
নিজস্ব প্রতিবেদক, : রাজশাহী সেনানিবাসে বাংলাদেশ ইনফ্যান্ট্রি রেজিমেন্ট (বীর)-এর ২১তম বাৎসরিক অধিনায়ক সম্মেলন-২০২৬ অনুষ্ঠিত হয়েছে। সোমবার (২৪ আগস্ট) বাংলাদেশ ইনফ্যান্ট্রি রেজিমেন্টাল সেন্টার (বিআইআরসি)-এর শহীদ নকীব হলে আয়োজিত এ সম্মেলনে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সেনাবাহিনী প্রধান জেনারেল ওয়াকার-উজ-জামান, এসবিপি, ওএসপি, এসজিপি, পিএসসি।

সেনাবাহিনী প্রধান বিআইআরসি সম্মেলন কক্ষে পৌঁছালে তাঁকে ভারপ্রাপ্ত জিওসি, আর্মি ট্রেনিং অ্যান্ড ডকট্রিন কমান্ড (আর্টডক); কমান্ড্যান্ট, বাংলাদেশ ইনফ্যান্ট্রি রেজিমেন্টাল সেন্টার; জিওসি, ১১ পদাতিক ডিভিশন ও এরিয়া কমান্ডার, বগুড়া এরিয়া অভ্যর্থনা জানান।
সম্মেলনে বাংলাদেশ ইনফ্যান্ট্রি রেজিমেন্টের বিভিন্ন ইউনিটের অধিনায়করা অংশ নেন। এ সময় সেনাবাহিনী প্রধান অংশগ্রহণকারী অধিনায়কগণের সঙ্গে মতবিনিময় করেন এবং বাংলাদেশ ইনফ্যান্ট্রি রেজিমেন্টের সদস্যদের দেশমাতৃকার সেবায় নিষ্ঠা, পেশাদারিত্ব ও দায়িত্বশীলতার সঙ্গে কাজ করে যাওয়ার নির্দেশনা দেন।


মতবিনিময়কালে সেনাবাহিনী প্রধান আশাবাদ ব্যক্ত করেন, বাংলাদেশ ইনফ্যান্ট্রি রেজিমেন্টের ইউনিটসমূহ বাংলাদেশ সেনাবাহিনীর পদাতিক বাহিনীর মেরুদণ্ড হিসেবে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করবে। একই সঙ্গে তিনি বাংলাদেশ ইনফ্যান্ট্রি রেজিমেন্টের বিভিন্ন প্রশিক্ষণ ও প্রশাসনিক কার্যক্রমের ভূয়সী প্রশংসা করেন।

সেনাবাহিনী প্রধানের বক্তব্যে প্রশিক্ষণের মানোন্নয়ন, পেশাগত দক্ষতা বৃদ্ধি এবং দায়িত্ব পালনে শৃঙ্খলা ও নিষ্ঠার ওপর বিশেষ গুরুত্ব উঠে আসে। সম্মেলনটি বাংলাদেশ ইনফ্যান্ট্রি রেজিমেন্টের বর্তমান কার্যক্রম পর্যালোচনা এবং ভবিষ্যৎ কর্মকৌশল নিয়ে সংশ্লিষ্টদের মধ্যে মতবিনিময়ের একটি গুরুত্বপূর্ণ প্ল্যাটফর্ম হিসেবে অনুষ্ঠিত হয়।

অনুষ্ঠানে ভারপ্রাপ্ত জিওসি, আর্টডক; কমান্ড্যান্ট, ইবিআরসি; সেনাবাহিনীর অ্যাডজুটেন্ট জেনারেল; সেনাবাহিনীর সামরিক সচিব; কমান্ড্যান্ট, বিআইআরসি; জিওসি, ১১ পদাতিক ডিভিশন ও এরিয়া কমান্ডার, বগুড়া এরিয়া; কমান্ড্যান্ট, এসআইঅ্যান্ডটি; সেনাসদর ও সংশ্লিষ্ট এলাকার ঊর্ধ্বতন কর্মকর্তারা উপস্থিত ছিলেন।
এ ছাড়া বাংলাদেশ ইনফ্যান্ট্রি রেজিমেন্টের বিভিন্ন ইউনিটের অধিনায়ক এবং বিভিন্ন সংস্থার সেনাসদস্যরাও সম্মেলনে অংশ নেন।

বাংলাদেশ সেনাবাহিনীর অন্যতম গুরুত্বপূর্ণ পদাতিক উপাদান হিসেবে বাংলাদেশ ইনফ্যান্ট্রি রেজিমেন্টের পেশাগত সক্ষমতা, প্রশিক্ষণ ও সাংগঠনিক কার্যক্রমকে আরও গতিশীল করার প্রত্যয় ব্যক্ত করার মধ্য দিয়ে এবারের বাৎসরিক অধিনায়ক সম্মেলন অনুষ্ঠিত হয়।
