প্রথম প্রান্তিকে ২৩২ কোটি টাকা মুনাফা রবির

Uncategorized অর্থনীতি কর্পোরেট সংবাদ জাতীয় ঢাকা বানিজ্য বিজ্ঞান ও প্রযুক্তি বিশেষ প্রতিবেদন রাজধানী সারাদেশ

নিজস্ব প্রতিবেদক  :  গত বছরের ধারাবাহিকতায় চলতি বছরের শুরুতেও শক্তিশালী আর্থিক অবস্থান ধরে রেখেছে রবি আজিয়াটা পিএলসি। ২০২৬ সালের প্রথম প্রান্তিকে (জানুয়ারি-মার্চ) ৯.২% মার্জিনসহ ২৩২.৩ কোটি টাকা কর-পরবর্তী মুনাফা (পিএটি) অর্জন করেছে কোম্পানিটি।


বিজ্ঞাপন

প্রথম প্রান্তিকে রবির মোট আয় হয়েছে ২.৫৩১.২ কোটি টাকা, যা আগের বছরের একই সময়ের তুলনায় ৮.১% বেশি। শেয়ারপ্রতি আয় (ইপিএস) দাঁড়িয়েছে ০.৪৪ টাকা, যা আগের বছরের একই সময়ের তুলনায় ৮৫.২% বেশি।

এ সময়ে রবি নেটওয়ার্ক ও অবকাঠামো উন্নয়নসহ বিভিন্ন খাতে ৩৪৯.৫ কোটি টাকা বিনিয়োগ করেছে। একই সঙ্গে কর, ভ্যাট ও ফি বাবদ রবি সরকারি কোষাগারে ২,০৭৩.৬ কোটি টাকা জমা দিয়েছে, যা ওই প্রান্তিকে কোম্পানির মোট আয়ের ৮২ শতাংশ।


বিজ্ঞাপন

প্রথম প্রান্তিক শেষে রবির সক্রিয় গ্রাহক সংখ্যা দাঁড়িয়েছে ৫ কোটি ৭৪ লাখ। ডাটা গ্রাহক এবং ফোরজি গ্রাহক সংখ্যা যথাক্রমে ৪ কোটি ৪৫ লাখ এবং ৪ কোটি ৩ লাখ। গত জানুয়ারি-মার্চ প্রান্তিকে রবির একজন ডাটা ব্যবহারকারী প্রতি মাসে গড়ে ৮.৯৫ জিবি ডাটা ব্যবহার করেছেন, যা আগের বছরের একই সময়ের তুলনায় ১৫.৪% বেশি।


বিজ্ঞাপন

এই প্রান্তিকে রবির সুদ, আয়কর, অবচয় ও অ্যামটাইজেশন পূর্ববর্তী আয় (ইবিআইটিডিএ) ৫৩.৩% মার্জিনসহ ১,৩৫০.৩ কোটি টাকায় পৌঁছেছে। আগের বছরের একই সময়ের তুলনায় ইবিআইটিডিএ বেড়েছে ২১.৬%, যা ব্যয় ব্যবস্থাপনায় কোম্পানির শৃঙ্খলার ইতিবাচক ফলাফল নির্দেশ করে। আগের বছরের একই সময়ের তুলনায় ইবিআইটিডিএ মার্জিন বেড়েছে ৫.৯ শতাংশীয় পয়েন্ট। নেটওয়ার্ক সম্প্রসারণে ২০২৬ সালের প্রথম প্রান্তিক শেষে রবির ফোরজি সাইট সংখ্যা ১৯, ৩০০ ছাড়িয়েছে, যার মাধ্যমে ৯৮.৯৮% জনসংখ্যার কভারেজ নিশ্চিত হয়েছে।

চলতি বছরের প্রথম প্রান্তিকে রবির মোট আয় আগের প্রান্তিকের তুলনায় ২.১% কমেছে। মূলত আগের প্রান্তিকের তুলনায় প্রথম প্রান্তিকে দিনের সংখ্যা কম থাকার কারণে এটি হয়েছে।

তবে রবি নেটওয়ার্কে ডাটা ব্যবহারকারী প্রতি গড় ডাটা ব্যবহারের হার আগের প্রান্তিকের তুলনায় ৬.১% বেড়েছে। আগের প্রান্তিকের তুলনায় ইবিআইটিডিএ ৪.৩% এবং ইবিআইটিডিএ মার্জিন বেড়েছে ৩.৩ শতাংশীয় পয়েন্ট।

২০২৬ সালের প্রথম প্রান্তিকের আর্থিক অবস্থান সম্পর্কে রবি আজিয়াটা পিএলসির ব্যবস্থাপনা পরিচালক ও সিইও জিয়াদ সাতারা বলেন, “মধ্যপ্রাচ্যে যুদ্ধের কারণে বৈশ্বিক আর্থ-সামাজিক পরিস্থিতি আরও প্রতিকূল হয়ে ওঠার পরও আমরা ৮.১ শতাংশ প্রবৃদ্ধি অর্জন করেছি। এটি স্পষ্টভাবে প্রমাণ করে যে, নেটওয়ার্ক উন্নয়নে ধারাবাহিক বিনিয়োগের পাশাপাশি কৃত্রিম বুদ্ধিমত্তা (এআই) নির্ভর ব্যক্তিকেন্দ্রিক পণ্য ও সেবা ইতিবাচক ফল দিচ্ছে।”

তিনি বলেন, “ব্যয় ব্যবস্থাপনায় শৃঙ্খলা বজায় রাখা ও বিনিয়োগ পরিকল্পনার মাধ্যমে ২০২৬ সালের প্রথম প্রান্তিকে আমরা শেয়ারহোল্ডারদের জন্য ভালো মুনাফা নিশ্চিত করতে পেরেছি। অর্থনৈতিক পরিস্থিতির উন্নতির সঙ্গে সঙ্গে এই ধারা অব্যাহত থাকবে বলে আমরা আশাবাদী।”

রবি সম্পর্কে। রবি আজিয়াটা পিএলসি (‘রবি’) একটি পাবলিক লিমিটেড কোম্পানি যেখানে এশিয়ার টেলিযোগাযোগ বাজারের অন্যতম কোম্পানি মালয়েশিয়াভিত্তিক আজিয়াটা গ্রুপ বারহাদের সিংহভাগ মালিকানা (৬১.৮২%) রয়েছে।

এছাড়া রবিতে পাবলিক শেয়ারহোল্ডারদের (১০%) পাশাপাশি বিশ্ব টেলিযোগাযোগ বাজারের অন্যতম কোম্পানি ভারতী এয়ারটেলের (ভারত) শেয়ার রয়েছে ২৮.১৮%।

রবি বাংলাদেশের দ্বিতীয় বৃহত্তম মোবাইল ফোন অপারেটর। দেশের মানুষের জন্য প্রতিনিয়ত নতুন নতুন ডিজিটাল সেবা আনছে কোম্পানিটি। দেশের প্রতিটি প্রান্তে উদ্ভাবনী সেবা পৌঁছে দেয়ার উদ্দেশে রবি অব্যাহত বিনিয়োগের মাধ্যমে শক্তিশালী টেলিযোগাযোগ অবকাঠামো গড়ে তুলেছে।

দেশজুড়ে থাকা এ অবকাঠামো ডিজিটাল পণ্য ও সেবা সরবরাহের পাশাপাশি ক্রমবর্ধমান ডিজিটাল প্রতিবেশ গড়ে তুলতে মুখ্য ভূমিকা পালন করছে। শহর কিংবা গ্রাম যেখানেই হোক রবির হাত ধরে ডিজিটাল বাংলাদেশের পথে হাটছে দেশবাসী।

👁️ 18 News Views

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *