
আরমান হোসেন রাজু, (রংপুর) : নীলফামারীর সৈয়দপুরে এক তরুণীর ছবি এডিট করে সামাজিক যোগাযোগমাধ্যম ফেসবুকে আপত্তিকরভাবে ছড়িয়ে দেওয়ার অভিযোগে একই পরিবারের তিন সদস্যকে গ্রেপ্তার করেছে পুলিশ।

সোমবার (১৪ সেপ্টেম্বর) রাতে শহরের নিচুকলোনী সাহেবপাড়া এলাকা থেকে তাদের গ্রেপ্তার করা হয়। মঙ্গলবার (১৪ সেপ্টেম্বর) দুপুরে বিষয়টি নিশ্চিত করেছেন সৈয়দপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) রেজাউল করিম রেজা।
পুলিশের অভিযানে গ্রেপ্তারকৃতরা হলেন—শহরের নিচুকলোনী সাহেবপাড়া এলাকার কামাল আলীর ছোট ছেলে সুজন মিয়া (২৫), মেজো ছেলে সাকির রানা (৩০) এবং সাকির রানার স্ত্রী মাহিমা ইসলাম শাম্মী (২৫)।

ভুক্তভোগী তরুণীর পরিবার ও মামলার এজাহার সূত্রে জানা যায়, সুজন মিয়া দীর্ঘদিন ধরে ওই তরুণীকে প্রেমের প্রস্তাব দিয়ে আসছিলেন। একপর্যায়ে তিনি তরুণীকে নানাভাবে প্ররোচিত করে গোপনে বিয়ে করেন। বিষয়টি তরুণীর পরিবার জানতে পারলে পরবর্তীতে পারিবারিকভাবে বিষয়টি মীমাংসার উদ্যোগ নেওয়া হয়।

এরই ধারাবাহিকতায় সুজনের পরিবারের সদস্যরা তরুণীকে দেখতে তাদের বাড়িতে যান এবং সেখানে তরুণীর ছবি তোলেন। পরবর্তীতে সেই ছবি প্রযুক্তির মাধ্যমে এডিট করে বিকৃত ও আপত্তিকর রূপ দিয়ে সামাজিক যোগাযোগমাধ্যম ফেসবুকে ছড়িয়ে দেওয়ার অভিযোগ ওঠে তাদের বিরুদ্ধে।
ছবি ছড়ানোর ঘটনাটি নজরে আসার পর ভুক্তভোগী তরুণীর বাবা বাদী হয়ে সৈয়দপুর থানায় একটি লিখিত এজাহার দায়ের করেন। মামলাটি নথিভুক্ত হওয়ার পরপরই পুলিশ অভিযান চালিয়ে অভিযুক্ত তিনজনকে গ্রেপ্তার করে।
ঘটনার সত্যতা নিশ্চিত করে সৈয়দপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) রেজাউল করিম রেজা জানান, “সামাজিক যোগাযোগমাধ্যমে তরুণীর ছবি এডিট করে আপত্তিকরভাবে ছড়িয়ে দেওয়ার সুনির্দিষ্ট অভিযোগে একটি মামলা দায়ের করা হয়েছে। পুলিশ অভিযান চালিয়ে গতকাল রাতে জড়িত তিনজনকে গ্রেপ্তার করেছে। আজ (মঙ্গলবার) তাদের বিজ্ঞ আদালতের মাধ্যমে জেলহাজতে প্রেরণ করা হয়েছে।”
