
ইব্রাহিম খলিল, শার্শা (যশোর) : লিবিয়ায় সড়ক দুর্ঘটনায় নিহত হয়েছেন বলে খবর পাওয়া গেছে যশোরের শার্শা উপজেলার যুবক সজীবের। কিন্তু ঘটনার আট দিন পার হলেও এখনো তার মরদেহের কোনো সন্ধান পায়নি পরিবার। এ ঘটনায় স্বজনদের মাঝে চরম উৎকণ্ঠা ও শোকের ছায়া নেমে এসেছে।

নিহত সজীব যশোরের শার্শা উপজেলার উলাশী খাজুরা গ্রামের বাসিন্দা। তার পিতার নাম আইনুদ্দিন। পরিবার সূত্রে জানা যায়, গত ১৯ এপ্রিল বাংলাদেশে ফেরার উদ্দেশ্যে লিবিয়ার এয়ারপোর্টে যাওয়ার পথে সড়ক দুর্ঘটনার শিকার হন তিনি।
পরে পরিচিতজনদের মাধ্যমে মৃত্যুর খবর পেলেও মরদেহ কোথায় আছে, কোন হাসপাতালে নেওয়া হয়েছে, অথবা দাফন করা হয়েছে কি না—এ বিষয়ে এখনো নিশ্চিত কোনো তথ্য পাওয়া যায়নি।

স্বজনরা জানান, প্রবাসে থাকা ছেলের মৃত্যুর খবর শুনে পরিবার ভেঙে পড়েছে। কিন্তু শেষবারের মতো মুখটিও দেখতে পারছেন না তারা। প্রতিদিনই নতুন কোনো খবরের আশায় দিন পার করছেন পরিবারের সদস্যরা।

পরিবারের দাবি, বাংলাদেশ সরকার, পররাষ্ট্র মন্ত্রণালয়, লিবিয়াস্থ বাংলাদেশ দূতাবাস এবং সংশ্লিষ্ট কর্তৃপক্ষ দ্রুত বিষয়টি গুরুত্বের সঙ্গে তদন্ত করে মরদেহের সন্ধান ও দেশে ফিরিয়ে আনার ব্যবস্থা গ্রহণ করুক।
এলাকাবাসীও সরকারের প্রতি দৃষ্টি আকর্ষণ করে বলেন, একজন প্রবাসীর এমন করুণ পরিণতি অত্যন্ত মর্মান্তিক। দ্রুত পরিবারের পাশে দাঁড়িয়ে প্রয়োজনীয় সহায়তা দেওয়া জরুরি।
সজীবের স্বজনরা দেশ-বিদেশে অবস্থানরত সকল বাংলাদেশির সহযোগিতা কামনা করেছেন। যদি কেউ তার বিষয়ে কোনো তথ্য জেনে থাকেন, তাহলে পরিবারের সঙ্গে যোগাযোগ করার অনুরোধ জানিয়েছেন তারা।
