
নিজস্ব প্রতিনিধি (ব্রাহ্মণবাড়িয়া)৷ : ১৫ বছর আগে ১০০ টাকা কম দিয়েছিলেন শমসের আলী। সেই টাকা পরিশোধ করতে তিনি ছুটে এসেছেন। এক টাকা হোক আর ১০০ টাকাই হোক- কারো পাওনা শোধ করাটা অবশ্যই কর্তব্য বলে মনে করেন তিনি।

ঘটনাটি শুক্রবার ব্রাহ্মণবাড়িয়ার আখাউড়া পৌর এলাকার খড়মপুরে। ওই এলাকার বাসিন্দা খাদেম এয়ার সার্ভিসের স্বত্বাধিকারি এম এন এইচ খাদেম দুলালের পাওনা দিতে আসেন শমসের আলী। ব্রাহ্মণবাড়িয়া সদর উপজেলার মজলিশপুর থেকে তিনি দুলাল খাদেমের খড়মপুরের বাড়িতে আসেন।
শমসের আলী জানান, ১৫ বছর আগে তিনি বিদেশি লোক পাঠানো সংক্রান্ত লেনদেন করেন দুলাল খাদেমের সঙ্গে। এ সময় তিনি ১০০ টাকা কম দিয়েছিলেন।

ওই টাকা ফেরত দেওয়াটা জরুরি বলে মনে করছিলেন তিনি। যে কারণে অনেকদিন পরে হলেও টাকাটা ফেরত দিতে এসেছেন। ঢাকায় বসবাসকারি দুলাল খাদেম মাঝে মাঝে শুক্রবার এলাকায় আসেন জেনে সেই চিন্তা থেকেই এসেছেন।

দুলাল খাদেম এ বিষয়ে বলেন, ‘অনেক সময় লেনদেন করতে গিয়ে টাকা গুণে রাখা হয় না। ওই ব্যক্তির বেলায় এটাও হয়ে থাকতে পারে।
তবে আমার কিছুই মনে নেই। শুক্রবার ওই লোক এসে আমার হাতে ১০০টাকা বুঝিয়ে দিলে আমি টাকাটা হাতে নিয়ে ওনাকে দিয়ে বলি কিছু একটা যেন কিনে খেতে।’
