গোপালগঞ্জে সাংবাদিকদের বিরুদ্ধে মিথ্যা মামলা প্রত্যাহার ও শেখ তুহিনের গ্রেপ্তারের দাবিতে মানববন্ধন

Uncategorized অপরাধ আইন ও আদালত খুলনা গ্রাম বাংলার খবর জাতীয় বিশেষ প্রতিবেদন সারাদেশ

মোঃ সাইফুর রশিদ চৌধুরী  :  সাংবাদিকদের বিরুদ্ধে দায়ের করা  মিথ্যা ও হয়রানিমূলক মামলা প্রত্যাহার, অভিযুক্ত শেখ তুহিনের সম্পদের উৎস অনুসন্ধানে দুর্নীতি দমন কমিশনের (দুদক) মাধ্যমে তদন্ত এবং তাকে দ্রুত গ্রেপ্তারের দাবিতে গোপালগঞ্জে মানববন্ধন কর্মসূচি অনুষ্ঠিত হয়েছে।


বিজ্ঞাপন

​আজ বুধবার (১০ জুন) দুপুরে শহরের প্রেসক্লাব গোপালগঞ্জের সামনে এই মানববন্ধনের আয়োজন করা হয়। প্রেসক্লাব, গোপালগঞ্জের উদ্যোগে আয়োজিত এই কর্মসূচিতে জেলার বিভিন্ন গণমাধ্যমকর্মী, সামাজিক ও সাংস্কৃতিক সংগঠনের প্রতিনিধিরা অংশ নেন।

​সাংবাদিক আরমান খান জয়ের পরিচালনায় মানববন্ধনে বক্তব্য দেন প্রেসক্লাব গোপালগঞ্জের সভাপতি মোঃ জুবায়ের হোসেন, সাংবাদিক মোঃ সাইফুর রশিদ চৌধুরী, মেহেদি হাসান, আরিফুল ইসলাম, শৈলেন্দ্রনাথ মজুমদার, পলাশ শিকদার, শিকদার মামুনুর রহমান জুয়েল ও বিশ্বজিৎ চন্দ্র প্রমুখ।


বিজ্ঞাপন

​মানববন্ধনে বক্তারা বলেন, স্বাধীন সাংবাদিকতা ও সত্য প্রকাশের পথ রুদ্ধ করার উদ্দেশ্যে সাংবাদিকদের বিরুদ্ধে পরিকল্পিতভাবে মিথ্যা ও হয়রানিমূলক মামলা দায়ের করা হচ্ছে। এ ধরনের কর্মকাণ্ড গণমাধ্যমের স্বাধীনতা এবং মতপ্রকাশের সাংবিধানিক অধিকারের জন্য মারাত্মক হুমকিস্বরূপ। বক্তারা সাংবাদিকদের বিরুদ্ধে দায়ের করা সকল মিথ্যা ও ষড়যন্ত্রমূলক মামলা অবিলম্বে প্রত্যাহারের জোর দাবি জানান।


বিজ্ঞাপন

​শেখ তুহিনের বিষয়ে বক্তারা বলেন, তার নামে-বেনামে বিপুল পরিমাণ সম্পদ অর্জনের অভিযোগ নিয়ে জনমনে নানা প্রশ্নের সৃষ্টি হয়েছে। এসব সম্পদের উৎস ও বৈধতা যাচাইয়ের লক্ষ্যে দুর্নীতি দমন কমিশনের (দুদক) মাধ্যমে নিরপেক্ষ ও সুষ্ঠু তদন্ত পরিচালনা করা জরুরি। একই সাথে অভিযোগের যথাযথ তদন্ত শেষে তার বিরুদ্ধে দ্রুত প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা ও গ্রেপ্তারের আহ্বান জানান তারা।

​আন্দোলনরত সাংবাদিকরা হুশিয়ারি উচ্চারণ করে বলেন, “সাংবাদিকদের কণ্ঠরোধের অপচেষ্টা কখনো সফল হবে না। সত্য ও ন্যায়ের পক্ষে সাংবাদিক সমাজ সবসময় ঐক্যবদ্ধ রয়েছে। গণমাধ্যমকর্মীদের হয়রানি অবিলম্বে বন্ধ করতে হবে এবং দায়ীদের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা গ্রহণ করতে হবে।”

​মানববন্ধন শেষে অংশগ্রহণকারীরা বিভিন্ন স্লোগানের মাধ্যমে তাদের দাবির প্রতি সংহতি প্রকাশ করেন এবং দ্রুত কার্যকর পদক্ষেপ গ্রহণের জন্য সংশ্লিষ্ট প্রশাসনের প্রতি আহ্বান জানান।

👁️ 316 News Views

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *