
মোঃ সাইফুর রশিদ চৌধুরী : গোপালগঞ্জের কোটালীপাড়ায় অবৈধ সম্পদ অর্জনের অভিযোগে দুর্নীতি দমন কমিশনের (দুদক) দায়ের করা মামলায় বন ও পরিবেশ অধিদপ্তরের এক কর্মীকে গ্রেপ্তার করেছে পুলিশ। গ্রেপ্তারকৃত ব্যক্তির নাম দিদারুল ইসলাম হাওলাদার। তিনি বরিশাল বিভাগীয় কার্যালয়ে ‘নমুনা সংগ্রহকারী’ হিসেবে কর্মরত ছিলেন। বুধবার ১৮ মার্চ সকালে কোটালীপাড়া উপজেলার চিতশী এলাকা থেকে তাকে গ্রেপ্তার করা হয়।

কোটালীপাড়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. রিয়াদ মাহমুদ জানান, দুদকের একটি মামলায় দিদারুল ইসলামের বিরুদ্ধে দীর্ঘদিন ধরে গ্রেপ্তারি পরোয়ানা জারি ছিল। ওই পরোয়ানার ভিত্তিতে পুলিশ বিশেষ অভিযান চালিয়ে তাকে গ্রেপ্তার করে এবং পরবর্তীতে তাকে আদালতে সোপর্দ করা হয়।
মামলার বিবরণী থেকে জানা যায়, দিদারুল ইসলাম ২০১১ সালে বন ও পরিবেশ অধিদপ্তরে চাকরিতে যোগ দেন। ২০২২ সালের ১৯ সেপ্টেম্বর তিনি প্রথমবারের মতো তার সম্পদের হিসাব জমা দেন এবং ২০২৩ সালের ১৮ জুন পুনরায় সম্পদের বিবরণী দাখিল করেন। সেই বিবরণীতে তিনি ৫৭ লাখ ৩৭ হাজার ৮৮০ টাকার স্থাবর ও অস্থাবর সম্পদের উল্লেখ করেছিলেন।

তবে দুদকের নিবিড় অনুসন্ধানে বেরিয়ে আসে ভিন্ন তথ্য। তদন্তে তার নামে ৭৫ লাখ ৩ হাজার ৬৩৫ টাকার সম্পদের হদিস পাওয়া যায়। অর্থাৎ, তিনি সচেতনভাবে ১৭ লাখ ৬৫ হাজার ৭৫৫ টাকার জ্ঞাত আয়বহির্ভূত সম্পদ গোপন করেছেন বলে দুদকের তদন্তে প্রমাণিত হয়।

এই অনিয়ম ও দুর্নীতির ঘটনায় ২০২৪ সালের ৮ অক্টোবর দুদকের গোপালগঞ্জ জেলা কার্যালয়ের উপসহকারী পরিচালক আফছার উদ্দিন বাদী হয়ে মামলাটি দায়ের করেছিলেন। দীর্ঘদিন পলাতক থাকার পর অবশেষে তিনি আইনশৃঙ্খলা বাহিনীর জালে ধরা পড়লেন।
