
মোঃ ইব্রাহিম আলী,সিংড়া (নাটোর) : নাটোরের সিংড়া উপজেলার ডাহিয়া ইউনিয়নের বড়গ্রাম বাজারে অভিযান চালিয়ে চার ব্যবসায়ীর কাছ থেকে ২৬১ বস্তা সার জব্দ করা হয়েছে। অবৈধভাবে সার মজুত ও উচ্চ মূল্যে বিক্রির অপরাধে চার ব্যবসায়ীকে মোট ৮০ হাজার টাকা অর্থদণ্ড দেওয়া হয়েছে।

এছাড়া দুই ব্যবসায়ীকে ৭ দিনের বিনাশ্রম কারাদণ্ড দেওয়া হয়েছে।মঙ্গলবার (৮ সেপ্টেম্বর) রাতে সিংড়া উপজেলা সহকারী কমিশনার (ভূমি) নিশাত আন্জুমের নেতৃত্বে বড়গ্রাম বাজারে এ অভিযান পরিচালনা করা হয়।
অভিযানে ব্যবসায়ী সোহেলের দোকান থেকে ৮ বস্তা সার জব্দ করা হয়। এ অপরাধে তাকে ১০ হাজার টাকা অর্থদণ্ড দেওয়া হয়।

আব্দুস সালামের কাছ থেকে ৫৩ বস্তা সার জব্দ করা হয় এবং তাকে ২০ হাজার টাকা অর্থদণ্ড দেওয়া হয়।অন্যদিকে, আবুল হাসেমের দোকান থেকে ৫৩ বস্তা সার জব্দ করা হয়। তাকে ২০ হাজার টাকা অর্থদণ্ডের পাশাপাশি ৭ দিনের বিনাশ্রম কারাদণ্ড দেওয়া হয়েছে।এছাড়া মোবারকের কাছ থেকে সর্বোচ্চ ১৪৭ বস্তা সার জব্দ করা হয়। তাকে ৩০ হাজার টাকা অর্থদণ্ড ও ৭ দিনের বিনাশ্রম কারাদণ্ড দেওয়া হয়েছে।

অভিযানে অবৈধভাবে সার মজুত ও উচ্চ মূল্যে বিক্রির অভিযোগে সার ব্যবস্থাপনা আইন, ২০০৬-এর ধারা ১২ এবং ভোক্তা অধিকার সংরক্ষণ আইন, ২০০৯-এর ধারা ৪০ অনুযায়ী এসব ব্যবস্থা নেওয়া হয়।অভিযানে মোট ২৬১ বস্তা সার জব্দ এবং চার ব্যবসায়ীকে ৮০ হাজার টাকা জরিমানা করা হয়।
একই সঙ্গে দুই ব্যবসায়ীকে কারাদণ্ড দেওয়ায় এলাকায় অবৈধভাবে সার মজুত ও কৃত্রিম সংকট তৈরির বিরুদ্ধে প্রশাসনের কঠোর অবস্থানের বিষয়টি স্পষ্ট হয়েছে।স্থানীয়রা জানান, সার নিয়ে অনিয়ম, অবৈধ মজুত ও কৃত্রিম সংকট ঠেকাতে শুধু বড়গ্রাম বাজারে নয়, সিংড়া উপজেলার প্রতিটি ইউনিয়নে নিয়মিত অভিযান পরিচালনা করা প্রয়োজন।
নিয়মিত তদারকি ও আইনগত ব্যবস্থা নেওয়া হলে অবৈধ মজুতের প্রবণতা কমার পাশাপাশি কৃষকরা ন্যায্যমূল্যে প্রয়োজনীয় সার সংগ্রহ করতে পারবেন।স্থানীয়দের প্রত্যাশা, কৃষি মৌসুমে সারের সরবরাহ ও মূল্য নিয়ন্ত্রণে প্রশাসনের এ ধরনের অভিযান আরও জোরদার করা হবে।
