নৌ ও বিমান বাহিনীর পদোন্নতি পর্ষদ উদ্বোধন, আকাশ প্রতিরক্ষা ও দেশীয় প্রযুক্তি সক্ষমতা পরিদর্শনে প্রধানমন্ত্রী

Uncategorized জাতীয় ঢাকা প্রশাসনিক সংবাদ বিশেষ প্রতিবেদন রাজধানী রাজনীতি সংগঠন সংবাদ সারাদেশ

নিজস্ব প্রতিবেদক  :  বাংলাদেশ নৌ ও বিমান বাহিনীর পেশাগত দক্ষতা, নেতৃত্ব ও আধুনিক প্রযুক্তিগত সক্ষমতাকে আরও সুসংহত করার ওপর গুরুত্বারোপ করেছেন প্রধানমন্ত্রী তারেক রহমান। রাজনৈতিক মতাদর্শ ও ব্যক্তিগত পছন্দ-অপছন্দের ঊর্ধ্বে থেকে যোগ্যতা, সততা, শৃঙ্খলা, নেতৃত্বের গুণাবলি ও দায়িত্ব পালনের উপযুক্ততার ভিত্তিতে কর্মকর্তাদের পদোন্নতি নিশ্চিত করার নির্দেশ দিয়েছেন তিনি।


বিজ্ঞাপন

গতকাল রোববার (২৩ আগস্ট ২০২৬) বিমান বাহিনী সদর দপ্তরে প্রধান অতিথি হিসেবে ‘নৌবাহিনী ও বিমান বাহিনী নির্বাচনী পর্ষদ-২০২৬’-এর আনুষ্ঠানিক উদ্বোধনকালে প্রধানমন্ত্রী এসব নির্দেশনা দেন। একই দিন তিনি বিমান বাহিনীর গুরুত্বপূর্ণ কয়েকটি অপারেশনাল স্থাপনা সরেজমিনে পরিদর্শন করেন এবং আকাশ প্রতিরক্ষা, যুদ্ধ পরিচালনা ও দেশীয় প্রযুক্তিতে তৈরি ড্রোনসহ বিভিন্ন প্রতিরক্ষা প্রযুক্তির সক্ষমতা প্রত্যক্ষ করেন।

নৌবাহিনীর ক্যাপ্টেন, কমান্ডার ও লেফটেন্যান্ট কমান্ডার এবং বিমান বাহিনীর গ্রুপ ক্যাপ্টেন, উইং কমান্ডার ও স্কোয়াড্রন লীডার পদমর্যাদার যোগ্য কর্মকর্তারা এ নির্বাচনী পর্ষদের মাধ্যমে পরবর্তী পদোন্নতির জন্য বিবেচিত হবেন।

অনুষ্ঠানস্থলে প্রধানমন্ত্রী পৌঁছালে তাঁকে স্বাগত জানান প্রধানমন্ত্রীর প্রতিরক্ষা উপদেষ্টা ব্রিগেডিয়ার জেনারেল (অব.) ড. এ কে এম শামছুল ইসলাম, পিএসসি, জি; সেনাবাহিনী প্রধান জেনারেল ওয়াকার-উজ-জামান, এসবিপি, ওএসপি, এসজিপি, পিএসসি; নৌবাহিনী প্রধান এডমিরাল খোন্দকার মিসবাহ উল আজীম, এনবিপি, এনপিপি, এনডিইউ, এএফডব্লিউসি, পিএসসি, এমফিল, পিএইচডি এবং বিমান বাহিনী প্রধান এয়ার চীফ মার্শাল হাসান মাহমুদ খাঁন, বিবিপি, ওএসপি, জিইউপি, এনএসডব্লিউসি, পিএসসি।


বিজ্ঞাপন

নৌবাহিনী প্রধানকে এডমিরাল র‌্যাংক ব্যাজ  :  নির্বাচনী পর্ষদের কার্যক্রম শুরুর আগে প্রধানমন্ত্রী নৌবাহিনী প্রধান খোন্দকার মিসবাহ উল আজীমকে এডমিরাল র‌্যাংক ব্যাজ পরিয়ে দেন। র‌্যাংক ব্যাজ পরানোর পর তাঁকে অভিনন্দন জানান প্রধানমন্ত্রী।


বিজ্ঞাপন

এ সময় নৌবাহিনী প্রধান বাংলাদেশ নৌবাহিনীর পক্ষ থেকে প্রধানমন্ত্রীর প্রতি আন্তরিক কৃতজ্ঞতা প্রকাশ করেন। একই সঙ্গে নৌবাহিনীকে আরও আধুনিক, সক্ষম ও সময়োপযোগী বাহিনী হিসেবে এগিয়ে নিতে প্রধানমন্ত্রীর মূল্যবান পরামর্শ ও দিকনির্দেশনা কামনা করেন।

এ সময় প্রধানমন্ত্রীর প্রতিরক্ষা উপদেষ্টা, সেনাবাহিনী ও বিমান বাহিনী প্রধান এবং সশস্ত্র বাহিনী বিভাগের প্রিন্সিপাল স্টাফ অফিসার উপস্থিত ছিলেন।
মুক্তিযুদ্ধ ও গণতান্ত্রিক আন্দোলনের শহীদদের স্মরণ
নির্বাচনী পর্ষদে দেওয়া বক্তব্যের শুরুতেই প্রধানমন্ত্রী মহান স্বাধীনতার ঘোষক, বীর মুক্তিযোদ্ধা শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান এবং সাবেক প্রধানমন্ত্রী দেশনেত্রী মরহুমা বেগম খালেদা জিয়াকে স্মরণ করেন।

তিনি ১৯৭১ সালে বাংলাদেশের স্বাধীনতা অর্জনের যুদ্ধে আত্মদানকারী সব শহীদ, ২০২৪ সালে দেশ ও জনগণের স্বাধীনতা রক্ষায় বীর ছাত্র-জনতার গণঅভ্যুত্থানের শহীদ এবং ১৯৭১ থেকে ২০২৪ সাল পর্যন্ত বিভিন্ন সময়ে দেশে গণতন্ত্র ও মানুষের অধিকার প্রতিষ্ঠার আন্দোলনে হতাহতদের অবদানের কথা কৃতজ্ঞচিত্তে স্মরণ করেন।

এ ছাড়া স্বাধীনতাযুদ্ধে অংশ নেওয়া শহীদ, যুদ্ধাহত ও বীর মুক্তিযোদ্ধা এবং সশস্ত্র বাহিনীর—বিশেষ করে নৌ ও বিমান বাহিনীর—শহীদ ও বীর সেনানীদের আত্মত্যাগের প্রতিও শ্রদ্ধা জানান প্রধানমন্ত্রী।

‘যোগ্যতাই হোক পদোন্নতির প্রধান মাপকাঠি’  :  পদোন্নতির ক্ষেত্রে রাজনৈতিক মতাদর্শ কিংবা ব্যক্তিগত পছন্দ-অপছন্দ যেন কোনোভাবেই প্রভাব বিস্তার না করে, সে বিষয়ে নির্বাচনী পর্ষদের সদস্যদের সুস্পষ্ট নির্দেশনা দেন প্রধানমন্ত্রী।

তিনি কর্মকর্তাদের পেশাগত দক্ষতা, নেতৃত্বের গুণাবলি, শৃঙ্খলার মান, সততা, বিশ্বস্ততা ও আনুগত্য এবং সর্বোপরি নিযুক্তিগত উপযুক্ততার ওপর গুরুত্ব দেওয়ার নির্দেশ দেন।
প্রধানমন্ত্রী বলেন, দেশের স্বাধীনতা ও সার্বভৌমত্ব রক্ষার পাশাপাশি অভ্যন্তরীণ শান্তি-শৃঙ্খলা, স্থিতিশীলতা বজায় রাখা এবং বিভিন্ন দুর্যোগ মোকাবিলায় বেসামরিক প্রশাসনকে সহায়তা করতে বাংলাদেশ নৌ ও বিমান বাহিনী গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে আসছে।

দেশের প্রয়োজনে নৌ ও বিমান বাহিনীর সদস্যদের এই ত্যাগ ও দায়িত্ব পালনের জন্য নৌ ও বিমান বাহিনী প্রধানসহ বাহিনীর সব সদস্যকে আন্তরিক ধন্যবাদ জানান তিনি।

আকাশ প্রতিরক্ষা ব্যবস্থায় নতুন সক্ষমতা   :  নির্বাচনী পর্ষদের উদ্বোধনের পর বিমান বাহিনীর গুরুত্বপূর্ণ অপারেশনাল স্থাপনা পরিদর্শনে যান প্রধানমন্ত্রী।

পরিদর্শনের শুরুতে ঢাকা সেনানিবাসে অবস্থিত আকাশ প্রতিরক্ষা পরিচালন কেন্দ্র (ADOC)-এ স্থাপিত এয়ার ডিফেন্স সিস্টেম ইন্টিগ্রেশন (ADSI)-এর উদ্বোধনী স্মারক ফলক উন্মোচন করেন তিনি।

এরপর নবউদ্বোধিত ADSI-এর বিভিন্ন আকাশ প্রতিরক্ষা কার্যক্রম সরেজমিনে পরিদর্শন করেন প্রধানমন্ত্রী।। পরে তিনি বিমান বাহিনীর এয়ার কমান্ড অপারেশন সেন্টার (ACOC) পরিদর্শন করেন। সেখানে Digital Large Display-এর মাধ্যমে বিমান বাহিনীর যুদ্ধবিমান দিয়ে শত্রুবিমান Interception এবং চট্টগ্রাম থেকে UAV (Unmanned Aerial Vehicle)-এর Live Feed ব্যবহার করে হেলিকপ্টারের মাধ্যমে Troops Insertion কার্যক্রম প্রত্যক্ষ করেন।

এই প্রদর্শনের মধ্য দিয়ে বিমান বাহিনীর আধুনিক যুদ্ধ পরিচালনা, নজরদারি ও দ্রুত প্রতিক্রিয়া সক্ষমতার বিভিন্ন দিক প্রধানমন্ত্রীর সামনে তুলে ধরা হয়।

দেশীয় প্রযুক্তিতে ড্রোন—আত্মনির্ভরতার নতুন দিগন্ত  : পরিদর্শনের পর প্রধানমন্ত্রী যান বিমান বাহিনীর এ্যারোস্পেস রিসার্চ অ্যান্ড ডেভেলপমেন্ট কমপ্লেক্স (ARDC)-এ। সেখানে তিনি বিভিন্ন গবেষণা ও উন্নয়ন কার্যক্রম সরেজমিনে প্রত্যক্ষ করেন।
এ সময় বাংলাদেশ বিমান বাহিনীর নিজস্ব সক্ষমতায় প্রস্তুতকৃত বিভিন্ন ধরনের Indigenous UAV প্রদর্শন করা হয়। প্রদর্শিত প্রযুক্তির মধ্যে ছিল Drone, Kamikaze Drone, Interceptor Drone ও VTOL। প্রধানমন্ত্রী সেখানে একটি কোয়াডকপ্টারের উড্ডয়নও প্রত্যক্ষ করেন।

বিমান বাহিনীর নিজস্ব প্রযুক্তিগত সক্ষমতায় এ ধরনের আধুনিক উড্ডয়ন ব্যবস্থা তৈরি দেশের প্রতিরক্ষা গবেষণা, উদ্ভাবন ও প্রযুক্তিগত আত্মনির্ভরতার ক্ষেত্রে গুরুত্বপূর্ণ অগ্রগতি—এমন আশাবাদ ব্যক্ত করেন প্রধানমন্ত্রী।

আধুনিকায়নের বার্তা  :  একই দিনে একদিকে নৌ ও বিমান বাহিনীর কর্মকর্তাদের পদোন্নতির ক্ষেত্রে পেশাগত যোগ্যতা ও নৈতিকতার ওপর গুরুত্বারোপ, অন্যদিকে আকাশ প্রতিরক্ষা ব্যবস্থা, যুদ্ধ পরিচালনা কেন্দ্র এবং দেশীয় প্রযুক্তিতে তৈরি UAV-এর সক্ষমতা প্রত্যক্ষ করার মধ্য দিয়ে প্রতিরক্ষা ব্যবস্থার আধুনিকায়ন ও পেশাদারিত্বের ওপর সরকারের গুরুত্বের বিষয়টি স্পষ্ট হয়েছে।

“নৌবাহিনী ও বিমান বাহিনী নির্বাচনী পর্ষদ-২০২৬’-এর উদ্বোধন এবং অপারেশনাল স্থাপনা পরিদর্শনের সময় প্রধানমন্ত্রীর প্রতিরক্ষা উপদেষ্টা, নৌ ও বিমান বাহিনী প্রধান, সশস্ত্র বাহিনী বিভাগের প্রিন্সিপাল স্টাফ অফিসার, প্রতিরক্ষা সচিবসহ সশস্ত্র বাহিনীর ঊর্ধ্বতন কর্মকর্তারা উপস্থিত ছিলেন। (তথ্য সুত্র ও ছবি :আই. এস পি.আর).।

👁️ 507 News Views

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *