
মোঃ সাইফুর রশিদ চৌধুরী : গোপালগঞ্জ সদর উপজেলায় জনস্বার্থ রক্ষা ও আইনশৃঙ্খলা পরিস্থিতি সমুন্নত রাখতে দিনব্যাপী ভ্রাম্যমাণ আদালত এবং বাজার মনিটরিং কার্যক্রম পরিচালিত হয়েছে। বুধবার (১৮ মার্চ) পরিচালিত এই অভিযানে অস্বাস্থ্যকর পরিবেশে খাদ্য উৎপাদন এবং সড়ক পরিবহন আইন অমান্য করার অপরাধে দুটি মামলায় মোট ৫২ হাজার টাকা অর্থদণ্ড আদায় করা হয়।

দিনের শুরুতে গোপালগঞ্জ সদর উপজেলার পুলিশ লাইন এলাকায় ‘সড়ক পরিবহন আইন, ২০১৮’ মোতাবেক ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করা হয়। এসময় আইন অমান্য করায় একটি মামলায় ২,০০০ (দুই হাজার) টাকা অর্থদণ্ড আদায় করা হয়।
অভিযানের পাশাপাশি অত্র এলাকায় বাজার মনিটরিং কার্যক্রমও পরিচালনা করা হয়। বিশেষ করে গোপালগঞ্জ ফিলিং স্টেশন, শরীফ নুরজাহান ফিলিং স্টেশন ও দোলা ফিলিং স্টেশনে জ্বালানি তেলের মজুদ এবং সঠিক বিতরণ ব্যবস্থা তদারকি করে প্রশাসন।

পরবর্তীতে সদরের উত্তর গোবরা পূর্বপাড়ায় (নীলামাঠের পাশে) অবস্থিত একটি আইসক্রিম ফ্যাক্টরিতে অভিযান চালায় ভ্রাম্যমাণ আদালত। এসময় অত্যন্ত অস্বাস্থ্যকর পরিবেশে আইসক্রিম তৈরি এবং জনস্বাস্থ্যের জন্য ক্ষতিকারক কেমিক্যাল ব্যবহারের প্রমাণ পাওয়া যায়। ‘

ভোক্তা অধিকার সংরক্ষণ আইন, ২০০৯’-এর ৫২ ধারা মোতাবেক অপরাধ আমলে নিয়ে উক্ত আইসক্রিম ফ্যাক্টরিকে একটি মামলায় ৫০,০০০ (পঞ্চাশ হাজার) টাকা অর্থদণ্ড প্রদান ও তাৎক্ষণিক তা আদায় করা হয়।
জেলা প্রশাসনের পক্ষ থেকে জানানো হয়েছে, জনস্বার্থ রক্ষায় এবং নিত্যপণ্যের বাজার স্থিতিশীল রাখতে এ ধরনের কঠোর তদারকি ও ভ্রাম্যমাণ আদালতের কার্যক্রম ভবিষ্যতেও অব্যাহত থাকবে।
