর্কে বিস্তারিত তুলে ধরেন।
অনুষ্ঠানের শুরুতে উপজেলা প্রশাসনের পক্ষ থেকে নবনির্বাচিত সংসদ সদস্য মাওলানা আজীজুর রহমানকে ফুল দিয়ে শুভেচ্ছা ও অভিনন্দন জানানো হয়।
