আজকের দেশ ডটকম ডেস্ক : আজ রবিবার ২৩শে মার্চ, পাকিস্তানের জাতীয় দিবস উপলক্ষে ঢাকায় পাকিস্তান হাইকমিশনে আয়োজিত অনুষ্ঠানে যোগ দেন ইনসাফ গার্ডের সভাপতি খান রায়হান। অনুষ্ঠানের এক পর্যায়ে তিনি বাংলাদেশে নিযুক্ত পাকিস্তানের হাইকমিশনার ইমরান হায়দার এবং ডেপুটি হাইকমিশনারের সাথে এক সৌজন্য সাক্ষাৎ ও একান্ত বৈঠকে মিলিত হন।

সাক্ষাৎকালে খান রায়হান পাকিস্তান ও আফগানিস্তানের মধ্যকার বর্তমান উত্তপ্ত পরিস্থিতি নিয়ে গভীর উদ্বেগ প্রকাশ করেন। তিনি হাইকমিশনার ইমরান হায়দারের মাধ্যমে পাকিস্তান সরকারের কাছে বিশেষ অনুরোধ জানিয়ে বলেন, “পাকিস্তান ও আফগানিস্তান উভয়ই ভ্রাতৃপ্রতিম মুসলিম দেশ। তাদের মধ্যকার এই সংঘাত কেবল আঞ্চলিক শান্তিই নষ্ট করছে না, বরং এর সুযোগ নিয়ে তৃতীয় পক্ষ ভারত সরাসরি লাভবান হচ্ছে। মুসলিম উম্মাহর বৃহত্তর স্বার্থে এই আত্মঘাতী যুদ্ধ অবিলম্বে বন্ধ হওয়া প্রয়োজন।”
খান রায়হান আরও উল্লেখ করেন যে, পাকিস্তানের পারমাণবিক সক্ষমতা কেবল একটি দেশের নয়, বরং তা সমগ্র মুসলিম উম্মাহর নিরাপত্তার প্রতীক হওয়া উচিত। তিনি বলেন, “পাকিস্তান যদি ইরানের মতো বন্ধু রাষ্ট্রের পাশে দাঁড়িয়ে সহযোগিতামূলক ভূমিকা পালন করে, তবে বিশ্বজুড়ে মুসলিম শক্তির পুনর্জাগরণ ঘটবে এবং উম্মাহ আরও শক্তিশালী হবে।”

হাইকমিশনার ইমরান হায়দার ইনসাফ গার্ডের সভাপতির বক্তব্য গুরুত্বের সাথে শোনেন এবং এই সৌজন্য সাক্ষাতের জন্য তাকে ধন্যবাদ জানান। অনুষ্ঠানে বিভিন্ন দেশের কূটনীতিক ও বিশিষ্ট ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন।

