
মোঃ সাইফুর রশিদ চৌধুরী : গোপালগঞ্জের কাশিয়ানীতে গভীর রাতে শিশুকে প্রস্রাব করাতে বাইরে বের হয়ে এক গৃহবধূ ধর্ষণের শিকার হয়েছেন বলে অভিযোগ পাওয়া গেছে। গত বুধবার (১৫ এপ্রিল) দিবাগত রাতে উপজেলার রাজপাট ইউনিয়নের বড়বাহিরবাগ গ্রামে এ ঘটনা ঘটে।

এ ঘটনায় ভুক্তভোগী গৃহবধূ বাদী হয়ে প্রতিবেশী হাফিজ মোল্যাকে (৩৫) আসামি করে কাশিয়ানী থানায় একটি ধর্ষণ মামলা দায়ের করেছেন। মামলা নাম্বার ১৫৭২(৩)/১ তারিখ ১৬/৪/২৬ খ্রিঃ। অভিযুক্ত হাফিজ মোল্লা বড় বাহিরবাগ গ্রামের আবুল মোল্যার ছেলে এবং দুই সন্তানের জনক বলে জানা গেছে।
মামলার এজাহার সূত্রে জানা গেছে, ঘটনার দিন গৃহবধূর স্বামী বড় সন্তানকে নিয়ে তার বাবার বাড়িতে ছিলেন। ওই নারী তার দুই বছর বয়সি শিশু সন্তানকে নিয়ে বাড়িতে একা ছিলেন।

বুধবার দিবাগত রাত আনুমানিক ১টার দিকে তিনি ছোট সন্তানকে প্রস্রাব করানোর জন্য বসতঘরের বাইরে বের হন। এ সুযোগে প্রতিবেশী হাফিজ মোল্যা তার মুখ চেপে ধরে জোরপূর্বক বসতঘরের ভেতরে নিয়ে তাকে ধর্ষণ করে।

ভুক্তভোগীর কান্নাকাটি ও চেঁচামেচির শব্দ শুনে তার ভাসুরের ছেলে ও আশপাশের লোকজন এগিয়ে এলে অভিযুক্ত হাফিজ পালিয়ে যায়। এ সময় তাড়াহুড়ো করে পালিয়ে যাওয়ার কারণে ঘটনাস্থলে আসামির ব্যবহৃত মোবাইল, ঘড়ি, চাবি ও প্যান্ট ফেলে যায় সে।
ঘটনার পর থেকে অভিযুক্ত হাফিজ মোল্লা পলাতক রয়েছেন। তার বক্তব্য নেওয়ার জন্য মুঠোফোনে যোগাযোগ করা হলে তিনি সাংবাদিক পরিচয় পেয়েই সংযোগ বিচ্ছিন্ন করে দেন।
এ বিষয়ে কাশিয়ানী থানার পুলিশ পরিদর্শক (তদন্ত) শেখ তাজ উদ্দিন আহমেদ মামলার সত্যতা নিশ্চিত করে জানান, ভুক্তভোগী নারী বাদী হয়ে মামলা করেছেন।
ঘটনাস্থল থেকে কিছু আলামত উদ্ধার করা হয়েছে এবং অভিযুক্তকে গ্রেপ্তার করতে পুলিশের অভিযান অব্যাহত রয়েছে। দ্রুততম সময়ের মধ্যে আসামিকে আইনের আওতায় আনা হবে বলে তিনি আশ্বস্ত করেছেন।
